ধারাবাহিক উপন্যাস
দ্য ক্লাউড
(২৮)
সেই রাতে ভারতবর্ষের আকাশে কোনো সীমারেখা ছিল না। মেঘালয়ের পাহাড় থেকে যে মেঘ নেমেছিল, সে মিজোরামের অরণ্যে নিজের ভেজা শরীর মেলে দিয়ে ত্রিপুরার বাঁশপাতায় শিশির রেখে এসেছে। অসমের আকাশ পেরিয়ে, উত্তরবঙ্গের চা-বাগানের মাথায় একটু থেমে, সে ধীরে ধীরে দক্ষিণের দিকে নেমে গেছে। মনে হচ্ছিল, গোটা দেশটিই যেন একটি দীর্ঘশ্বাস নিচ্ছে। উৎপল চিত্রকর মাঠের ধারে দাঁড়িয়ে। তার ব্যাগে আর কোনো ওজন নেই। ডেটা-ডায়েরি যেন বাতাসে লেখা হতে শুরু করেছে। আজ সে ক্যানভাস খোলেনি।
আজ আকাশ নিজেই একটি ক্যানভাস। দূরে পতাকাটা স্থির। কিন্তু সেই স্থিরতার ভেতরে অদৃশ্য এক স্পন্দন।
সুতলির কাছে খুব মৃদু একটি বাতাস জমে আছে। নিমচাঁদ দাগা কিছু বলছেন না। আজ তিনি শুনছেন।
হঠাৎ চারদিকের বাতাসে একটি হাসি ছড়িয়ে পড়লো। আরে, এ যে আনন্দ - উৎপল চিত্রকর আনন্দকে দেখে কিছুটা বিস্মিত হয়ে গেলো! ভাঙা বিজ্ঞাপনের টিনে আটকে থাকা সেই মানুষটি আজ আর ভাঙা নন।
মনে হলো, তাঁর গায়ের মরচে খসে পড়ছে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কেউ তাঁকে ডাকেনি। তবু তিনি জানেন, আজ তাঁর কাজ আছে। তিনি চারদিকে তাকিয়ে মৃদু হেসে বললেন—
—আজ কোনো রাষ্ট্রের অনুষ্ঠান নয়। আজ মানুষের অনুষ্ঠান।
ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ একবার আকাশ ছুঁয়ে গেল। বজ্র যেন দূর থেকে মৃদঙ্গে প্রথম তাল দিল। মেঘ ডুগডুগির মতো গম্ভীর ছন্দ তুললো। হাওয়া শঙ্খধ্বনির মতো দীর্ঘ হয়ে উঠলো।
উৎপল অনুভব করলো—আজ প্রকৃতি নিজেই একটি বিবাহমণ্ডপ সাজিয়েছে। দূরে, খুব দূরে, দুটো আলোর রেখা ধীরে ধীরে এগিয়ে আসছে। একটি বাবলু। অন্যটি সেই তরুণী আইপিএস। আজ তাঁদের শরীর নেই।
অভিযোগ নেই। তদন্ত নেই। মামলা নেই। আছে কেবল দুটি আলোকস্রোত। তারা পরস্পরের সামনে এসে থামলো। কেউ কথা বললো না। কারণ ভাষা মানুষকে আলাদা করে। নীরবতা মানুষকে এক করে। আনন্দ দু'হাত তুলে দাঁড়ালেন। কোনো বেদমন্ত্র নয়।
কোনো ধর্মগ্রন্থ নয়। তিনি শুধু বললেন—
—যারা সত্যের কাছে হেরে যায়, তারা মৃত্যুর কাছে হার মানে না।
বাতাস নিস্তব্ধ। হঠাৎ কোথা থেকে অসংখ্য ফটিকজল পাখি উড়ে এলো। তারা গোল হয়ে ঘুরতে লাগলো।
তাদের ডানার শব্দে মনে হচ্ছিল, অদৃশ্য কেউ আশীর্বাদ লিখে চলেছে। মনিরত্না ভরদ্বাজ এগিয়ে এলেন।
মুখে সেই পরিচিত শান্তি। তিনি তরুণী আইপিএসের কপালে আলোর স্পর্শ রেখে বললেন—
—এবার কোনো তদন্ত নেই। শুধু দেখা।
বাবলুর দিকে তাকিয়ে তাঁর হাসি আরও কোমল হয়ে উঠলো।
—এবার আর সাক্ষ্য দেবে না। এবার বেঁচে থাকবে।
উৎপল বুঝতে পারলো না। মৃতেরা কীভাবে বেঁচে থাকে?
তখনই আনন্দ তার দিকে ফিরে বললেন—
—চিত্রকর, মানুষ শরীরে বাঁচে না। মানুষ বেঁচে থাকে, যদি কেউ তাকে মনে রাখে।
দূরে পতাকাটা আবার দুললো। সুতলির কাছে জমে থাকা বাতাসটি একবার যেন দীপ্ত হয়ে উঠলো। নিমচাঁদ দাগা এখনও কথা বললেন না। কিন্তু উৎপলের মনে হলো— তিনি হাসছেন। বহু বছর পরে লোভহীন ভয়হীন। হিসেবহীন।
আকাশে তখন হঠাৎ এক ফালি চাঁদ বেরিয়েছে। কালো মেঘের ভিতর দিয়ে। উৎপল সেই আলোয় দেখলো—
তার ডেটা-ডায়েরির অক্ষরগুলো একে একে উড়ে যাচ্ছে। কেউ মুছে দিচ্ছে না। তারা নিজেরাই মুক্ত হচ্ছে। দূরে কোথাও ভোরের প্রথম পাখি ডেকে উঠলো। মনে হলো— রাত শেষ হওয়ার আগে আকাশ একটি বিবাহ সম্পন্ন করলো। আর পৃথিবী তার সাক্ষী হয়ে রইলো।
(২৯)
ভোর হতে তখনও খানিক বাকি। আকাশের কালো মেঘ রাতের শেষ অন্ধকারটুকু গুটিয়ে নিচ্ছে। দূরে পূর্ব দিগন্তে আলোর একটি সরু রেখা ধীরে ধীরে খুলে যাচ্ছে।
আজ পনেরোই আগস্ট। মাঠে এখনও কেউ আসেনি। শুধু বাতাস এসেছে। বাতাসের হাতে যেন বহু বছরের খবর। উৎপল চিত্রকর পতাকার সামনে এসে দাঁড়ায়। তার কাঁধে ব্যাগ আছে, কিন্তু আজ ব্যাগের ভেতরে কোনো ডেটা-ডায়েরি নেই। খুলে দেখে—কয়েকটি তুলি। কিছু রং। আর একটি সাদা ক্যানভাস। সে অবাক হয় না। মনে হয়, এটাই তো হওয়ার ছিল। ডেটা একদিন রঙে ফিরে যায়। রং একদিন আলোয়। আলো একদিন আকাশে।
ঠিক তখনই রাস্তার দিক থেকে একটি পুরসভার গাড়ি ঢুকে পড়লো। সাধারণ একটি গাড়ি। প্রতিদিন যেমন আসে। কেউ তাড়াহুড়ো করছে না। কেউ ইতিহাস লিখছে না। তবু আজ ইতিহাস নিজের কাজ নিয়ে উপস্থিত হয়েছে। দু'জন কর্মী নামলো। একজন মই ধরলো। আরেকজন ধীরে ধীরে পুরোনো পতাকার দিকে এগিয়ে গেল।
বহুদিনের রোদ। বৃষ্টি। ধুলো। ঝড়। সব মিলিয়ে পতাকার কাপড়টি বিবর্ণ। পুরসভার কর্মীরা জানেই না—
এই পতাকার সুতলিতে কতদিন একজন মানুষের আত্মা অপেক্ষা করে ছিল। তারা জানে না— পতাকাদন্ডের গোড়ায় একটি ভাঙা বিজ্ঞাপনের টিনে এক বৃদ্ধের হাসি এখনও লেগে আছেতাদের জানার কথাও নয়। তাদের কাজ— পরিষ্কার করা। সময়ও কি তাই করে না?
উৎপল চুপ করে দাঁড়িয়ে থাকে। মইয়ের মাথায় পৌঁছে কর্মীটি যখন সুতলির গিঁট খুলতে গেল, ঠিক তখনই বাতাস একবার দীর্ঘ হয়ে উঠলো। পতাকা আর একবার সম্পূর্ণ প্রসারিত হলো। মনে হলো— সে শেষবারের মতো ভারতবর্ষকে দেখছে। হিমালয়ের বরফ। মেঘালয়ের বৃষ্টি। মিজোরামের পাহাড়। ত্রিপুরার সবুজ।অসমের নদী। উত্তরবঙ্গের চা-বাগান। গঙ্গার পলি। সুন্দরবনের জোয়ার। বঙ্গোপসাগরের লবণাক্ত বাতাস। একটিমাত্র কাপড়ে কত বিচিত্র ভূগোলের আখ্যান ! একটি মুহূর্তের জন্ম হচ্ছে যেন।
উৎপল অনুভব করলো— সুতলির ভেতর থেকে একটি অদৃশ্য দীর্ঘশ্বাস ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে।
নিমচাঁদ দাগা। তিনি নিচে নামলেন না। তিনি মাটিতেও এলেন না।একটি হালকা বাতাস হয়ে ক্রমশ ওপরে উঠতে লাগলেন। আরও ওপরে। আরও। যেখানে ফটিকজল পাখিরা একদিন অদৃশ্য হয়েছিল। যেখানে কালো মেঘ নিজের সাতটি রং লুকিয়ে রাখে। সুনীল নভ ধীরে ধীরে তাঁকে নিজের ভেতরে টেনে নিল। কোনো শব্দ হলো না। কোনো বিদায়ও নয়। শুধু বাতাস একটু নির্মল হয়ে গেল। উৎপল মাথা নত করলো। ঠিক তখনই পুরসভার আর-এক কর্মী ভাঙা বিজ্ঞাপনের টিনটি খুলে ফেললো।টিনের মরচে ধরা গায়ে সকালের আলো পড়তেই উৎপলের কানে যেন ভেসে এলো আনন্দের সেই অমলিন হাসি।
—চিত্রকর, বিজ্ঞাপন বদলায়। মানুষের গল্প বদলায় না।
টিনটি অন্য জঞ্জালের সঙ্গে গাড়িতে উঠে গেল। গাড়ি ধীরে ধীরে মাঠ ছেড়ে বেরিয়ে গেল। পেছনে ধুলো উড়লো না। শুধু একটি যুগ সরে গেল।
অল্প পরেই নতুন পতাকা উঠলো। তরুণ কাপড়। নতুন রং। সকালের বাতাসে তার প্রথম উড়ান। দূরে কোথাও সমবেত কণ্ঠে ভেসে এলো— "জন গণ মন..."
গান শেষ হতে না হতেই অন্য প্রান্ত থেকে আর-একটি সুর ধীরে ধীরে বাতাসে মিশে গেল— "বন্দে মাতরম..."
দুটি সুর পরস্পরকে অতিক্রম করলো না। একসঙ্গে ভেসে রইলো। উৎপল অনুভব করলো— ভারতবর্ষের আকাশ অনেক বড়। এখানে মেঘেরও জায়গা আছে। সূর্যেরও। পতাকারও। আর মানুষের অসমাপ্ত স্মৃতিরও।
উৎপল ক্যানভাস খুললো। কিন্তু আঁকলো না। আজ আকাশ নিজেই নিজের প্রতিকৃতি এঁকে চলেছে।
(৩০)
ভাদ্র শেষ হতে না হতেই একদিন ভোরবেলা উৎপল চিত্রকর বুঝতে পারলো—ঋতু বদলে গেছে। আকাশে আর বর্ষার কালো ভার নেই। সাদা মেঘেরা যেন বহুদিনের শ্রম শেষে বিশ্রাম নিয়ে ভেসে বেড়াচ্ছে। যে মেঘ একদিন মেঘালয়ের পাহাড়ে জন্মেছিল, মিজোরামের অরণ্য ছুঁয়েছিল, ত্রিপুরার বাঁশবন, অসমের নদী, উত্তরবঙ্গের চা-বাগান, গঙ্গার বুক, সুন্দরবনের জোয়ার আর বঙ্গোপসাগরের নোনা বাতাস পার হয়ে এসেছিল—আজ সে-ই মেঘ শরতের আলোয় নিজেকে চিনতে শিখেছে।
উৎপল মাঠের পথ ধরে হাঁটছিল। স্কুলের মাঠে নতুন পতাকা উড়ছে। তার রঙে কোনো ক্লান্তি নেই। পুরোনো পতাকা নেই। সুতলিতে আর কোনো অপেক্ষা নেই। নিমচাঁদ দাগা এখন সুনীল নভের এক অবাধ বাতাস। ভাঙা বিজ্ঞাপনের টিনও নেই। আনন্দের হাসি আর কোনো লোহার পাতে আটকে নেই। বাবলু। মনিরত্না ভরদ্বাজ। সেই তরুণী আইপিএস। তারা কেউ কোথাও নেই। তবু সবাই আছে। যেমন আকাশে বাতাসকে দেখা যায় না, অথচ তার স্পর্শে কাশফুল দুলে ওঠে।
উৎপল আজ ব্যাগ খুললো না। ডেটা-ডায়েরি তার সঙ্গে নেই। আজ তার হাতে শুধু তুলি। আর এক টুকরো সাদা ক্যানভাস। হাটতে হাঁটতে সে মাঠ ছেড়ে নেমে এলো একটি জলার ধারে। বর্ষার জল এখনও রয়ে গেছে। জলার বুকে ভেসে আছে শরতের সাদা মেঘ। সেই মেঘের ঠিক মাঝখানে একটি পদ্ম।
উৎপল থেমে গেল। পদ্মটিও যেন থেমে রইলো। দু'জনের মধ্যে কোনো পরিচয় বিনিময় হলো না। কোনো ভাষা নয়। কোনো উচ্চারণ নয়। মানুষ উৎপল আর পদ্ম-উৎপল পরস্পরের দিকে তাকিয়ে রইলো। মনে হলো, একজন অন্যজনকে প্রথমবার চিনলো। পদ্মটি যেন মুগ্ধ। উৎপলও। তাদের সেই মুগ্ধতার মধ্যে পৃথিবী ক্রমশ দূরে সরে যেতে লাগলো। তবু তারা পৃথিবী ছাড়লো না। দূরে কোথাও পূজোর প্রথম ঢাক বাজলো। শিউলি ঝরতে শুরু করেছে। কাশফুলের সাদা মাথায় শরতের রোদ। উৎপল খুব ধীরে ক্যানভাসটি মাটির উপর রাখলো। আজ সে আকাশ আঁকবে না। আজ আকাশ নিজেই নিজেকে আঁকবে।
হঠাৎ জলার দিক থেকে একটি শব্দ। থপ্। তারপর আবার। থপ্। উৎপল তাকিয়ে দেখে— একটি বড় সোনালি রঙের ব্যাঙ। সে কখন যে জলার জল ছেড়ে ক্যানভাসের উপর উঠে এসেছে, উৎপল বুঝতেই পারেনি। ব্যাঙটি একবার স্থির হয়ে রইলো। তার গোল গোল চোখে যেন আকাশের সমস্ত মেঘের ছায়া। তার শরীরে সূর্যের আলো।
এক লাফ।
দুই লাফ।
তিন লাফ।
ক্যানভাসের উপর দিয়ে সে এগিয়ে চললো। যেখানে তার পা পড়ছে, সেখানে কালোর ভেতর থেকে সাতটি রং ধীরে ধীরে জেগে উঠছে। উৎপল কোনো কথা বললো না। সে শুধু দেখলো।
সোনালি ব্যাঙটি ক্যানভাসের শেষ প্রান্তে এসে আর একবার ফিরে তাকালো। তারপর... আর একটি মহা লাফ। আর-ও একটি লাফ দেবার মুহূর্তে জলার প্রাণীটি উৎপলের দিকে ঘাড় ঘুড়িয়ে তাকাতেই, উৎপল বিস্মিত হয়ে বাংলা-ইংরেজিতে বলে ফেললো - বিগ ব্যাঙ!
হয়তো উৎপলের ডেটা ডায়েরিতে নতুনভাবে জমতে শুরু করলো ব্যাঙের শরীর থেকে বিচ্ছুরিত নানা ধরনের আলো। হয়তো আকাশে তখন-ও আলোর খেলা চলছে!
উৎপল অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো। জলায় একটি পদ্মের ওপরে ভারতবর্ষের বাতাস ফুলটিকে দোলাচ্ছে। আর অনিঃশেষ অন্ধকারের গভীরে, হয়তো আর-ও একটি সৃষ্টি - অপেক্ষা করছে নতুন ডেটার জন্য!
উৎপল খুব আস্তে বললো— — কোথায়? দ্য ক্লাউড...
(সমাপ্ত)

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন