কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রাজেশ গঙ্গোপাধ্যায়

 

সমকালীন ছোটগল্প

 

কানামাছি

মাঝেমাঝে মনে হয় এই শম্ভু পাত্র লোকটা না থাকলে পৃথিবীর কি ক্ষতিটা হত! এরকম ইয়ে টু দি পাওয়ার ইনফিনিটি একটা লোক বোধহয় এক পিসই তৈরী হয়েছে। তারপর নিজের সৃষ্টিতে নিজেই মুগ্ধ সৃষ্টিকর্তা ডাইস নষ্ট করে ফেলেছেন। ওঃ! প্রতিটা রোমকূপ থেকে ঠেলে বেরিয়ে আসছে শয়তানির হাজারো শিকড়…ওরা মাটি পেলেই গাছ হয়ে উঠবে। গাছগুলো মিলে তৈরী হয়ে উঠবে একটা জঙ্গল। সেই জঙ্গল হাঁ করে রয়েছে গিলে খাবে সব হিতাহিতজ্ঞান। এরপরও এই লোকটাকে নিয়ে এত কথা বলে ফেললাম কেন, জানেন? কারণ লোকটা সুবর্ণার বাবা। আর সুবর্ণাকে আমি যাচ্ছেতাই রকমের ভালোবাসি। আর সেই ভালোবাসাটা এমন একটা আঠার মত যে কিছুতেই বেরিয়ে আসা যায়না। অবশ্য আমি চেষ্টাও করিনি। কেন করব? কারণ আমি তো জানিই যে একদিন সুবর্ণা আমার হবেই। এভাবে ভালোবাসার মধ্যে চুপিচুপি ঢুকে বসে ছিল অধিকারবোধ এবং এ কারণে অহংকারও, তা বোঝার মত হিতাহিতজ্ঞানও হারিয়ে ফেলেছিলাম।

টোটনদের ছাদের ওপারে রোজ সূর্যটা অস্ত যায় এবং এই একঘেয়ে কাজটা করতে ওর একটুও বিরক্তি আসেনা। এ পাড়াতে কেউই কবি নয়। তাই এ নিয়ে কবিতা লেখারও কেউ নেই। কিন্তু সেদিন শেষ বিকেলে গনগনে আগুনের গোলাটা যেন অন্যরকম দেখাচ্ছিল। চোখ চলে যেতেই কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারলাম, এ তো সত্যিকারের আগুন। টোটনদের বাড়ির পরই তো…সঙ্গে সঙ্গে অজুদের বড় পুকুরের পাশ দিয়ে দৌঁড়ে গিয়ে দেখি সুবর্ণাদের বাড়ির চিলেকোঠা থেকে আগুনের হলকা বেরিয়ে আসছে, এর সঙ্গে গলগল করে কালো ধোঁয়া। সারা পাড়ার লোক হাঁ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এরমধ্যেই উৎসাহী কয়েকজন আগুন নেভানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছে। দমকলে খবর দেওয়া হয়েছে। কিন্তু সব ব্যবস্থাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঘোর সর্বনাশ ঘটে গেল। গোটা পাড়ার চোখের সামনে আগুনে পুড়ে গেল সুবর্ণা। শুধু পুড়েই গেল না, দলা পাকিয়ে গিয়ে সে একটা ভয়ঙ্কর পরিণতি। দমকলের স্টাফরা এসবে অভ্যস্ত বলে, তাদের কোন বিকার নেই। কিন্তু বাকীদের কাছে সেই বিশ্রী দুর্গন্ধ সহ্য করে সহানুভূতি দেখানো সম্ভব হলনা।

চাঁদ মাথায় নিয়ে হাঁটতে বেশ লাগে, না? জগদ্ধাত্রী ঠাকুর জলে পড়লেই তো প্রথাগতভাবে শীতকাল এসে গেল। সন্ধের পর চতুর্দিকে হিমের পাতলা চাদর বিছিয়ে যায়। চাঁদের আলোয় মনে হয় স্বপ্নের ত্রিমাত্রিক আদল। সবই দেখা যাচ্ছে, অথচ কিচ্ছু দেখা যাচ্ছেনা…এইরকম একটা নেশার ভেতর তলিয়ে যেতে যেতে কতক্ষণ ধরে যে তাকিয়ে ছিলাম, খেয়াল নেই। মাথায় কিছু নেই। হিমে অবশ হয়ে আসার এই দিব্যকান্তি যে অবধারিত সর্দিকাশি ঘটাবেই, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু অবাক হওয়ার দোষ কেটে গেলে এ ম্যাদামারা জীবনের কিই বা থাকে? দেখলাম চৌধুরীদের মাঠের বিস্তীর্ণ তল্লাট জুড়ে কয়েক পরত কুয়াশায় যে অস্বচ্ছ ধ্রুপদী আদুল রাত, তাকে তাক লাগিয়ে দিয়ে ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠছে একটা মানুষের আদল। আমার আনত মনের নির্বোধ সাঁকোটি বেয়ে…আরে! এ তো অন্য কেউ নয়! খোদ…ধ্যুস্! ডিলেরিয়াম! জ্বর বেশ সেজেগুজেই এল।

প্রচন্ড যন্ত্রণায় মাথা যেন ফেটেই পড়বে। গায়ে হাত পায়ে কে যেন ধারালো দাঁতে চিবিয়ে চলেছে। চোখ দুটো অসম্ভব জ্বালা করছে। এর পরও বুঝতে বাকী থাকেনা তিনি আসছেন! কোনরকমে উঠে দাঁড়ালাম। প্রথমে দাঁড়াতে গিয়ে একবার টলে গেলাম। পড়তে পড়তেও কোনক্রমে সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। পা দুটো আর বেশীক্ষণ শরীরটা চাগিয়ে রাখতে পারবে না, মনে হচ্ছে। অতএব টলতে টলতেই বাড়ির দিকে চললাম। বাড়ি বলতেই আবছা মনে পড়ল, সেই বিরাট হাড় জিরজিরে কঙ্কালটার কথা। এখনো আমাকে আশ্রিত করে রেখেছে। চামচিকেরাও করুণা করে আমাকে কোনদিন লাথি মারেনি। ভূতেরা ভাবে কাকে ভয় দেখাব? লোকটা ভয় পেয়েও তো যাবেনা এ আস্তাকুঁড় ছেড়ে। অগত্যা এক অবজ্ঞা নৌকোর একলা মাঝি হয়ে ঘটনাহীন রাত কেটে যায়…আমার বিন্দুমাত্র ভূমিকা ছাড়াই।

পা টান করতে গিয়ে কিসে যেন পা ঠেকে গেল! তীব্রতম ঘোরও নিজের চেনা ঘরটায় কম পড়ে যায়। কোনদিনই এই দিব্য সংশ্রবে কোন ভুল করে না ফেললেও সেদিন জ্বরের তুমুল দহন ফুঁড়ে কে যেন বলে উঠল আমার ভেতর থেকে। “কে? কে এখানে?” কয়েকটা চামচিকে ঝটপটিয়ে উঠল। একটা ছুঁচো মহাকালের ডাকের মত শব্দে খানখান করে দিল অন্ধকারকে। অন্ধকার বাঙ্ময় হয়ে ওঠার এ সুবর্ণ সুযোগের অধঃক্ষেপে জমা হল অনতিক্রম্য বিস্ময়ের পাঁচিল। সে পাঁচিলের ওপর ছড়িয়ে থাকা দৈনন্দিন ফুঁড়ে বের হয়ে এল শয়ে শয়ে অলীক পাখির দল। ওদের অবতরণের গল্পগুলোয় যে অবাক করে দেওয়া আর্তিরা, জাক দেরিদার বিনির্মাণ তত্ত্বের আওতা ছাড়িয়ে চলে যেতে চাইছিল নতুন অভিমুখে।

“সুবর্ণা!”

আমার জ্ঞান ফিকে হতে হতে হারিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ঝাঁঝিয়ে ওঠা কন্ঠ বলে উঠল, “কেন চিনতে পারছ না নাকি? এত যে লুকিয়ে লুকিয়ে ছাদের দড়িতে আমার ব্রেসিয়ার শুকোতে দেওয়া দেখতে? ওপর থেকে হাঁ করে গিলতে আমার বুকের খাঁজ? হাঁটার সময় আমার পাছার দিকে তাকিয়ে থাকতে না হ্যাংলার মত?” ও নির্ঘাত ভেবেছিল এভাবে ছ্যাঁকায় ছ্যাঁকায় আমাকে জেরবার করে দেবে, দগদগে ঘা ঘনিয়ে তুলবে ত্বকের ওপর। কিন্তু জ্বরকে এক টুসকিতে উড়িয়ে দিয়ে আমি যেন এতদিনকার সব সাহস সঞ্চয় করে ফেলতে পারলাম চাঁদের নীচে সেই রাতে। সাঙ্ঘাতিক সাহস কেন্দ্রীভূত হলে ভেজা কাঠেও দাউদাউ…সে দহনবিন্দুতে এক ধুন্ধুমার সৃষ্টি হল। ওর বিস্ময়কে উড়িয়ে দেওয়া সেই অবাক মুহূর্তে আমি নিজেকে ছাপিয়ে গেলাম এক লহমায়।

“চাল বেছেছো কখনো? মনে তো হয়না। বা কুলোয় ঝিকিঝিঝি ঝিকিঝিঝি গম ঝেড়েছ কোনদিন? অবশ্য এসব তোমার করার কথাও না। কিন্তু এই একান্ত গ্রামীণ চিত্র থেকে আলাদা করে নেওয়া একটা টুকরোর ভেতরেই থাকে বোধি। তোমাকে এসব বলা বৃথা। তুমি শুধু শরীর বোঝ, শুয়ে পড়া বোঝ, পনেরো কুড়ি মিনিটের ধ্বস্তাধস্তির পর নিঃশেষ হয়ে যাওয়াও নখদর্পনে। ভালোবাসার তুমি কি বুঝবে?”

সুবর্ণা আশা করেনি ওর সামনে দাঁড়িয়ে চিরকালের মুখচোরা লাজুক ছেলেটা এভাবে জোরালোভাবে নিজের বক্তব্য বলে উঠতে পারবে। সে বক্তব্যে সুবর্ণা আছে, আবার নেইও। সে বক্তব্য বড্ড ধারালো, একটু এদিকওদিক হলে স্যাঁৎ করে কেটে বেরিয়ে আসতে পারে এক ছিলকে, আর এরপর ফিনকি দিয়ে…

সুবর্ণার যে পাগলি মাসী ওদের সঙ্গে থাকত, ওর বাবা শম্ভু পাত্র তাকে নিয়ে শুত। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে এটাই নিয়মে দাঁড়িয়ে গেল। সুবর্ণা সুযোগ পেলেই মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়াতো। ওর চোখ দিয়ে জল গড়িয়ে আসত না। ওর রাগ হত। কিসের রাগ ও ঠিক গুছিয়ে ভেবে উঠতে পারত না, কিন্তু হত। এর থেকে রেহাই পেতে সুবর্ণা বেরিয়ে যেত। না নিজের শুচিতা রক্ষা করতে চায়নি ও। বরং ধ্বংস হতে দিয়েছিল স্বেচ্ছায়। পড়াশোনায় যেহেতু ও কোনদিনই মনোযোগী ছিলনা, তাই জীবনে প্রতিষ্ঠিত হয়ে বাবার মুখের ওপর জবাব দিয়ে চলে যাব – এই রোখ অর্জন করে উঠতে পারেনি। আর বাপটাও ছিল এক যন্তর। ভেবেছিল ডবকা মেয়েটা যদি  কারো সঙ্গে ভেগে যায়, তাহলে বিয়ে দেওয়ার খরচ বেঁচে যাবে। যার দৃষ্টি নীচের দিকে, সে কি কখনো ওপরের দিকে তাকাতে শেখে? শম্ভু পাত্রও ঘোলাজলে মাছ ধরতে ধরতে ঘোলা হয়ে গেছিল। সুবর্ণার সঙ্গে ওর বাবার সম্পর্ক একেবারেই ভালো ছিলনা। কোন ছেলে যদি সুবর্ণার পেছনে ছুকছুক করত, তাদের শাসাতো –“ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে বিয়ে দিয়ে দেব।” যে মেয়ের বাবা এ ধরনের হুমকি দিতে পারে, সে যে কী বিপজ্জনক লোক হতে পারে, এটা বুঝতে পেরেই বহু আকাঙ্খিত যুবকের হৃদয়পাত হয়ে যেত। এর পরও যেক’টা টিঁকে থাকত, তারা ঠিক প্রেমিক টাইপ নয়। সুবর্ণা চাইলেই অনেককিছু পেতে পারত জেনেও, কিছুদিন পরই হাঁফিয়ে উঠত এই মর্কটগুলোর সঙ্গে। ততদিনে ও এঁটো হয়ে গেছে। যারা করেছে, সেই নোংরা-ঘাঁটা মাছিগুলো খুঁজে নিতে চলে গেছে অন্য কোনও খোলা পড়ে থাকা খাবার। স্বাদ নয় খাওয়ার ইচ্ছেটাই ওদের কাছে সব।

সুবর্ণার কথাগুলো শুনতে শুনতে অনেকগুলো সিগারেট শেষ করে ফেলেছি। মোটামুটি চেনা গল্পের প্লট ধরেই ওর গল্পটা এগোচ্ছিল। জিজ্ঞেস না করে পারলাম না –“তাহলে সেদিন আগুনে পুড়ল কে?”

“মাসী।”

শান্ত, স্থির এই উত্তরের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। চমকে উঠলাম। ও আবার শুরু করল।

“সেদিন আমার সিল্কের একটা শাড়ি টাইট করে মাসীকে পরিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবাতি দেওয়ার প্রদীপটা উল্টে গিয়েছিল মাসীর গায়ে। মুখে কাপড় ঢুকিয়ে, হাত-পা পেছন থেকে বেঁধে দিয়েছিলাম আগেই। এরপর মাসীর ড্রেসে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। অনেকেই দেখেছিল, বুঝতে পারেনি। যখন পেরেছিল ততক্ষণে সব শেষ। আগুন গায়ে লাফালাফি করতে করতে ঘরের সবকিছুতে আগুন ধরে গেল।”

আমি অস্ফুটে বলে উঠলাম, “কী সাঙ্ঘাতিক!”

সুবর্ণা একবার তাকালো আমার দিকে। অতি ক্ষীণ একটা হাসির রেখা কি ফুটে উঠল ওর ঠোঁটে? এরপর বেশ অনেকক্ষণ কেউই কোন কথা বললাম না। রাত এগিয়ে যাচ্ছিল, কুয়াশা আরও জমাট বাঁধছিল, আমার ভুলে যাওয়া উচিত হয়নি যে জ্বর আসছিল, তবু ভুল করার একটা জোরালো অভিসন্ধি তো থাকতেই হয়। সুবর্ণাই কি সে কারণ হওয়ার জন্য যথেষ্ট নয়?

“মনে হচ্ছে না যে কেন আজ হঠাৎ তোমাকে এসব বলতে এলাম? আমার কোন পাপবোধ নেই, জানো? যা করেছি, বেশ করেছি। শালা, ওইরকম একটা বাপের বীর্য থেকে জন্মানো মেয়ে আর কত ভালো হবে! কিন্তু মায়ের জন্য কষ্ট হয়। কোন আত্নীয়রা যখন মাসীর দায়িত্ত্ব নিতে চাইল না, আমার বাপটা লাফ দিয়ে তাকে নিয়ে এল। মা থাকতে থাকতেই শুরু হয়ে গেছিল। আমি তখন ছোট। সবটা বুঝতাম না। কিন্তু না আর বাবার মধ্যে যে চাপা ঝগড়া হত, বুঝতে পারতাম। মাসীর তো কোন ভালোমন্দ বোধ ছিলনা, বাবা যা বলত, করত। মা কিন্তু কোনদিন মাসীকে কোন খারাপ কথা বলেনি। কিন্তু আমার বাবা কি আর সরল লোক ছিল!”

“বাড়ি থেকে পালিয়ে এতদিন ছিলে কোথায়?”

“সেসব জেনে আর কি হবে? তবে যেদিন শম্ভু পাত্র রেলে কাটা পড়ল, খুব আনন্দ পেয়েছিলাম। এইরকম একটা স্বার্থপর, মেয়েখোর, শয়তান লোকের ঠিক পরিণতিই হয়েছিল।”

“সেই এলে, কয়েকটা দিন আগে আসতে পারলে না?” আমার এই কথায় যেন আগুনে ঘি পড়ল।

“কেন আগে এলে কি হাতিঘোড়া হত?” সুবর্ণার ঝাঁঝিয়ে ওঠার আঁচে যেন ছ্যাঁকা লেগে গেল। চুপ করে রইলাম।

“আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, একমাত্র তুমিই তো চিনতে পেরেছিলে। পারোনি?”

“না, মানে…”

“কি মানে? মানেটা কি? আমারও ভয় ছিল, যদি ধরা পড়ে যাই কারো কাছে? কিন্তু বুঝতে পেরেও তুমি খুঁজে পাওয়ার চেষ্টা করেছ কোনদিন?”

সুবর্ণার আশ্চর্য আজব আবদারে আজ আমি শুধু অবাকই হলাম না, একটা তাচ্ছিল্য করার ইচ্ছেও চেপে রাখতে পারলাম না।

“কেন? হঠাৎ তোমাকে খুঁজে মরতে যাব কেন? ভালোবেসেছিলাম। আমার নিজের কাছেই সেই ভালোবাসাটা ধরা থাক। তোমার নখের যোগ্য আমি? তুমি হলে গিয়ে রাণী মৌমাছি। একদল শ্রমিক মৌমাছির ভিড়ে হারিয়ে যেতে ইচ্ছে করেনি। আরও একটা কথা, তোমার গল্পটা বেশ ভালোই সাজিয়েছ, কিন্তু এসবের পরও একটা কথা মনে হচ্ছে – কেন তোমার কখনো ভালো হতে ইচ্ছে করল না?”

“আজ ইচ্ছে হল দেখেই তো এলাম।”

পরদিন সকালে ভাঙ্গাচোরা বাড়িটায় একটা মৃতদেহ পড়ে থাকতে দেখে কেউই বিস্মিত হল না…


 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন