![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৫৩ |
রিটার্ন গিফট
আজ বাড়িতে চুরাশি বছরের মানুষটার জন্মদিন৷ সেই উপলক্ষ্যে সকালবেলায় পার্সেল করে হাজির হয়েছে - বড়ো কেক আর ফুলের তোড়া। রান্না হয়েছে ভাত, করলা ভাজা, ঢ্যাড়শ ভাজা, পটল ভাজা, স্যালাড, সজনে ডাঁটা দিয়ে পোস্ত, আর কাঁচা আম দিয়ে টক ডাল। হয়েছে তেল কই, পাবদা মাছের ঝাল, কাঁচা আমের টক আর পায়েস৷
বাটিতে চেপে চেপে ভাত দিয়ে উপুড় করে পাতে ঢালল সুমিতা। ভাজাগুলো সাজিয়ে রাখল ভাতের পাশাপাশি, বাকিগুলো পরপর বাটিতে থালাকে ঘিরে। মুকুন্দ কয়েকটা স্টিল ছবি তুলে নিল পটাপট। তারপর তেপায়া সাজিয়ে ভিডিও তোলার জোগাড় করতে থাকল।
সুমিতা বলল - যে কোনো একটা ভাজা আর যে কোনো একটা মাছ - বাকিটা রাতে। এখন কোনটা তোমার পছন্দ? পায়েসটা নয় বিকেলে খেও - পিসি সেটাই বলে গেছে।
কাঁপতে কাঁপতে ব্রিজভূষণ বললেন - কখন আসবে তোর পিসি?
- যেমন রোজ আসে, আটটার সময়।
জোরে একটা শ্বাস ফেলার শব্দ।
- ডালটা দিয়ে সামনের ভাতটা মেখে দেব তো?
- একটা আমের টুকরোও মেখে দিবি।
- সেকি! আম তো পিসিও খায় না। ডাক্তারের বারণ।
- তোর পিসি বাইরের অনেক কিছুই খায়। বলে নাকি?
এবার মুখের ভেতরের লালা সুরুৎ করে টেনে নেওয়ার শব্দ।
- আমার চেয়ে মাত্র বত্রিশ বছরের ছোট। আমার বয়েস বাড়লে, ওর বয়সেও টান পড়ে। এবার গুটি পাকবে তো!
- পিসি জানতে পারলে খুব রাগ করবে।
- কিন্তু আমার বারণ নেই। সেও একবার দেখুক, নিজের বারণ হওয়া খাবার অন্য কেউ খেলে, দেখতে কেমন লাগে! এই ছোঁড়া ছবিটা তুলছিস তো?

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন