বড় পর্দায় হিন্দী ছবি (২৪শ পর্ব) দুই আদিত্যের আখ্যান (২) আদিত্য সুহাস জাম্ভালে
বারামুল্লা / বর্মুলা
এর আগে বাস্তব জগতের পটভূমিকায় উরি, ধুরন্ধর বা আর্টিকল ৩৭০ নিয়ে কথা বলেছি। ২০২৫-এ নেটফ্লিক্সে আত্মপ্রকাশ করে জাম্ভালের অভূতপূর্ব ছবি যার নাম যেখানে ঘটনা ঘটছে সেই জায়গার নামেঃ কাশ্মীরের বারামুল্লা / বর্মুলা। এই ছবির আখ্যানে বাস্তবের সঙ্গে মিশেছে অলৌকিকতা, কিন্তু সম্পূর্ণ অ-গতানুগতিকভাবে।
বারামুল্লায় একটি নির্দিষ্ট বেসরকারী বিদ্যালয়ের পুরুষ শিশু ছাত্রেরা এক-এক করে নিখোঁজ হচ্ছে। এতে সাধারণ মানুষের ক্ষোভ চালিত হচ্ছে পুলিশের দিকে। শহরে রিয়াসি থেকে বদলি হয়ে এসেছেন ডি এস পি রিদোয়ান সঈদ। সঙ্গে আছেন তাঁর স্ত্রী গুলনার, কিশোরী কন্যা নূরী এবং শিশুপুত্র আয়ান। নূরী দৃশ্যতই নিজের বাবার কাছ থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন। এর কারণ রিয়াসিতে থাকাকালীন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা নূরী যে ইস্কুলে পড়ত তা আক্রমণ করে ছাত্র-ছাত্রীদের করে পণবন্দী। রিদোয়ানের নেতৃত্বে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করার সময় নূরীর চোখের সামনে তার বাবারই ছোঁড়া গুলিতে সন্ত্রাসীদের সঙ্গে আকস্মিকভাবে নিহত হয় নূরীর এক সহপাঠী কিশোর।
বারামুল্লার যে বাড়িতে এই পরিবার উঠেছে সেখানে বিরাজ করে একাধিক রহস্য। মূক তত্ত্বাবধায়ক ইকবাল এক থালাভর্তি মাছ-ভাত নিয়ে চিলেকোঠার ঘরে রোজ যায় কেন? কুকুর-অপছন্দ-করা নূরী কেন মাঝে-মধ্যেই কুকুরের গন্ধ পায়, যদিও বাড়ীতে কোন কুকুর নেই? আয়ান মেঝের নীচে থেকে উদ্ধার করে একটি কাঠের বাক্স যার মধ্যে আছে একটি ঝিনুক। এরপর সে সম্মুখীন হয় একটি শিশুর ছায়াবয়বের। গুলনারও শুনতে পান নারীকণ্ঠে গান এবং দেখেন এক মহিলার ছায়ামূর্তি।
এবার নিখোঁজ হয় সেই বেসরকারী স্কুলের আরেক কিশোর ছাত্র। প্রথম জনের নাম ছিল শোয়েব; সে ছিল স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা আনসারীর আত্মীয়। বর্তমানে হারিয়ে গেছে শোয়েবেরই সহপাঠী যে এক দরিদ্র মৎস্যজীবির ছেলে। দুজনেরই অন্তর্ধানের সময়, হয় বরফের মধ্য থেকে, নয় নৌকার আশেপাশে ফুটে উঠেছে সবুজ ডাঁটির ওপর এক আশ্চর্য সাদা ফুল!
রিদোয়ান শোয়েবের মাকে তাঁর প্রবল প্রতিরোধ সত্ত্বেও স্বীকার করতে বাধ্য করেন যে শোয়েব খালেদ নামক এক যুবকের পাল্লায় পড়ে মগজ-ধৌত হয়ে বিচ্ছিন্নতাবাদী বুলি আওড়ানো শুরু করেছিল। রিদোয়ান তাঁর অধস্তন পুলিশ কর্মচারীর কাছ থেকে জানতে পেরেছেন যে দ্বিতীয় ছেলেটি – সেই গরীব মৎস্যজীবি পরিবারের – সাম্প্রতিক পুলিশের দিকে পাথর ছোঁড়ার ঘটনায় অংশগ্রহণ করেছিল। ইতিমধ্যে আমরা দেখেছি যে সমাজমাধ্যমে নিজের একের পর এক বন্ধুত্ব পাতানোর আর্জি প্রত্যাখ্যাত হবার পর, নূরীর সেই আর্জি গ্রহণ করেছে খালেদ! খালেদকে ধরতে গিয়ে রিদোয়ান পাবেন তাঁর জন্য খালেদের রেখে যাওয়া একটি মোবাইল ফোন। তাতে আছে নূরীর ভিডিও যাতে সে নিজের বাবাকে হিন্দুস্তানীদের চর এবং কাশ্মীরের ‘আজাদী’-র প্রতি ‘গদ্দার’ ঘোষণা করছে। কিন্তু নূরী যে নিজেদের বাড়ির চিলেকোঠার ঘরে অনুসন্ধান করতে গিয়ে হয়ে গেছে নিখোঁজ, এবং সেই ঘরে আবার দেখা গেছে শ্বেতপুষ্প!
দিশেহারা গুলনার বারবার তাঁর মোবাইল থেকে মেয়ের নম্বর ডায়াল করতে থাকেন আর ক্ষীণ আওয়াজ পান মেয়ের ফোন বাজার। অবশেষে শোবার ঘরের আলমারি সরিয়ে তিনি আবিষ্কার করেন একটি গোপন ঘর যেটি আদতে একটি মন্দির যেখানে ঢুকতেই গুলনার শুনতে পান শিব বন্দনা আর দেওয়ালে দেখেন দেবদেবীর ছবি। রিদোয়ান ফিরতে গুলনার স্বামীকে জানান যে এই বাড়ি ছিল কোন কাশ্মিরী পণ্ডিত পরিবারের।
ইতিমধ্যে খালেদ ধরা পড়ে। প্রথমে তৃতীয় মাত্রার জিজ্ঞাসাবাদের মুখে, “আল্লা ছাড়া কোন ভগবান নেই”, “মকসদ-এ-আজাদী” জাতীয় আস্ফালন করলেও কন্যাহারা পিতা রিদোয়ান যখন তাঁর কপালে গুলিভর্তি পিস্তল ঠেকান, খালেদের বীরত্ব উড়ে যায়। হাঁউমাঁউ করে সে কবুল করে যে তাদের নেতা, ‘ভাইজান’, ফোন বা কম্পিউটারে যার ছায়া ছাড়া আর কেউ কিছু দেখেনি, স্থানীয় বিচ্ছিন্নতাবাদী জুনেইদ এবং খালেদের মতো তার চ্যালাচামুণ্ডাদের মাধ্যমে চালাচ্ছে “খেতী”, যাকে আমেরিকার সি আই এ আখ্যা দিয়েছে diaper terrorism। অর্থাৎ এত ছোট বয়স থেকে ছেলেদের মগজ ধোলাই করা হবে যে তারা হয়ে উঠবে সন্ত্রাসবাদের অটোম্যাটন। রিদোয়ান খালেদের কাছে জানতে চান যে এখন অবধি অপহৃত ছেলেগুলোকে তার সংস্থা রেখেছে কোথায়। হতভম্ব খালেদ বলে, “সেকি! ওদের আপনারা ধরে রাখেন নি? আমাদের কাছে তো কেউই নেই, ‘খেতী’ করার আগেই তারা অদৃশ্য হয়েছে! এমনকি নূরীও আমাদের হেফাজতে নেই!”
বাড়ি ফিরে গুলনারের মুখে বাড়র গুপ্ত ঘরের কথা শুনেও রিদোয়ান প্রথমে অলৌকিকতার কথা বিশ্বাস করেন না। কিন্তু গুলনার সেই ঘরের মাধ্যমে এক প্রেতলোকে প্রবেশ করে প্রতিটি অপহৃত ছেলে আর নূরীকে সমাধিস্থ অবস্থায় দেখেছেন। সেখানে এক অদৃশ্য কণ্ঠ তাঁকে জানায় যে এরপর বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য সেই বিদ্যালয়ের ইয়াসির নামক ছেলে। সন্ত্রাসবাদীদের প্রতিটি শিকারকে এই লোকের প্রেতাত্মারা এখানে নিয়ে এসে তাদের মগজ ধোলাইয়ের নিরাময় করে।
রিদোয়ান ছোটেন ইয়াসিরকে বাঁচাতে। তার চোখের সামনে একটি গাছ থেকে এক ছায়া-অবয়ব নির্গত হয়ে ইয়াসিরকে টেনে নেয় গাছের কাণ্ডের মধ্যে। বাড়ী ফিরে রিদোয়ান সস্ত্রীক যান চিলেকোঠার ঘরে। সেখানে আয়ান হাজির হয়, যার ওপর ভর করেছে ওই বাড়ীর আগের অন্যতম বাসিন্দা ইলা সাপ্রু। এই সাপ্রু পরিবার প্রায় সমূলে গণহত্যার শিকার হয় পাকিস্তানপন্থী মুসলমানদের হাতে। এখন তাদের আত্মা সন্ত্রাসবাদীদের শিকারদের এখানে এনে তাদের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার করে।
ক্ষিপ্ত জুনেইদ অবশ্য মনে করে রিদোয়ান এবং তার সহকারী পুলিশেরাই তাদের শিকার কেড়ে নিয়েছে। সেদিন রাতে তাদের বাড়ীতে প্রথম আসেন সেই বিদ্যালয়ের দিদিমণি জেনাব। তাঁর হাতে একটি শালুর ওপর লেখা হিন্দুস্তানীদের উদ্দেশ্যে মৃত্যুর নিদান – তাদের ধড় থেকে মুণ্ড বিচ্ছিন্ন করা হবে। হঠাৎ শুরু হয় বাড়ীর ওপর গুলিবৃষ্টি। জুনেইদ তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে হাজির। তুমুল লড়াইয়ের মধ্যে গুলনার গুলিবিদ্ধ হন আর তার মধ্যে সময়ের গতি হয়ে যায় স্থির। রিদোয়ান ও গুলনার চাক্ষুষ করেন কীভাবে অতীতে ঠিক এইরকম সন্ত্রাসবাদী হামলায় নির্মম ভাবে হত্যা করা হয় গৃহকর্তা ডাঃ কমলানন্দ সাপ্রুকে। পালাবার মুহূর্তে তাঁর স্ত্রী মানসী আর শিশুকন্যা ইলাকে ধরিয়ে দেয় ইলারই এক মুসলমান সহপাঠিনী যে আক্রমণের কিছুক্ষণ আগে অবধি ইলার সঙ্গে বসে খেলছিল। সবাইকে রক্ষা করতে গিয়ে নিহত হয় বাড়ীর পোষা কুকুর শেরুও। সদর্পে আক্রমণকারীদের নেতা ডাঃ সাপ্রুকে হত্যার আগে বলে, “আমাদের বার্তা তোমরা ঠিক বোঝো নি না? হয় ধর্মান্তরিত হও, নয় কাশ্মীর ছাড়ো, নয় মরো! কাশ্মীর হবে ‘আজাদ’ – পাকিস্তানের অংশ!” ডাঃ সাপ্রু মহাদেবের নামোচ্চারণ করতে থাকেন। তাঁকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়। একই ভাবে হত্যা করা হয় মানসী, ইলা আর শেরুকে। বাড়ির তত্ত্বাবধায়ক ইকবাল – যে আজও এই বাড়িতে রয়েছে, ‘কাফের’-দের অনুবর্তী হওয়ার জন্য পায় বীভৎস শাস্তিঃ তার জিভ কেটে নেওয়া হয়। তাই সে আজ বোবা!
বর্তমানে খাটের তলা থেকে এক সন্ত্রাসবাদী হিঁচড়ে টেনে বার করে ইকবাল আর আয়ানকে। গুলিতে শেষ হয় হতভাগ্য ইকবালের জীবন। রক্তলোলুপ নিধনকারী এবার বন্দুক ঘোরায় আয়ানের দিকে, ঠিক যেভাবে অনেক বছর আগে তার পূর্বসূরি তাক করেছিল ইলার দিকে এবং হত্যা করেছিল শিশুকন্যাটিকে।
আকস্মিকভাবে এবার অদ্ভুত পরিবর্তন দেখি গুলনারের। তাঁর কানে আসে ‘শিবশঙ্কর’ ধ্বনি । সামনে দেখেন প্রথমে ইলা তারপর মানসীর ছায়া অবয়ব। মেঝে থেকে পিস্তল কুড়িয়ে নিয়ে তিনি নিকেশ করেন এক হামলাকারীকে, আর গর্জে ওঠেন, “দো বার না, দো বার না!” ছবির ইংরেজী সাবটাইটেলে এটি সজ্ঞানে অনূদিত হয়েছে “Never Again” রূপে। এই উক্তি ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পর নাৎসি গণহত্যা ক্যাম্প – যেমন আউসউইটজ – থেকে যে ইহুদিরা বেঁচে ফিরেছিলেন, তাঁদের অঙ্গীকার। কাশ্মীরেও তো হিন্দু পণ্ডিতেরা হয়েছেন গণহত্যা এবং ethnic cleansing বা জাতিগত নির্মূলকরণের শিকার – নিজদেশে এবং, যেমন আমরা সাপ্রু পরিবারের ক্ষেত্রে দেখলাম, নিজগৃহে। এবার ঘরের কোণ থেকে সগর্জনে এবং জ্বলন্ত চোখ নিয়ে বেরিয়ে আসে শেরুর প্রেতাত্মা, ঝাঁপিয়ে পড়ে আরেক আতঙ্কবাদীর ওপরে আর শোনা যায় সেই দুরাত্মার অন্তিম আর্তনাদ।
জুনেইদ কোনক্রমে রিদোয়ানকে আহত করে পালাবার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পুলিশ বাড়ী ঘিরে ফেলেছে। জুনেইদকে বলা হয় আত্মসমর্পণ করতে। সবাইকে চমকে দিয়ে ইস্কুলের দিদিমণি জেনাবের – যাঁকে এইসব ঘটনার মধ্যেই দেখেছি মোবাইলে কথা বলতে আর আত্মগোপন করতে – মাথায় বন্দুক ঠেকিয়ে বেরিয়ে আসে জুনেইদ। তাকে নিরাপদে যেতে না দিলে এই ‘নিরপরাধ’ মহিলার খুলি সে উড়িয়ে দেবে। পুলিশ বাধ্য হয় বন্দুক নামিয়ে নিতে।
হঠাৎ বন্দুকের আওয়াজ। জেনাবের বক্ষভেদ করে গুলি। তিনি মরে পড়ে যান। হতভম্ব জুনেইদ ওপরে তাকিয়ে দেখে দোতলার বারান্দায় সংহারমূর্তি ধরে দাঁড়িয়ে গুলনার। সে তাঁর দিকে বন্দুক তাক করতেই ঝাঁজরা হয়ে যায় রিদোয়ানের পিস্তলের ছ’টি গুলিতে। গুলনারের শরীর থেকে বেরিয়ে যায় এক ছায়া অবয়ব – অবশ্যই মানসীর। তিনি বিভ্রান্ত হয়ে বন্দুক ফেলে দেন।
বোঝা গেল? জেনাবই সেই ইলার বিশ্বাসঘাতিকা সহপাঠিনী! এবং কণ্ঠস্বর বিকৃত করে জুনেইদদের যে হুকুম দিত, সেও এই জেনাব – ‘ভাইজান’!
ইংরেজ সাহিত্যিক কিপলিং লিখেছিলেন না, ‘The female of the species is more deadly than the male’?
রিদোয়ান ওপরে তাকিয়ে দেখেন দোতলায় দণ্ডায়মান সম্পূর্ণ সাপ্রু পরিবার।
সমস্ত হারিয়ে যাওয়া ছেলেরা এবং নূরী ফিরে আসে মানসিক ভাবে শুদ্ধ হয়ে। নূরী সমাজমাধ্যমে পাঠানো নিজের বাবার বন্ধুত্বের আবেদনে সম্মতি দেয়।
ছ’মাস পরে মুম্বাইতে রিদোয়ান সপরিবারে দেখা করেন সাপ্রু পরিবারের একমাত্র জীবিত সদস্যেরঃ ডাঃ সাপ্রুর ছেলে শরদ যে সেদিন বাড়ি ফিরতে দেরী করায় বেঁচে গিয়েছিল। তাঁর হাতে তুলে দেওয়া হয় আয়ানের খুঁজে পাওয়া ঝিনুকের সংকলন।
কাশ্মিরী পণ্ডিতদের মতো বাঙালী হিন্দুরাও জাতিগত নির্মূলকরণের শিকার আমাদের পূর্ব সীমান্তের ওপারে – এবং তা চলে আসছে সেই ১৯৪৭ সাল থেকে, চালু আছে আজও।
বারামুল্লা-র নির্মাতারা মুগ্ধ করেছেন তাঁদের নির্ভীকতা ও বলিষ্ঠ বক্তব্য দিয়ে যেখানে অশুভ হিংস্রতাকে কোনরকম মতবাদের দোহাই দিয়ে আড়াল করা হয়নি। সবচেয়ে ভালো লেগেছে যে অতীতে রক্তলোভী বিদ্বেষীদের হাতে নিহত আত্মারা ফিরে এসেছেন প্রথমত প্রতিহিংসাকামীরূপে নয়, বরং এক হিতকর শক্তিরূপে যাঁরা তাঁদের অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করেছেন ভিন্নধর্মের শিশু ও একজন কিশোরী – যারা প্রত্যেকে এক সহিংস মানসিকতার সংক্রমণে আক্রান্ত – তাদের বিষাক্ত বাস্তব বাতাবরণ থেকে সরিয়ে এনে এক অলৌকিক পরিসরে তাদের চিত্তশুদ্ধি ঘটাতে। আবার এই আত্মারা যখন দেখছেন যে যে ধর্মাবলম্বীরা তাঁদের জীবদ্দশায় মৃত্যুবরণ করিয়েছিল, সেই একই ধর্মাবলম্বী কিছু সৎ মানুষ যখন তাঁদের স্বধর্মী ধর্মান্ধদের দ্বারা আক্রান্ত তখন সেই আত্মারা Never Again বলে সেই হিংস্র নিধনকারীদের যারা উত্তরসূরি, তাদের সংহার করছেন – যে ধর্মকর্মে তাঁদের সহযোগী হচ্ছে তাঁদের অনুগত পশুর আত্মাও।
অভিনব কাহিনি, অনন্য উপস্থাপন। আদিত্যদ্বয়, আপনারা কি কোনদিন আমাদের দুর্ভাগ্যপূর্ণ ইতিহাস এবং বর্তমান নিয়ে এইরকম মনোমুগ্ধকর ও বলিষ্ঠ কাহিনিচিত্র নির্মাণ করবেন? আশায় রইলাম।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন