কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দেবনাথ সুকান্ত

 

কবিতার কালিমাটি ১৬৩

 

অক্লান্ত সি পি আর 


(এক)

আছি দাউ দাউ বুক হাতে করে, ঠিক যেখানে আমাদের সব সুখ আপেক্ষিক, সঙ্গি সাথী খেলে বেড়াচ্ছে সমুদ্রের পাড়ে, ছুটে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে, হার আর জিতের মাঝে একটা সীমারেখা রেখে, পালিয়ে যাচ্ছে মৃত্যু।

আছি অসম যুদ্ধে, কখনও কি মানুষের মানুষ হয়ে ওঠা সম্পূর্ণ হবে? গোটা জীবন মানুষ হতে হতে এক সময় দেখবে সমুদ্রের পাড়ে সূর্যের ডুবে গেল, এই তো কিছুক্ষণ মাত্র, এত প্রাণোচ্ছল একটা সূর্য ছিল, বলে গেল স্নানে যাচ্ছি, আর ঠিক তক্ষুনি সূর্য ডুবে গেল, সূর্যের ডুবে যাওয়া শুনে ছুটে এসে এক অস্বাভাবিক কাণ্ড দেখবে, সূর্যের বুকের উপর হাত রেখে কিছু মানুষ সজোরে চাপ দিয়ে যাচ্ছে।

একেই বলে সি পি আর, জানা ছিল অথচ এমনই ভাবে তোমার সাথে কোনোদিন দেখা হবে ভাবিনি, হাত দুটো বিপরীত দিকে মুঠো করে একই ছন্দে, একই লয়ে, তালে তালে, সেকেন্ডের কাটার দ্বিগু গতিতে, দু'থেকে আড়াই ইঞ্চি উপরে নিচে, জানি তো অথচ...
 

হা কৃষ্ণ, রাধাগোবিন্দপাদপদ্মে নিবেদিতপ্রাণ যে, সে কোন পাল্লায় যাবে? কোন কাঁটা পায়ে গেঁথে অনুভব করবে কষ্ট? আমাকেও কিছুটা ভাগ দাও, শুনেছি কষ্টের ভাগে কষ্টের নাশ হয়, শুনেছি বিষ শুষে নিলে বিষের বীজ মরে, আরও শুনেছি প্রাণ ভিক্ষায় মানত করে কেউ কেউ, শুনেছি তারা নিজেকে বাজি রাখে।

(দুই)

তুমি তো এক্ষুণি একটা ঘুমের কথা বলছিলে, বলছিলে রাতে স্বপ্নের মাঝে এক দাঁড়িপাল্লা দেখে ভেবেছ, তোমার পাল্লা ভারি, তুমি কি জানো ভার কাকে বলে? মাঝে মাঝে মানুষের অর্ধেক গেঁথে যায় মাটিতে, বাকি অর্ধেক সূর্যের দিকে তাকিয়ে অপেক্ষায় থাকে, সূর্য নেমে এসে তাদের গেঁথে যাওয়া অর্ধেক খুঁজে নেবে মাটি থেকে, যদিও তাদের এই অপেক্ষা আপেক্ষিক।

অপেক্ষা এখানে চতুর্মাত্রিক, তার স্থান কাল আছে, সে কালের পিছনে লোক লাগিয়ে রেখেছে, সেই সব লোক ফিরে এলে বোঝা যাবে সূর্যের সাথে কাটানো অতীত কেমন ছিল, এখন কেমন দিন কাটছে, সূর্যের বুকের উপর হাত রেখে যতবার তুমি সি পি আর দিয়েছ, ততবার ছলকে উঠেছে তার মুখ থেকে প্রাণ, ভেবেছ এই তো, কাল হেসে উঠেছে, হাসি সেই আপেক্ষিকতার প্রমাণ।

হে মাধব তুমিও কি এমন করে কেঁদে ওঠো দিনে দুপুরে? তোমারও কি নিশ্বাস বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, হৃদি কাঁদে, একা একলা অন্ধকারে, যখনই সূর্যের মুখখানা ভাসে, ভেসে ওঠে, ভেসে যেতে থাকে?

(তিন)

 

-       কাকে খুঁজছ তুমি?

সৈকতে একটি ছোট্ট মেয়ে বসে ছিল, কিছু মালা কিছু ঝিনুক বুক করে, সে দেখেছে সূর্য নাইতে নেমেছে, আর ঠিক তখনই মোহনায় পলি,

-       তুই দেখেছিস কাউকে এখানে?

-       হ্যাঁ, ওই তো, দেখো সূর্য কেমন পশ্চিমে ডুবে যাচ্ছে,    

 

ভালোবাসার সীমা এখানেই শুরু, তারপর সমুদ্র পেরিয়ে এক জোলো বাতাস, ভেসে এসে তার জমানো অশ্রু দিয়ে লেখে, যখনই তুমি কোনও সৈকতে দাঁড়াবে, ঢেউয়ের কাছে ক্ষমা প্রার্থী হবে, ঢেউ এগিয়ে এসে বলবে, ওই তো ওই দিকে তাকাও!    

 

ছোট্ট মেয়েটি এসবের সাক্ষি থেকে গেল, শুধু সাক্ষি নয়, দেখিয়ে দিল তোমাদের টক্সিক আনন্দ আসলে মৃতভুক, এখন এডিকশনের পিছনে হাত জড়ো করে হ্যান্ড ক্যাফ পরাই, তাকে বাঁধি, বেঁধে রাখি, অথচ নেশা হেসেছে, ত্রিকালজ্ঞ হাসি।

 

বলো তাহলে কোন পথ দিয়ে নদী সমুদ্রের দিকে যাবে?

 

(চার)

 

এমনই একটি মেয়ে আছে সূর্যের, জানা ছিল না, খুব বেশি সি পি আর দেওয়াতে নাক মুখ থেকে রক্তের ধারা নেমে আসছে, সে মেয়ে মুছে দিচ্ছে আঙুল দিয়ে।

 

চার বছরের মেয়ে চারটি কাল বুকে করে ত্রিগুনাতীতের রক্তে ভিজিয়ে তুলে রাখছে ফুল, সে মালা গাঁথবে, মালা নিয়ে হারিয়ে যাবে যেদিকে সমুদ্র।

 

তুমি তার পিছু পিছু ভেসে যাও, এ ফুল ক্ষণস্থায়ী প্রেমের অঙ্গনে ফুটেছে, এ মালা চিরস্থায়ী কাঁটায় নিজেদের তুলে দিয়ে বলেছে নিশ্চিত এ জন্ম সার্থক হবে, তুমি ফিরে তাকাও, মালা থেকে ফুল বেছে নিজের এপিটাফে রাখো, তাতে লেখো, ক্লান্তির বিপক্ষেই তো ছিলাম, প্রতিপক্ষ তাই ফুল দেবে বলেছে, মেয়েটিকে কোলে করে কোল সেই ফুলের অস্তিত্ব খুঁজে পাচ্ছে।    

 

মাধব দেখো

সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, সারারাত, সারাদিন নিভে যাওয়া সূর্যের স্থির আলো আগলে অথচ আমাদের শূন্য এ বুক, বসে আছে, বসে থাকতে বাধ্য... 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন