![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৫১ |
মন্তাজ
সেই যেবার একটা মশা জেরক্স হয়ে গিয়েছিল! সে কেমন আলো যাতে ছায়া পড়ে না? সে আলো আলোই নয় যাতে ভালো করে ছায়া পড়ে না। পড়েছিল। মশার ছায়া নাকি তার শরীর? ছায়াশরীরের কি রক্ত হয়, নাকি ছায়ারক্ত? সে রক্ত কি লেগেছিল সাদাপাতায়? কালো অক্ষরের কোণে ঘনকৃষ্ণ শোণিত হয়ে চেপ্টে থাকা মশার শরীর। রক্তাক্ষরের ভিতর থেকে হাতপা গজিয়ে উঠছিল। তারপর অনেকগুলো বছর কেটে গেছে।
একটা লেখার যে পিডিএফ অনলাইন পাওয়া যাচ্ছিল তার মার্জিনে পেন দিয়ে কোন এক সিরিয়াস পাঠক নানা মন্তব্য লিখে রেখেছে, প্রশ্ন করেছে। সে কে তা হয়ত কোনোদিন জানা যাবে না কিন্তু অনেক বছর ধরে ইন্টারনেটে বিখ্যাত লেখার ঐ টিপ্পনী করা ভারশান ঘুরঘুর করছে। সবাই পড়ছে কিন্তু যা পড়ছে তা আগে পড়া একলেখা। সে পড়বার ইতিহাস ধরা পড়ে গেছে পিডিএফে। সবপাঠ সেই প্রথম পাঠের ঘাড়ের উপর চলছে অথচ কেউ জানে না সে পাঠক কে। সে নিশ্চই আদতে লেখাটির প্রথম পাঠক নয় অথচ তার এক প্রাথমিকতা জন্মে গেছে বৈকি। সে পাঠক কোথায়? সে কি আদৌ বেঁচে আছে নাকি অনেক বছর আগেকার মশার মত জেরক্সমেশিনে পিষে গেছে?
তারপর অনেকগুলো বছর কেটে গেছে। পেজ টু স্ক্রিন। সিনেমা দেখতে এসে দ্বিতীয়ার্ধে বারবার স্ক্রিনের উপর হাল্কা ছোটছায়া দেখা যাচ্ছে। সে কেমন আলো যাতে ছায়া পড়ে না? সে আলো আলোই নয় যাতে ভালো করে ছায়া পড়ে না। ছায়াটা নড়ছে। মাঝেমাঝে স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছে, তারপর আবার ফিরে আসছে। গোল-গোল ঘোরা থেকে বুঝতে অসুবিধা হচ্ছে না ও কার ছায়া। নির্ঘাত প্রোজেকশন রুমে ছোট মাকড়শা ঢুকেছে। আলোর দ্বারা আকৃষ্ট হয়ে ঘুরঘুর করছে লেন্সের উপর আর তাই দৃশ্যের গভীরে ছায়াঘূর্ণন। মাকড়শার ছায়া সিনেমার দৃশ্যে রেখাপাত করছে কিনা বোঝা দায়, কিন্তু হঠাৎ আবার অনেকগুলো বছর কেটে গেল।
প্রিয়গান অথচ তার একটা লাইনের শেষশব্দ যে আসলে কি তা দু’দশকেও নিশ্চিত করে বোঝা যায়নি। লিরিক্স দেখলেও বিশ্বাস হয়নি। মনে হয়, না অন্যটাও হতে পারে।
“হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ
পায় খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর”
শেষ শব্দ কি ‘শহর’ নাকি ‘সহজ’? ঝাপসা চোখে দেখা এই সহজ। দিব্বি মানে হচ্ছে। সত্যি বলতে কি, আরো ভালো মানে হচ্ছে। ভুল শোনা ব্যঞ্জনা অন্তরঙ্গ হয়ে উঠেছে দুদশক ধরে। ঝাপসা চোখে দেখা সত্যি সহজ। চোখ ভালো করে খুলতে পারলে যা দেখা যায় তা আর দেখতে ইচ্ছে করে কই? তাই ঝাপসা চোখ শ্রেয়। সে কেমন আলো যাতে ছায়া পড়ে না? সে আলো আলোই নয় যাতে ভালো করে ছায়া পড়ে না। জেরক্স হয়ে যাওয়া মশা, অজানা মন্তব্যকারী পাঠক আর বহাল তবিয়তে ঘুরঘুর করতে থাকা মাকড়শা! কয়েকবছর পর পর।
হে প্রতিলিপি, এসো আমরা দুজন লতায় পাতায় লিপি হয়ে উঠি!

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন