প্রতিবেশী সাহিত্য
গলোয়ে কিনেলের কবিতা
(ভূমিকা ও ভাষান্তর: গৌরাঙ্গ মোহান্ত)
কবি পরিচিতিঃ গলোয়ে কিনেল (১৯২৭–২০১৪) আধুনিক অ্যামেরিকান কবিতার অন্যতম মৌলিক ও স্বতন্ত্র কণ্ঠস্বর। কবির সংবেদ্য অভিজ্ঞতার সঙ্গে মানবজীবনের গভীরতর সত্যের মেলবন্ধনে নির্মিত হয়েছে তাঁর কাব্যভাষা। তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো গভীর সততা ও অনুভূতির অনাবিল প্রকাশ। জন্ম-মৃত্যু, প্রেম, যন্ত্রণা ও পারিবারিক সম্পর্ক তাঁর কবিতার প্রধান উপজীব্য। বিশেষত, শারীরিক অভিজ্ঞতাকে কাব্যিক অভিব্যক্তির কেন্দ্রে স্থাপন করে তিনি তাঁর সৃষ্টিতে সঞ্চার করেছেন এক অনন্য কোমলতা ও দেহাত্মক সৌন্দর্য। ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতাকে সর্বজনীন মানবিক সংবেদনায় রূপান্তরিত করার ক্ষেত্রে তিনি অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন।
কিনেল ছিলেন গভীর রাজনৈতিক সচেতনতাসম্পন্ন কবি। নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি যুদ্ধবিরোধী কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। তাঁর এই সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা কেবল ব্যক্তিজীবনেই সীমাবদ্ধ থাকেনি; বরং তাঁর কাব্যচিন্তা ও জীবনদৃষ্টিকেও গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর কবিতার ভাষা একই সঙ্গে গভীর, সংযত ও সহজবোধ্য। চিত্রকল্প নির্মাণে তিনি বিমূর্ততার পরিবর্তে বাস্তব জীবন ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। ১৯৮২ সালে প্রকাশিত Selected Poems কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯৮৩ সালে কবিতায় পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।
লুনা পার্কে আগুন
উচ্চরব উৎপাদী বৃহৎ শঙ্কার যন্ত্রগুলো
ময়দা ফেটানো যন্ত্রের মতো, হাতের সঙ্গে বাঁধা ক্ষতিগ্রস্ত মানুষদের তুলে নেয়, ঘোরায়, ছুড়ে ফেলে,
একটি বিশাল খাঁজকাটা প্যান তার যাত্রীদের পৃথিবী থেকে আছড়ে ফেলতে চায়।
এটি আরোহীদের উল্টো করে ধরে রাখে আর মুষ্ট্যাঘাত করতে থাকে, যতক্ষণ না চিৎকার সহজে ঝরে পড়ে,
আর তাদের ওপরে রোলার কোস্টার যা বাহ্যত ধীরে এগোয়, তার খুঁটি-বাঁধনের ভেতর হারিয়ে গেছে মনে হয়, তারপর ঝাঁপিয়ে পড়ে,
আর তাদের নিচে ভূত-ট্রেন—অন্ধকার সুড়ঙ্গে ঝাঁকুনি খেতে খেতে এগোয়,
এখানে-সেখানে হঠাৎ জ্বলে ওঠা ফ্লুরোসেন্ট হাড়ের আলোয়—
আজ থেমে গেছে।
আমরা যারা ল্যাভেন্ডার উপসাগরে থাকি,
একসময় যার নাম ছিল হাল্ক উপসাগর, তারও আগে কী ছিল—এখন হয়তো খুব কম মানুষই জানে,
আমাদের মনে হতো, সেই একই সহজে ত্রস্ত হওয়া, বড় ফুসফুসের আর্তনাদকারী মানুষটি
প্রতিদিন রাতে জল পেরিয়ে কৃত্রিম আতঙ্কে চিৎকার করে ওঠে, আর আমরা
শুনতাম না বললেই চলে, কোনো ভ্রূক্ষেপই করতাম না।
কিন্তু গত রাতে প্রকৃত আতঙ্কের আর্তনাদ আমাদের হাসির ভেতর বিদীর্ণ হয়ে ঢুকে পড়ল,
থামল না, যতক্ষণ না আমরা চমকে উঠে বসে পড়লাম।
ভূত-ট্রেনটি, এখন বহন করছে সাতটি প্রাণ আর পরিবারগুলোর হতবুদ্ধিকর শোক,
তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই; বিস্মৃতির খোঁজে
তাকে এঁকেবেঁকে, মোচড় খেয়ে, পেছনে ফিরে ফিরে এগোতেই হবে এই প্রাকৃতিক জগতের ভেতর দিয়ে—
যেখানে সবাই জন্মায়, সবাই কষ্ট পায়, অনেকেই চিৎকার করে, এবং কেউই আরোগ্যলাভ করে না—শুধু জোটানো হয়, আবার ব্যবহার করা হয়।
ব্রেমার
এক রাতে জাহাজের পশ্চাদ্ভাগ থেকে আমি ভাবছিলাম—
অন্ধকার আকাশে চক্কর দিতে থাকা শঙ্খচিলগুলোকে দেখে,
তাদের সাদা দেহ জেগে আছে ঊর্ধ্বে অস্থির ভাসমানতায়
রাত্রির ভেতর, অন্ধকারে কে জানে কতক্ষণ, এখন
সমুদ্র আমাদের তীরহীন বিস্তারে টেনে এনেছে; আমরা কি ধরে রাখতে পারি তাদের অচেতন উড়ান? একবার অন্ধকারে তোমার সঙ্গে দেখা হলে আমি আমার হাতে একটি শিখা জ্বালিয়েছিলাম, এবং তোমাকে স্পর্শ করেছিলাম;
তারপর শিখাটি নিভিয়ে দিয়েছিলাম, কিন্তু তার আলো
তোমার মুখে রেখে দিয়েছিলাম; আর নিজেকে নিয়েছিলাম ফিরিয়ে—
আমি নিজেই নিভে গিয়েছিলাম। তুমি—তুমি তো সেই রাতের কথা ভাবো না, নিশ্চয়ই।
তবু সেটি ছিল এমনই এক রাত, আমি জাহাজের পশ্চাদ্ভাগ থেকে যেমন দেখেছিলাম—
আকাশের পশ্চাতে কম্পনশীল, জড়সড় হয়ে থাকা
এই ফ্যাকাশে দেহগুলো, যেন তাদের তীর থেকে সমুদ্রের দূরত্ব।
ব্ল্যাকবেরি আহার
সেপ্টেম্বরের শেষ দিকে বাইরে যেতে আমি ভালোবাসি—
মোটা, অতি পাকা, শীতল, কালো ব্ল্যাকবেরির ভেতর,
প্রাতরাশের ব্ল্যাকবেরি খেতে।
ডগাগুলো বড়ো কণ্টকাকীর্ণ—এক ধরনের শাস্তি
তারা অর্জন করেছে ব্ল্যাকবেরি-সৃষ্টির
ডাকিনীবিদ্যা জানার জন্য। আমি যখন তাদের ভেতর
দাঁড়িয়ে ডগা তুলে মুখে দিই, সবচেয়ে পাকা বেরিগুলো
প্রায় অনাহূত এসে পড়ে জিহ্বায়,
যেমন কখনো কখনো শব্দ এসে পড়ে, কিছু অদ্ভুত শব্দ,
যেমন স্ট্রেংথস বা স্কুয়িঞ্চড—
বহু অক্ষরের, একমাত্রার ঘন পিণ্ড,
যেগুলো আমি চেপে ধরি, সঙ্কুচিত করে খুলি, এবং দিব্যি ছড়িয়ে দিই
নিস্তব্ধ, চমকিত, শীতল, কালো
ব্ল্যাকবেরির ভাষায়—
সেপ্টেম্বরের শেষ দিকে আহার।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন