ধারাবাহিক উপন্যাস
স্বর্গ এসেছে নেমে
(২৯)
কুন্তলার বাবা অনঙ্গবাবুর মত জামাই পেয়ে মেয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত ছিলেন। মাঝে মাঝে তিনি আসতেন নাতনীর মুখখানি দেখবার জন্য। মেয়ে কোন অভিযোগ করতে গেলেই তিনি মুখ ঘুরিয়ে নিয়ে বলেছেন, দেবতার নামে কখনো নালিশ হয় না কুন্তলা। নাতনীকে আশীর্বাদ করে গেছেন এই বলে যে সে যেন তার বাবার মতই গুণের অধিকারী হয়। তিনি সে কালের লোক কিন্তু জামাই আর নাতনীর বুদ্ধি বিবেচনার উপর তার বিশ্বাস প্রশ্নাতীত। মেয়ের ডাকে তিনি এলেন। মেয়ের মুখে শুনলেন সকল বৃত্তান্ত। একটু চিন্তাগ্রস্ত দেখালো তাকে, তবু সেই একই কথা বলে গেলেন তিনি, তাঁর জামাই আর নাতনী এমন কিছু করবে না যাতে কোনদিক থেকে কোনরকম ক্ষতি হতে পারে। তিনি পৃথক ভাবে আলোচনা করলেন অনঙ্গবাবুর সঙ্গে। অনঙ্গবাবু তাঁকে আশ্বস্ত করলেন এই বলে যে, তাঁর মেয়ের কোন ক্ষতি হতে পারে এমন কিছু ঘটতে দেবেন না তিনি।
নিশ্চিন্ত মনে ফিরে গেলেন কুন্তলার বাবা কিন্তু অনঙ্গবাবু, যিনি প্রবল বিপত্তির মধ্যেও নিজেকে কখনও অব্যবস্থিত হতে দেননি, তাঁকে বড় অস্থির দেখালো আজ। কি করবেন তিনি? মেয়েকে ডেকে নিলেন নিজের ঘরে, জানতে চাইলেন, সে কি ভাবছে তার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে। মনস্বিনীর কাছে জবাব আছে কিন্তু পরিস্থিতি বিচারে সে বলতে বাধ্য হল, উজ্জীবন ছাড়া আপাতত কোন ভাবনা নেই তার মনে। তবে কি ভয় বা সংকোচে পিছিয়ে যাচ্ছে মনস্বিনী তার মনের গভীরে যে সত্যটি লুকিয়ে আছে তাকে প্রকাশ করতে?
বৈশ্বানরকেও ডাকলেন অনঙ্গবাবু, তবে ঘরে নয়, নিজের চেম্বারে। অনঙ্গবাবুকে দেবতার চোখেই দেখে বৈশ্বানর। অনঙ্গকাকুকে সে যে আসনটি দিয়েছিল প্রথম সাক্ষাতের দিনে তা আজও অটুট তার মনে। তাঁকে কোনভাবেই বিব্রত করতে পারবে না সে। প্রয়োজনে জীবন দিয়েও সে রক্ষা করবে সে মানুষটিকে যে পুত্রস্নেহে গড়ে তুলেছে তার জীবন। সে যখন বলল তার অতীত বর্তমান যে গড়ে দিয়েছে সে-ই গড়ে দেবে তার ভবিষ্যৎ তখন আর কিছু বলার রইল না অনঙ্গবাবুর।
কুন্তলার বাবা, কুন্তলা, মনস্বিনী, বৈশ্বানর এ সকলের দায়ভার এখন অনঙ্গবাবুকে একা বইতে হচ্ছে। দিশাহারা হয়ে পড়ছেন তিনি। মনস্বিনীকে একান্তে আর একবার ডেকে নিলেন তিনি। জানতে চাইলেন, বৈশ্বানরের সঙ্গে তার বিশেষ কোন সম্পর্ক গড়ে উঠেছে কিনা। মনস্বিনী জানালো, বৈশ্বানর যে কোন নারীর জীবনে আকাঙ্ক্ষিত পুরুষ। সে তার নিজের জীবনেও বৈশ্বানরের মত একজন মানুষকে চায় কিন্তু তাকে নিয়ে বৈশ্বানরের মনে আদৌ কোন ভাবনা আছে কিনা তা জানা সম্ভব হয়নি তার পক্ষে। এবার জানতে চান অনঙ্গবাবু, তিনি যদি কোন সুপাত্রের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করেন তাতে তার মত আছে কিনা। নিঃসঙ্কোচে জানালো মনস্বিনী, বৈশ্বানরের জায়গায় আর কোন পুরুষকে জীবনে গ্রহণ করা সম্ভব হবে না তার পক্ষে। তার মা কুন্তলার প্রসঙ্গে বলল সে, তার কারণে মায়ের জীবনে দুর্যোগ নেমে আসুক সেটাও মেনে নেওয়া সম্ভব নয় তার পক্ষে। তবে এ কথাও ঠিক, বৈশ্বানরের যে মনোভাবের পরিচয় পেয়েছে মনস্বিনী তাতে কোন দিনই মনস্বিনীকে প্রেমিকা বা স্ত্রীর জায়গায় দেখতে চাইবে না সে। এমন অবস্থায় তো মনস্বিনীকে আজীবন অবিবাহিতই থেকে যেতে হবে। মেয়েকে বললেন অনঙ্গবাবু, সারাটি জীবন একা কাটানো কি সম্ভব হবে তার পক্ষে। মনস্বিনী এই বলে আশ্বস্ত করল বাবাকে, একবিংশ শতাব্দীতে আর এ ধারণাটা রাখা ঠিক হবে না যে স্বামীর ঘরই মেয়েদের একমাত্র লক্ষ্য। বাবার মত মেয়েরও সে একই মত, সময়ের উপরই সব ছেড়ে দেওয়া যাক না!
(৩০)
উজ্জীবন-এর জন্মদিন পালিত হবে। পরিকল্পনা করা হল কিভাবে উদযাপিত হবে দিনটি। যাদের জন্য এই উজ্জীবনের প্রতিষ্ঠা তাদের মধ্যে উদ্দীপনার শেষ নেই। এ যে তাদেরই ঘর। তাকে সুন্দর করে সাজাতে হবে না! এই ঘরটির সদস্যা যারা তাদের জীবন কতখানি সুন্দর হয়ে গড়ে ঊঠছে তারও প্রমাণ দিতে হবে যে! আবাসিকদের মধ্যে যারা নাচতে গাইতে জানে তাদের উপর দায়িত্ব দেওয়া হল গীতিনাট্য নৃত্যনাট্য তৈরী করার। এই উদ্যোগে কেবল মাত্র আবাসিকরাই নয়, গ্রামের সেই সব মেয়ে বৌ যারা উজ্জীবনের ছাত্রী তাদেরও শামিল করা হল।
বৈশ্বানর আর মনস্বিনী যারা এই মহাযজ্ঞের আয়োজক তাদের নিয়ে কিছু বিরূপ মন্তব্য শোনা যাচ্ছিল গ্রামের আনাচে কানাচে। শঙ্খমালার কাছে খবর আছে, শহর থেকে কয়েকজন মানুষের আনাগোনা চলছে গ্রামে। এরা তবে ঐ রুদ্রাক্ষর দলবলের কেউ নয় তো! খবর পৌঁছে গেল বৈশ্বানর মনস্বিনী এবং অনঙ্গবাবুর কানে। অনঙ্গবাবু এখন প্রায় প্রতিদিনই আসছেন গ্রামে। তিনি ডেকে পাঠালেন গ্রামের যুবক বৃদ্ধ সকলকে। একরকম রুদ্ধদ্বার বৈঠক বলা যেতে পারে। তিনি জানতে চাইলেন, বাইরে থেকে কিছু লোক এসে যে বাজে কথা ছড়াচ্ছে তা তারা বিশ্বাস করে কিনা। দুচার জন ছাড়া সকলেরই জবাব, না। যারা চুপ করে ছিল তাদের কাছে তিনি প্রশ্ন রাখলেন, বাইরের কিছু অপরিচিত লোকের কথা বিশ্বাস করে উজ্জীবনের মত একটি সংস্থা যা তাদের একান্ত পক্ষেই নিজের তার প্রতি তারা অবিচার করছে নাকি। একজন যুবক যে কিনা প্রহরী নামের সুরক্ষা দলের একজন সদস্য সে জানালো, শহরের লোকগুলো তাদের বলেছে বৈশ্বানরদা আর মনস্বিনী দিদির মধ্যে একটা বাজে সম্পর্ক আছে। এ কথায় বেশ গম্ভীর হয়ে গেলেন অনঙ্গবাবু। বললেন, ‘তোমরা প্রহরী। তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে উজ্জীবনকে যে কোন মূল্যে রক্ষা করা। তোমরা কি করছ, বাইরের লোক কি বলল তাকে গুরুত্ব দিচ্ছ। বাইরে থেকে যারা এসে তোমাদের মন ভাঙাচ্ছে তাদের উদ্দেশ্য আর কিছু নয়, উজ্জীবনের মত একটি মঙ্গলকারী সংস্থার ক্ষতি সাধন করা। তোমরা যদি তাদের কথায় চল তবে তোমাদের আর প্রয়োজন নেই উজ্জীবনের। জেনে রাখো, ঐ দুর্বৃত্তদের ঠাঁই হবে জেলে, সে ব্যবস্থাই করছে বৈশ্বানর। তোমরা ভেবে দেখো কি করবে। এ কথায় কাজ হল। ‘আমাদের মাপ করে দ্যান, বলে ঐ কজন ছেলে অনঙ্গবাবুর পা জড়িয়ে ধরল। অনঙ্গবাবু বললেন, ‘যাও, শঙ্খমালাদির কাছে গিয়ে জন্মদিনের উৎসবের জন্য কিভাবে সাহায্য করতে পার জেনে নিয়ে কাজে লেগে পড়। দেখিয়ে দাও, তোমাদের গ্রাম কত দূর এগিয়ে গেছে।
ওদিকে বৈশ্বানর উৎসবের দিন যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে জন্য স্থানীয় থানার বড়বাবুকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে রাখল। এদিকে আবার সাংবাদিকদের আনাগোনা। অবশ্য এ পর্যন্ত কোন সংবাদপত্রই কোন রকম বিরূপ সমালোচনা করেনি উজ্জীবনের ব্যাপারে। সমালোচনা করার রসদ পাবে, তবে তো! বরঞ্চ সংবাদ মাধ্যমে উজ্জীবনের সুনামই ছড়িয়ে পড়ছে বলা যায়।
পুরোদমে প্রস্তুতি চলছে উজ্জীবনের জন্মদিনের। কেবল মাত্র গ্রামের লোকজনই তো নয়, অনেক মান্যগণ্য ব্যক্তির আগমন ঘটবে সেদিন। আসবে পত্র পত্রিকার সাংবাদিকগন। প্রহরী গ্রুপ তো আছেই, সঙ্গে থাকবে পুলিশ। অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে এতে কোন সন্দেহ নেই।
মনস্বিনীর একান্ত ইচ্ছা তার মা ও উপস্থিত থাকুক অনুষ্ঠানে। অনঙ্গবাবুকে সে কথা বলতেই তিনি শঙ্কিত বোধ করলেন কিন্তু মনস্বিনীর ইচ্ছা যখন তাতে বাধা দিলেন না তিনি। মনস্বিনীকে এ কথা স্মরণ করিয়ে দিলেন, একবার তাকে এনে কি সমস্যায় পড়তে হয়েছিল। মনস্বিনী আশ্বস্ত করল তার বাবাকে এই বলে যে এমন কিছু ঘটবে না যাতে মায়ের মনে কোন রকম সন্দেহ বা অসন্তোষ দানা বাঁধতে পারে। জানতে চাইলেন না অনঙ্গবাবু, এবার মাকে সে কি বলে অনুষ্ঠানে যেতে রাজী করাবে।
(ক্রমশ)

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন