কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আলী আফজাল খান

 

কবিতার কালিমাটি ১৬৩

 

অঘটনঘটনপটীয়সী

 

সেই পাখিটা সবার মতোই কিন্তু যেন অন্য... ডানায়ডানায় স্নিগ্ধ হাওয়া... ভেতরভেতর বন্য... নিজস্ব তার আকাশ ছিল, বাসাও ছিল সুস্থ... গল্প ছিল। প্রেমিক ছিল-- গোপন আঘাত পুষত! তাতেও পাখি যত্ন করে মলাট দিত... হাসত... খাঁচার থেকেই ঠুকরে দিত! এমন ভালোবাসত! এমন পাখির চোট লেগেছে, বুক কেঁপেছে তিরতির... চুন-হলুদের ভরসা দিলাম, উড়ান আনো ফিরতি... ও সব খবর আজ পুরোনো, মিটিয়ে ফেলো দ্বন্দ্ব! উড়তে তোমায় হবেই পাখি এমনই নির্বন্ধ... চোখ ভরা থাক ওড়ার নেশায়। মন দিও না বাষ্পে... তুমিই তোমার পরীক্ষা আর তুমিই তোমার পাশ-ফেল!

 

দুঃখ চোখে রুপো রং

 

বেড়িয়ে এলাম দু-দিন মর্গে, ভারি-ভারি মন হালকা খুশিতে সারল মনে পড়ছিল তোকেও, তুই কি ভার্গো? বেমানান বলে স্যাজেটেরিয়াস মারলি! মৃত্যুর পর মেঘ-মেঘ হয় যাত্রা যেন মনে হল চুমুক দিচ্ছি লেকটায় মন্দিরচুড়ো দেখলাম পানপাত্রে... ছবিও তুলেছি একটি ঠান্ডার ধাতে কাশি শুরু হল খুকখুক রাতে গায়ে টেনে নিয়ে নিতে হল কম্বল সকালের রোদ নিয়ে গেল সব দুঃখ চোখে রুপো রং! আমি ভাবি এও সম্ভব! আবহাওয়া যেন বুড়ো বয়সের ঘুমটা হাতে হাত রেখে দিয়েছিল সৎ সঙ্গ ভাবলাম তাই ঘুরে আসা যাক রুমটেক শিখে নেওয়া যাক নিস্তব্ধতা-ভঙ্গী তারপর ফেরা আবার মর্গে চোখের পাতায় জমাট জলের বিন্দু ভাবলাম ফোন করে বলি

 

"তুই কার গো? তুইও প্লিজ মর! শুধু মেরে যাস দিনদিন!"

ভাবনা তো শুধু ভাবনাই হয়

গল্পের যেন ঘোলাজল বুকে নিয়ে চলা জলঙ্গী নদী

ফের যদি যাই আবার

মারিস অল্প নীল রং চাই

... একটুস বিষ দিও তো!

 

ম্যাজিক রিয়েলিজম

 

ক্রমশ মুড়ে আসা নিদল পাতার ফাঁকে মেঘ দেখা যাচ্ছে, চোখ ধুলোর মাঝামাঝি… এত যে ছড়িয়ে যাওয়া দর্শনাতেতো আমি, আর নিরবধি ছটফট - সন্ধ্যে পেরিয়ে গেলে আমার জলে পৌঁছানো হবে না। ক্ষিদে নাড়ীর প্যাঁচ মাড়িয়ে গেলে মস্তিষ্কে ধোঁকা লাগে, স্নায়ুর জাল চোখের ধাঁধসে ছড়ায় এমন, ভেতর দেখছি না বাহির কিছুই ঠাহর হয় না সরেস। অথচ ফোকটে আবছা কেউ আমি, ঠিক ঘন্টি নেড়ে নেড়ে মালা জপে-এসব মায়া। সমস্ত বাড়িয়ে বা কুড়িয়ে জলে পৌঁছালেও কে যে পৌঁছাবে আদৌ, নিজের অজানা। শালা এমন ঘুরন্ত ধোঁকায় এক জন্ম বসবাস হল, এবার হাত-ছাড়ানো আনচান লাগে... মাথার মালিকানায় ভব্যতার ম্যানারিজম কাঠি নাড়ায়, জলে চলো... জ্বলে। হাওড়ের জলে প্রত্যেকটা মানুষ, নৌকা দ্বিমাত্রিক অক্ষর বোধ হয়...তৃতীয় মাতা জল আর বাস্তবের নিজস্ব উল্লম্ব… চোখের ওপর বরফের মতো অতিরিক্তেরা, জলে চোখ ভরা ছাড়া শরীরের অন্য কোন যাদুউপায় নেই... ধুলোর ওপর দূর-অস্ত হুমড়ি খেয়ে পড়ছে…

 

 

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন