কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রশান্ত গুহমজুমদার

 

কবিতার কালিমাটি ১৬৩

 

অন্বয়

 

লাশ অবধি। ছেঁড়া কাটা, রক্ত তো বাহুল্য, চোখদুটি নিশ্চিন্ত। বিহ্বলতা নাই আর। কেবল মুঠো ভর্তি ঘাস। অদ্যাবধি বিবরণ শেষে দেখি। সামান্য সময় পড়িল। দেখি, সাইবার কাফে, নিটোল মুক্তা মাখামাখি এক দুল, দুটি শূন্য পেয়ালা এবং ডেস্কটপ, অদ্যাবধি রিবুটে। পারস্পরিক অন্বয় ভাবিয়া কাতর। অপরাধ ভাবিয়া।

 

ছুরি

 

দৃশ্যের ভিতরে বিখ্যাত সেই ছুরি। দৃশ্যে। সাদা, করুণ। ছুরি। দৃশ্যে। টেবিল-চেয়ার। স্পর্শজ। জানালায় কে ওই! উহারা! ওইখানে ছুরি। তীব্র মধ্যম। ছাদের গল্প। রূপকথার। ঝিনুকের। অবাঙ্মনসগোচর। ছুরি। পড়িতেছে। ঝুলনযাত্রা। সাদা কুঁড়িতেই। ফোঁটা ফোঁটা। যা লিবি তা ছ’আনা। আনি নি। যেহেতু ওই পেয়ালায় আজ। ছবি। গল্প। সাদা কি দুয়ারেই ছিল! ছুরিতেই! ওই প্রণামে? অশ্রুতে। নিশ্চিত অশ্রুতে। সেই ছুরি। এবং ঘরবাড়ি। অর্দ্ধদগ্ধ টায়ার। ইহা কি লিখিত! অন্তর্জল!

 

চক্র

 

বিচ্যুতি এবং বিচ্ছেদ। বিরহ কি কিছু অল্প হইবে? অনিবার্য? পতন শব্দ ডাকিতেছে। একা নদী। ছবি চেষ্টা করিয়াছিলাম কবে? লাল, লালে। চুমকি কি বাহুল্য ছিল? ওই হাসি ক্রমে উজ্জ্বল। রৌদ্রে। অঙ্কে রাখিলে দেখি কিঞ্চিৎ বাঁকা, জলে পড়িয়াছে। চক্র। ভালবাসা কারে কয়? বাজারের ফলে আজ রঙ পড়িয়াছে। বিহ্বল আমি। বিশেষ আলোর দিকে রাখি তোমার আয়োজন। দরজার আমূল চিহ্নে। আশায় কি মেটিওর অন্ধকারে দেখি! বোঝা বা না-বোঝায়। কোথায় সে! রঙ দেখি। আমাতে কি সে নগ্ন হয়! 

 

চাবি

 

এবং স্বপ্নের অভ্যন্তরে। লোক এবং চাবি। পরস্বাপহরণ! হইতে পারে। তবে ঐ নিবেদনের অব্যবহিত মুহূর্ত্তেই পেয়ালায় এই চলাচল। বাহিরে এবং ক্ষেত্রে। পাথরেও ওই প্রেমকথা ছিল। স্থানিক। দেখিয়াছি, ছেনি বাটালি। ক্ষুধার্ত। আমি তো প্রতিবন্ধী। সামান্য চুম্বনে, চিত্রের ইতিহাসে ও। স্পর্শে, স্তন তীব্র প্রত্যাশায়, ইতিমধ্যে। তদবধি মৃত্যু এবং বৃষ্টি ডাকে। সিঞ্চিত। চাবি কোথায়! অথচ লোক ভাসে চমৎকার। ইহা কেন! আমার কি ক্ষুধা? রাত্রি! বারবার  রাত্রি! লোক, তোমাকে প্রণাম। বাহির হইতেই এই ক্ষণে। চাবি নাই। হায়, এই হেমন্তে আর চাবি নাই! বালিশের খুব শেষে কে বা কাহারা, অবশেষে জলের স্পর্দ্ধায়। নোনা।

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন