কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রীনা ভৌমিক

 

কবিতার কালিমাটি ১৬২

 

 

মরীচিকা 

সন্ধ্যা নামল বলে অন্ধকারে গাছ

জোনাকির বালিশ বিছায়

 

ভোর থেকে থরে থরে আকুতি মেখে

শব্দ-গন্ধ-ঘাম স্পর্শের

পাখিটির খোঁজ;

শূন্য ভিক্ষাপাত্র অবেলা সাজায়

 

স্বপ্নের চূড়ায় ব্যর্থ গান ভেঙে ভেঙে

তীব্র গিরিখাদ

আকণ্ঠ তৃষ্ণায় জল খুঁজে খুঁজে

সেই সে পাগল

 

ভাগ্যরেখায় বসে চুল ছেঁড়ে

সময় ফুরায়

 

এবার ঘুমোতে যেতে হবে...

 

নিঃস্ব ডানার ভোর

একটা ভোর ভাঙছে লালে নারেঙ্গিতে

রঙেরা আলোয় দিনলিপি লিখে যায়

পাখিদের পাখায়:

আমার চশমা-ঘষা চোখ নীল দেখে

 

আমিও উড়তে চেয়েছি জানো,

ডানায় আলোর গন্ধ মেখে

সেই কবেকার কথা যেন

 

কবে যে খাঁচার ভালোবাসা

আমাকে নিঃস্ব করে গেল...

 

ভালোবাসা বলে কিচ্ছুটি নেই

ভালোবাসা বলে কিচ্ছুটি নেই:

একটা তৃষ্ণা শুধু ক্যানভাস কাদা করে,

ক্লাসিক বা অ্যাবস্ট্রাক্ট রঙে

 

শরীর দোলন-প্রবণ

মৃদু বা ঝড়ো হাওয়া কিছু একটা

চাই তার

 

ভাবনা নিয়ে খেলা করে

আত্মঘাতী রোদে...

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন