এসো চির আকাঙিক্ষত প্রিয়বন্ধু চন্দ্রবোড়া সাপ
কিম্বা এন্টিনিউরোপ্যাথিক পেইন
আমি একটা ভীতু লোক; পায়ের তলায় ভূমিকম্প স্কেলে নয় দশমিক ছয়। কাদের দেখতে আমায় দেখে ফেলেছে একটা প্রাজ্ঞ দাঁড়কাক, কয়েকটা গাঙ্গেয় চিল। এসো চির আকাঙিক্ষত প্রিয়বন্ধু চন্দ্রবোড়া সাপ, অদৃশ্য ফণা উঁচিয়ে। চলো ক্যারাম খেলি। অশ্বত্থ গাছে নীচে জায়নামাজ ফেলে চোখের জল মুছতে গ্যাছে মরহুম ছাদিয়া বেগমের বড় ছাওয়াল। আমাদের পায়ের তলায় ক্রমাগত ধূসর বাংলার মাটি। মাথার ওপর দিয়ে উড়ে যায় বিংশ শতাব্দীর কবুতরেরা। খেলার গুটির ভরবেগে ছায়া পড়ে কার ভগ্নাংশের। কী কী বই কিনবো না বলো চিৎকার থামিয়ে। কী কী বই পড়বো বলো শান্ত হয়ে বসে জানালার ধারে বৃষ্টিপাত দ্যাখো প্রিয়বন্ধু চন্দ্রবোড়া, চলো কুয়োতলায় তোমার উদ্দেশ্য ব্যাঙ, দেখাবো তোমায় অমাবস্যার আন্ধারে জল উঠে এসেছে পৃথিবীতে। তোমার কেঁতোমির সুযোগ নিয়ে শেষ কথা বলে গ্যালো একটা কোলা ব্যাঙ। ওদের তর্ক শুনলে মনে হবে ইউরোপে আছি আর আমার স্টুডেন্ট ভিসা চুরি গ্যাছে কাফকার শহরে। আমি একটা ভীতু লোক, ভয়ের চুল্লির ধোঁয়ায় দীপ্যমান পশ্চিমা সূর্য্যের ছায়ায় আমার মাথা হেঁট হয়ে আসছে দামোদর উপত্যকায় নদী কত বিপদসীমাই না টপকে এলো কাছে, প্রিয় চন্দ্রবোড়া আমার স্নায়ু খলবলিয়ে বয়ে আসছে ভয়ের তারবার্তা! ঝমঝম বৃষ্টিমুখর ট্রপিক্যাল অঞ্চলে আমাদের মানসিক অবসাদে জল জমে আছে আমাদের প্রত্যাহিক সকালে, টুথব্রাশের কৌটোয়, কলমি শাকের বাগানে; আমায় কিছু সুডৌল ডিম দাও, দাও ছানা সাপ, বালুর ট্রাকে ওরা ইল্লিগ্যাল মাইগ্রান্ট কেঁউটেদের ইকোসিস্টেমে, কলকেতা শহরে। তোমার ভয় ফুরোবার নয়, আমার ভয় ফুরোবার নয়, কলকেতার ভয় ফুরোবার নয়, আদ্ধেক জানার নেশা ফুরোবার নয়, সবকিছু জেনে ফেলবার নয়। চুপ চুপ চুপ চারপাশে দেখে নাও জানালা, দরজা, কুলুঙ্গি, মোষের খাটাল, আর কাউকে না বলার শর্তে শিখেছিলাম এ কৌশল ভোর ভোর কারুর কাঁচাঘুম ভাঙিয়ে পাচার কোরো এই টেকনোলজি; জানবে বিরক্তি থামবার নয়, ভোরবেলার ঘুম ভাঙবার নয়, আমাদের ওজন কমবার নয়, আর প্রতিশ্রুতি মনে রাখার নয়। কামড়ে নিয়ন্ত্রণ আনলে তুমিই অব্যর্থ এন্টিনিউরোপ্যাথিক পেইন। তবুও তোমায় প্রিয় বানিয়েছি চন্দ্রবোড়া। ষড়যন্ত্র বোঝবার কৈবল্য জানলে স্থাপত্যের কল্পনায় টিকিট কাটবার দালাল ধরতে হতো না! বরং শহুরে বাবুবিবিদের নেমন্তন্ন করো বাংলার ঘাটেবাটে আঁদাড়েপাঁদাড়ে; তারা দেখে যাক বিষ দেওয়া ধানক্ষেত, হরমোনমারা মুরগি, দুপুর বেলায় ভ্যাজানো নাচদুয়ার, বাকুলে লাল ঝরতে থাকা ভুলো কুকুরের দল; টুপাইস ইনকাম আমাদের প্রত্যাহিকতায়। আমগাছে বকুল এসেছে, তেঁতুল গাছের কোটরে পাখির ডিম চুরি করতে ঢুকেছে একটা ছয়ফুটিয়া ঢ্যামনা সাপ; আমার থেকে দূরে বসো প্রিয় চন্দ্রবোড়া, তোমার ভয়ে আমার হাত পড়ে যেতে পারে! আমি একটা ভীতু লোক মাস, বচ্ছর, সন্ধ্যা চলে গ্যালো ভয় পেতে তবু দুদন্ড ঘুম এলো না! ওই রাস্তার ডান লাই। শৈশবস্মৃতির জল ও স্রোত দিয়ে ধাবমান লাল কাঁকড়ার দল থেকে বিক্ষিপ্ত ভাবে ইঁট পড়ছে শহরের বাম দিকে তাদের স্লোগান শুনে উড়ে গ্যালো যমদূতেরা। পুড়ে যাচ্ছে প্রাচীন শ্যাওড়া গাছ। চন্দ্রবোড়া, পৃথিবী অভিশপ্ত আছে বজ্রপাত, বন্যা আছে,বৃষ্টি লাই, সব আমাদের শৈশবের এলবামে জ্বলজ্বলে মোমবাতি। কমই বলছি মাথা উপচে কথা বেরিয়ে আসছে ডিভিসির ক্যানালে ধরো লইট্যা, পুঁটি। কতবেলের গাছের ছায়ায় কুষ্ঠরোগীর প্রেতের মত মেঘের তলায় র্যাপ গাইছে মাধ্যমিকের ছাত্ররা, তাদের আজ রেইনি ডে। গোলাপী হতে গিয়ে প্রলয়ের নিদারুণ বজ্রপাত কালো করে দিলো বটগাছের প্রিয় অশ্বত্থগাছকে। হাঁটু গেড়ে বসো দোস্ত চন্দ্রবোড়া আমাদের পাশদিয়ে জলের স্রোত দিয়ে, জমি দিয়ে, বাদাড় দিয়ে ভেসে যাচ্ছে স্যানিটারি ন্যাপকিনের নৌবহর ; হাপুস ভিজে জায়নামাজ ফেরত নিয়ে যাচ্ছে বড় ছাওয়াল রজব আলি, এত ঝিমানো ওয়েদারে সে দেয়াশলাই বাক্স ভুলতেই তিনদিনের ভবিষ্যৎ বলে বৃষ্টি শুরু হলো। আমি একটা ভীতু লোক- আমায় খেয়ে নিয়েছে বাড়ীর লোক, থানার মেজবাবু, আমার বন্ধুরা, এত খিদে থাকতে আমায় আর স্পর্শ করো না ডিয়ার ফ্রেন্ড, সব মাটি জলে ধুয়ে যাচ্ছে আমার ভয়ের গোড়া থেকে। চন্দ্রবোড়া, হাঁটু না থাকতেও হাঁটু গেড়ে বসার অস্বস্তি তোমার তার চেয়েও গুরুত্বপূর্ণ এই সান্দ্র জল ঠেকানো, তার চেয়েও গুরুত্বপূর্ণ এই বজ্রপাত দেখো আকাশ গাইছে চমৎকার মাম্বেল র্যাপ। মাথা তুলিনি জানি না আমার ভয় জলে, না শব্দে, না সাপে, নাকি সেই লিখতে, গন্ধ পাচ্ছি চাউমিন ভাজার! চোখে আপেল বাগানের সুরভী নিয়ে রজব কাদের পুকুর ঘাটে স্নান দেখতে গ্যাছে জায়নামাজ ফেলে, ছুট দিয়েছে তার পোয়াতি গাই দিগন্তের কক্ষপথ ধরে। ওর ভয় লাই নাকি যন্ত্রণা চিনতে পারেনি ওর রাস্তা কেটে যাক আমাদের সবকটা পোষা বিড়াল। পরশু সকালে তাদের সাথে জনরাহীন আলাপে যাবো ততক্ষণে ভয় কাটাবার অংকে ভুল শুধরে নিই তোমার থেকে ওর থেকে নিষ্কৃতি পেতে চাই না খালি নিরুপায় এ জীবন বেঁচে যেতে দেখে কেউ হাসলে বলো গত পরশু বজ্রপাতে আমি মারা গেছি। আমাদের দেখে ক্লান্ত হয়ে হয়ে সূর্য্যের ওপর ওই ধূসর বর্ণের ফয়েল বর্ষাতি বলে ভুল, শিয়ালদা থেকে কারা মড়াখেগোগুলো পাতা খেতে খেতে অসহ্য ধুঁয়া ধূলোর মাঝে ওই পৃথিবীর পাশ দিয়ে ট্রেনলাইন, ফয়েলে আগুনে জল পড়েছে বলে কারা ট্রেন আটকে দিয়েছে রেলমন্ত্রক থেকে ঘোষণা দেওয়া হলো বর্ষাকালের; ওই যে উড্ডীন পাখি সুস্বাদু মাংসের দোকান আরো ফটোজেনিক হয়ে ওঠার কালে টিপিস টিপিস বৃষ্টি, ম্যাগো বাড়ীর বাইরে পা দিলেই পা ঢেকে যাবে কাদামাটিতে, রজব আলির মনে পড়েছে তার গোরুটা বিয়ানোর দিন আজ অথচ তার বিড়ি শেষ হচ্ছে না ধুঁয়ার আশঙ্কায় সবুর করতে করতে সে না একটা বাবলা গাছ হয়ে যায়, চন্দ্রবোড়া, শোনো পৃথিবী পয়দা হয়েছে সাপহীন হয়ে, পৃথিবী ফুটেও যাবে সাপহীন হয়ে। একটা সুদৃশ্য কলম কিনলাম, মহুয়া, তোমায় বলার কথাগুলো বৃষ্টিতে ধুয়ে বেরিয়ে যাবার আগে টুকে রাখি গে, লেখক হবার সাধ এ কাঠামোয় মিটলো না, ভয় ভুলবার কেতা এ কাঠামোয় শেখা হলো না এখন নাকে আসছে চাউমিনের গন্ধ, মহুয়া, আমি তেল খাওয়া ছেড়ে দিয়েছি পরশু রাত্রে প্যাঁচা ডাকবার পরপরই। এখন বন্ধুদের থালায় লোভ দেবো, এতো ফ্যানা কোত্থেকে এলো, এ ধরিত্রীকে সাবান জলে স্নান করিয়ে দিচ্ছে কোন পর্ণস্টার? ও চাঁদ তুমি এতো পাশে পাশে ঘোরো শ্রাবণ পূর্ণিমায় তুফান ছোটালে মদনজলে, এই বৃষ্টি দিনে ওই মেঘলা দিনে জেলাস লাগে না? আমরা নয় গুলি খাওয়ার জন্যে রাষ্ট্র বানিয়েছি, আমরা গুলি খাওয়ার জন্যে রাষ্ট্রবিরোধী গিটার বাজিয়েছি, ইনজাস্টিস ফাক, ইনজাস্টিস সেই সিঙ্গুলার শব্দই আমাদের ভাগবৎজ্ঞান। গুরু, একটা ভয়েজার দেখলে বেরিয়ে যাবো সূর্য্যের দিকে, ওসব তামা, টামা, লোহা, গোটা পিরিওডিক টেবিল আমার ঠোঁটের আগায়।তোমার খোলস কত ডিগ্রিতে বায়ু হয়ে যায়, চন্দ্রবোড়া? বিদায় ডুয়ার্সের নদী, মেহগনি হাছের কাঠবিড়ালী, ধনেশ পাখি, রাষ্ট্রগান, স্বাধীনতা দিবস, সেলফ লার্নিং এলগোরিদম, বিদায়। বেরিয়ে গেলাম কক্ষপথ থেকে। সেপিয়া ও আন্ধারে পাড়ায় ঢুকতেই স্বাগত জানালো মনসাদের ডোবা থেকে উঠে আসা একটা তাজা কই মাছ। প্রতিউত্তর দিতে গিয়ে খেই হারিয়ে ফেললাম আর মৃত বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে আকাশের দিকে তাকাতে দেখি শুক্লপক্ষের চাঁদ কেটে যায় ছানাকাটা মেঘে। আমাদের পচাকাঠের নৌকায় বসে কষতে হবে নিম্নচাপের বৃষ্টির হিসাব। এই মৃত অশ্বত্থ গাছের তলায় লুকিয়েছিলাম কত অংক মেলাতে না পারবার দুঃখ। মহুয়া জানতো সে খবর, কতবার সে তার মাতাল বাপকে পথদেখিয়ে নিয়ে গেছে ওই দিকে। কাল যখন সে তার নির্লিপ্ততা নিয়ে মুখ খুললো তখন আমি তাদের রাইটিং প্যাডে লেখা মায়ের হাতের লেখা দেখছিলাম আড়াইশো বাতাসা জলে গলে বাতাস হয়ে গ্যাছে। মহুয়া যখন নীরবতা নিয়ে কথা শুরু করলো পেঁয়াজ ভাজার শব্দে বৃষ্টি হলো, বলি মহুয়া ছাড়ো, এই ডার্ক চকোলেট তোমারই জন্যে কেনা, হাওয়ায় রেখো না। আমার ছায়ার দিকে, তোমার মায়ের বয়সের দিকে হেঁটে আসছো ব্যালকনির ফুলগাছের ছায়ায় একটা বন্ধ ঘড়িও পাওয়া যেতে পারে। যারা মজে যাওয়া নদীর ব্রীজ দিয়ে রামপ্রসাদী গাইতে গাইতে চলে গ্যালো তাদের নিয়ে কথা বললে বৃষ্টি বাড়বে, চোখের জল বাঁধ ভেঙে গ্রামে ঢুকে আসবে। আগের বছর অব্দি বিষ্টি নিয়ে কত সুখের আলাপ দিলাম, তুমি ভয় পেয়ো না, চন্দ্রবোড়া, তুমি আমাদের চির আকাঙ্ক্ষিত বাস্তুতন্ত্রের মালিক, আমরা বরং সবুজায়ন নিয়ে কথা বলি, আমাদের গল্প করতে দাও, শিল্পকলা, তিমির তলপেট, কোয়ান্টাম ফিল্ড থিওরি নিয়ে অনর্গল কথা বলে যেতে দাও, চন্দ্রবোড়া, অনাবিষ্কৃত ফণার শূন্যস্থানে। অজস্র ভাগ্য বিপর্যয় পেরিয়ে আমাদের আত্মা আজ কথা বলতে বেরিয়েছে বাদলা সন্ধ্যায়, তাতে যদি ইতালিয়ান মদ লাগে, তাও সই, আর আঠারো টাকার সিগারেট; কথার ফাঁকে বাজি ধরে তুমি তুলে নিয়ে আসবে শ্মশানে সদ্য পোঁতা তুলসী গাছ। মায়ের পায়ে মাথা ঠেকিয়ে এলাম, মাগো আনন্দে ত্রিভুবন কাঁপিয়ে হাসি দাও, উল্লাসে তোমায় হামি খেয়ে নিতে পারি, জিভ কেটে নিও দাঁতে। শুধু আমাদের থামতে দিওনা৷৷ আমাদের ছোটবেলা এত গ্লুমি ছিল না; আজ ভরদুপুরে মাও পাঁচিলে ওপরে বসে আছে লক্ষীপ্যাঁচার মতো। সে ভাত খায় মাছ দিয়ে, মাংস দিলে মুখ ক্যামন করে! আমাদের ছোটবেলায় বর্ষাকালের দুপুরে আমরা যেতাম টাউন লাইব্রেরিতে। হ্যাঁচ্চো হ্যাঁচ্চো করে উল্টে দেখতাম লাহিড়ী বাবার ক্রিয়া যোগা, কিরণচাঁদ দরবেশজীর পত্রমালা। নাক মুছে পোস্টারে লেখা দেখি উচ্চতার কারণে শ্বাসবায়ুর অভাব হতে পারে। কথালাপ কঠোর ভাবে নিষিদ্ধ। আমরা বড় বড় কথা কম বলতে শিখিনি। আমাদের সত্য নিয়ে কোনো ভেঞ্চার নেই, না ভাষায় গুপ্তাভিযান, সুরের যেথায় কথা লোপাট, নেভার নেভার। লেখা ছাড়া কোনো কাজ থাকা উচিৎ না যে, অথচ আমরা লিখছিই সবচেয়ে কম! কলমের সাথে শাদা পাতার শত্রুতা নিয়ে গসিপ করেছি, কিছুতে স্মৃতি নেই হাত আর এগোয় না ক্যানো, স্মৃতি নিয়েই এত লজ্জা তর্জনীতে কে পাথর আটকে শাস্তি, শাঁখ বেজে যাচ্ছে, ওই মনে হয় বেলা গলে গ্যালো শ্রাবণি শুক্লপক্ষে অক্লান্ত ঝিঁ ঝিঁ পোকাদের আকাশপ্রদীপ জ্বালিয়ে, পোকার বড় উৎপাত, কাল ভাতের মধ্যে দেখি স্বয়ং উচ্চিংড়ে! তারপর, মহুয়া, কী কী বই পড়ছো? আমি অন্তত কাউকে না পড়তে দেওয়ার শর্তে তিনটে বড় বড় লেখা লিখছি, বন্ধুরা পড়ে জানালো এ লেখা তাদের বান্ধবীদের বুকের চেয়ে বড়, আমার আয়ুর পরেও এ লেখা থামতে না পারে! বাংলা বই আর পড়বো না প্রবন্ধ, অনুবাদ এক্সেপ্ট কবিতা। বইয়ের আলমারি আমায় হাঁ করে গিলতে আসছে, ভেবেছে অকালকুষ্মাণ্ড, নই, ধীরে ধীরে লেখাগুলো সামনে আনতে হবে, বৃষ্টি একটু ধরেছে, যাই সন্ধ্যে দিয়ে আসি
নিউরোপ্যাথিক পেইন
(১)
কী লিখবো? কোনোদিনই মাথায় আসে না কী লিখবো; কিছু মনে আসছে না অবিশ্বাস্য লাগতে পারে দু-চারটে ঘটনাও মনে নেই যে নাম পাল্টে গল্প লিখবো কোথায় গ্যালো আমার স্মৃতি গোঁজামিলের গোলাঘর! আমগাছ আপনার ফরম্যাটে তো কাঁঠাল ধরবে না, এই যে জ্ঞান আমি লাভ করলাম, চাঁদের আলোয় বলুন কোথায় হারিয়ে গ্যালো! প্রশান্ত মহাসাগর কি পৃথিবীর স্মৃতি! আমি অপেক্ষা করছি চেনা কেউ মারা যাউক ক'টা এনেকডট লিখবো, অবিচুয়ারি, বন্ধুরা এঁটো হাতে কোনোরকমে হাততালি দেবে। আমায় লিখতেই হবে নইলে এই চোখ কী পড়তে গিয়ে হাসির ইশারা দেবে, শাদা পাতা আপনি উত্তর দিন কোথায় হারিয়ে গ্যালো আমার হাতের লেখা? বন্ধু তুমি কি লেখো, মাঝে মাঝে হাত খুলতে পারো তো দেখো সামনে কত বড় মাঠ, বাড়ী বানিয়ো না ওখানে, তোমায় যে লিখতে হবে অন্তত একটা অবিচুয়ারি ধরো আমি মারা গিয়েছি কাল রাত দশটা কতয়
(২)
বন্ধু, যে বার রাত্রি তাড়াতাড়ি এসে দেরীতে যেতো; চাঁদের আলো আমাদের সতর্ক করলো ধারালো শৈত্যপ্রবাহের। আমরা দেখতাম পাহাড়চূড়ায় বরফ কীভাবে ঠিক করতে পারে মানুষের কর্তব্য। শীতের সার্চলাইট এড়িয়ে আলমারির গোপন থেকে তুমি বার করলে এক তাড়া বিড়ি, আমাদের চোখে খুশির আগুন আর গায়ে কম্বলের ওম, বন্ধু তুমি রৌদ্রের আহবানে গান গাইলে গিটারে। রবীন্দ্রনাথ। আর আমরা পেলাম তিনদিনব্যাপি ভৌতিক কুয়াশা। মেঘ ভেবে শাদা বাষ্পের পশমে আমরা হারিয়ে এসেছি শৈশবের কুমারিত্ব বদলে কয়েকজনায় কিনেছে ইউরোপীয় বাক্য রচনার ক্ষমতা।।
(৩)
চোখের সীমানা পেরোতে যে অলৌকিক চাবাগান তার পর থেকে রেললাইনের হাঁক শোনা যায় বিড়ালের লোম ঘেঁষে শব্দ আসে রাত্রে লেপের ভেতর আমার হাতে লাল পানের গোলাম, বন্ধু তোমার হৃদয় কালো; নিরূপায় তাসের খেলায় বন্ধু ভুলে গ্যাছো সকালের রোদ আর আমাদের চোখ জ্বলে যায় আন্ধারে। পৃথিবীতে বাজি রেখে রঙ খুলেছে চতুর্থ খেলোয়াড় দেখে রাত্রি দুটোয় তার অনুমান হুবহু সঠিক রঙের পাত্তি থেকে উড়ে আসছে সাত সুরের নি, তার চোখে লেগে আছে ঘুমের জল, ততক্ষণে শেষ হয়ে গ্যাছে রামের বোতল আর রাত্রির শেষ বিড়ি নিভে গেলে তুমি জানো না বিছানায় ফিরবে কী করে
(8)
এসব বলার কথা না। কফি খেতে আমার ভালো লাগে। এভাবে না বললেও চলতো। কফি খাই না। একটা নীল-সাদা ইউক্যালিপ্টাস গাছের তলায় দার্জিলিং চা খাই। কিম্বা ধরো আসাম চা। আমার মাথাটা খোকলা। আমি লোকটাও বানোয়াট। কেউ পাত্তাও দ্যায় না। মায়া বলতো কেউ পোঁদে মোছে না। বলে সে কি খিলখিল হাসি! তাচ্ছিল্যের হাসি না। আমায় তাচ্ছিল্য করবার সময় তার ছিল না। আমায় তো কেউ দ্যায় না! এবার বলতো বাবু আমি কার সাথে কথা বলি? নিজের সাথে? ভুল করে ঠিক উত্তর দিয়েছো। লিখে রাখো খাতা কলম কিনে এনে যা বলছি হুবহু। নিজের সাথে কথা বলা যায় না। একটা সহজ উপায় অবশ্য আছে। চামুন্ডা পাহাড়ে ঘোর তপস্যা করার শেষ মিনিটে আমার ওপর নাজিল হয়েছিল। আমি কাঁদতে শুরু করে তিনদিন পর থেমে দেখি বলার মত কিছু নেই পাঁচ মিনিটের পরমহংস আমি তোমায় শেখানোর জন্য লিখতে বলিনি, খোকা। আমার কোনো স্মৃতি নেই। সব কল্পনা। পরশু এসে একটু চা বানিয়ো, দুপুরে ভাত খেয়ে পড়ে শুনিও তিনদিন আগের গল্প। তারপর আমরা পর্ণ দেখবো। তোমাদের সত্যভাষণের ওপর নায়িকা মদনজল খসাগ গে।
(৫)
ছাগলের দড়ি খুলে দিলাম। মৃত্যু কবে আসবে কিসে চেপে তা জানার কথা নেই। এটুকু বুঝলাম ছাগলের মৃত্যু হয়তো আজকেই হয়তো আরো ছমাস পরে হতো। এখন শীতকাল। কারোর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে সন্দেহ লাগে এতো ক্ষমা করতে চাওয়ার মতন অসম্ভব ইচ্ছে। এতো ক্ষমতা কোথা থেকে এলো রে! বিকাশ আমায় হাঁসের ডিমের নামে পচা ডিম খাওয়ালো তাকে আমি ক্ষমা করিনি! ভাই, তুই কত লাভ করলি ১৫ টাকা নিয়ে আমার তো লোকসান হয়ে গ্যালো বে ক্ষমা করে। তারপরেও নিরুত্তাপ হয়ে হাঁটতে যাচ্ছি সকালবেলায়। ভগবান বোঝেন পাপ করাই আমাদের সহজাত। তিনি হাত তুলে নিয়েছেন। ছাগলের মালিক আমার অচেনা। উদমা ক্যালানীই আমার কপালে ছিল! তার আগে সটকে যাই। সে যাইহোক, মৃত্যু সংক্রান্ত ভাবনাও আমার ওই ছাগল অব্দি।
(৬)
আমি একটা ভীতু লোক। পাড়ার শ্যামদা, রাকেশও আমায় খেয়ে দিতে পারে। যেটা বললাম না আমি হারামির বাচ্চা হারামি শ্বাস বন্ধ করে বসে থাকি পুরাণের ভাল্লুকটাও টের পাবে না পাত্থর কা ভি জান হ্যায়! গণেশ সামন্তর বড়ছেলের বউ ঘুঁটে দিচ্ছে গোয়ালের দেওয়ালে, উল্টোদিকে পচাডোবায় মাছ ধরছিল সজল কাইতি। সে বাপের বয়সী লোক নজর বিলকুল ভালো না। বিড়ি ট্যাপ করে মাচার কোণায় সেঁদিয়ে আছি চোখের ভাষা চুপচাপ পড়ে নিতে হয়। মাগার বিড়ির ধোঁয়া! পারলে পেটের ভেতরই রেখে দিতাম। প্রেমের আগুনও দেখো ধোঁয়া বার করে ফেলেছে বুক থেকে। সজল কি পালিয়ে যাবে ওদের বউকে নিয়ে! ওদের পরিকল্পনার ভার জাঁকিয়ে বসেছে আমার মাথায়! আমি কি মাতব্বর, জজ, থানার মেজবাবু! আমি একটা ভীতু লোক অন্য লোকের ভয়কে নিজের বুকপকেটে নিয়ে চলি। সজলকে দেখে ওদের বউয়ের হাসিতে লজ্জা পাই। কাল ওরা পালিয়ে যাবে। যাক। দুঃখ করো না প্রেম প্রকাশ্যে আসবে কলংঙ্ক হয়ে। আগাম জানা কালির কথা আমি ভুলে যাবো আজ রাত্রেই।
(৭)
যে রাস্তা দিয়ে হাঁস সূর্যোদয় দেখতে যায় তার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবি আমার লোভ কতদূর যেতে পারে একা একা একা যাওয়ার সাহস কি তার আছে সাথে সেই আমাকে নেবেই আমার পায়ের তলায় ঘাসের মুণ্ডু শুকিয়ে যায় হিম দূর অস্ত বৃষ্টির স্মৃতিও তাদের নেই। আমার অসুখের শেষ নেই। কাল রাত্রি থেকে গুণে যাচ্ছি তেরোশো বাহাত্তর বিদেশী ভাষার লোক অব্দি শুনে বলছে লোকটা কি মরা! বাবু, লোভের ল্যাজে শর্ত লাগিয়ে রেখেছিঃ মৃত্যুভয়। ওতেই কুকুরের পেছনে কেরোসিন। প্রাণপণে দৌড়াও কোলেস্টরল কমবে লিভার, হার্ট সুস্থ থাকবে। লোভ এতো আনাড়ী যে বেঁচে থাকার প্রেমে ডুবে একপেট জল খেয়ে বসেছে আর আমার সারা গাহাতপা ব্যথা বুকে না দৌড়লেও শান্তি নেই মাথা আমার সবকটা পেইন সেন্সরকে এক্টিভ করে দিয়েছে গাছের তলায় দাঁড়িয়ে বলি বালের মাথা আমার হয় শান্তি দে নয় মরণ আবার ছুটতে শুরু করি সারা গায়ে ঘি মেখে একছুটে ঢুকে পড়বো চুল্লির ভেতর চিমনিটা গলগল করে ঘামতে শুরু, বাবা চিমনি পরিশ্রম করা অভ্যাস করো নইলে হার্ট ব্লক হয়ে যাবে।।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন