কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সমরেন্দ্র বিশ্বাস

 

সমকালীন ছোটগল্প

 

মম, একটি নির্জন অবচেতনা

এক ঝলক মিষ্টি হাওয়া। বহুদিন পরে পেছনের বাড়ির বন্ধ জানালাটা খুলে গেলো। জানালায় একটা মুখ। দেখলাম। মম এসে দাঁড়িয়েছে। অথচ কতদিন, কতবছর আমি অপেক্ষায় ছিলাম। কবে খুলবে ওই বন্ধ জানালার কপাট!

আমার বুকে একটা ঢেউ, মজে যাওয়া নদীর নিস্তব্ধ জোয়ার, নিজের রক্তে।

ওপার থেকে মম নিজেই জিজ্ঞেস করলো, ‘কি কেমন আছেন?’

আমার উচ্ছ্বসিত কন্ঠস্বর - ‘ভালো! তোমাকে এতোদিন দেখিনি কেন? কোথায় ছিলে?’

ভেসে এলো একটা গভীর দীর্ঘশ্বাস। মনে হলো, চারদিকে অচল পাহাড় - মাঝখানে প্রায় একশো মিটারের খাদ! দুটো জানালার মধ্যবর্তী হাওয়ায় তরঙ্গ, একটা কম্পন! যা কিনা মৃদু ধাক্কা দিলো আমার জানালায়।

ও বললো, ‘আপনি বোধ হয় জানেন না – আমি মৃত। আমাকে যে দেখছেন, তা মমের একটা আত্মা, মৃত শরীর।’

‘মম! কী হয়েছে তোমার! কেন এমন বলছো? কত কত দিন পরে তোমরা এখানে ফিরে এলে!’

মমেরা বহুদিন এখানে থাকে না। কোথায় থাকে কেউ জানে না। রোজই আমি জানালাটা খুলে রাখি। দেখি ওদের বিল্ডিংএর সানশেডে একটা বটগাছ বাড়ছে। দুচারটে কিচির মিচির পাখি তাতে সকালবেলায় এসে বসে। ওরা নিশ্চয়ই মমের খবর নিতে আসে।

কিছুটা নিস্তব্ধতা। মম বললো, ‘আমার বাড়ির সবাই এখন ইন্দোরে থাকে। বোম্বের একজন শানদার ইন্ডাস্ট্রিয়ালিষ্টের সাথে আমার বিয়ে হয়ে গেছিলো। জোর জবরদস্তি, আমার অসম্মতিতেই!’

‘সে কী! এ জামানায় জোর জবরদস্তি! আমাদের জানাওনি কেন?’

‘জানালে আপনি কিই বা করতে পারতেন?’ কানে ভেসে এলো মমের দীর্ঘশ্বাস। ওর বলা টুকরো টুকরো কথাগুলো।

‘আমার অতীতের সব স্মৃতি মুছে গেছে। কারণ আমি মৃত। বিয়েটাই ছিল আমার পরিবারের রাজদন্ড,  সক্রেটিসের হেমলক! বিশ্বাস করুন, আমি এখন আর বেঁচে নেই।’

‘তুমি তো বেঁচে আছো। এই তো তুমি কথা বলছো! এই তো তোমাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি!’

‘সত্যি বলছি, বিশ্বাস করুন! এখন আমি আর বেঁচে নেই। বিলিভ মি!’

দেখলাম একটা লাউডগা সাপ লাফ দিলো, লিকলিকে সবুজ রঙের। উড়তে উড়তে সাপটা মমেদের খোলা জানালাটায় এসে পড়লো। সরীসৃপটা আঁকড়ে ধরলো জানলার রড, জীর্ণ গরাদের লোহার শিক। ভয় পেয়ে আমি চেঁচিয়ে উঠলাম – ‘সাপ! সাপ! প্রচন্ড বিষাক্ত লাউডগা। ওখান থেকে সরে যাও।’

মম বলল, ‘যে বেঁচে নেই, তাকে লাউডগা কেমন করে কাটবে!’ ও হাসলো।

‘মম! জানালাটা বন্ধ করে দাও! সাপটা এবার ঘরের মধ্যে ঢুকে যাবে। একটু অপেক্ষা করো, ঘর থেকে আমি কার্বলিক অ্যাসিড আনছি।’

‘সাপেরা মৃতদের কিচ্ছু করে না! তাছাড়া আমি এর থেকেও ভয়ঙ্কর সরীসৃপদের নিয়ে দিন কাটিয়েছি!’

মমের কথা কি শুনলো সাপটা? নাকি কার্বলিক অ্যাসিডের ভয়ে সবুজ লাউডগাটা জানালা থেকে লাফ দিলো নীচের একটা গাছে।

আমি বললাম, ‘যাক, বিষাক্ত আপদটা গেছে। আজকে বিকেলে তোমাদের ঘরে আসবো। উঃ, কত বছর বাদে দেখা! তোমার সব কথা শুনবো। আমরা একসাথে পার্কে ঘুরবো। অটোরিক্সায় মৈত্রীগার্ডেনে যাবো। … মম, তুমি এতো এতো চুপ কেন? কিছু বলছো না কেন?’

‘শীতুদা, আমি তো বললাম - আমি বেঁচে নেই। প্লিজ, বিলিভ মি!’

‘মম! তুমি বেঁচে নেই তো জানালায় কে দাঁড়িয়ে? আমার সাথে কথা বলছে? তুমি তাহলে কে? মম! মম! উত্তর দাও!’

তেতালায় পরিত্যক্ত ফ্লাটের জানালাটা দড়াম করে নিজে নিজেই বন্ধ হয়ে গেলো। আবার আগের মতোই নিস্তব্ধতা।

আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। কবে আবার সামনের বন্ধ জানালাটা খুলবে! হাজার হাজার বছরের এই অপেক্ষা! এই অপেক্ষার কি কোনো শেষ নেই? মম, তুমি আবার কোথায় চলে গেলে!

মানসিক রোগের ডাক্তার অগাস্টিন ম্যাথুর কাছে আমি যাচ্ছি। গাড়ি ড্রাইভ করছে আমার ছেলে। আমি বসে আছি নিথর। আমার বউ মঞ্জুলিকা, আমারই পাশে।

 

 

 

 

 

 

 

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন