কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

স্বপন রায়

 

কবিতার কালিমাটি ১৬৩

 

উদাসীন মল্ট  

    

(৩৫)

 

খুনী ঘুরে বেড়ায়

গান গায়

শান দেয়

হাসির ভেতরে ঢোকে

হাতের রক্ত

মোছে

গুছিয়ে তোলা সূর্যাস্তে

 

খুনীরা কি গলায় সমুদ্র পোষে

বাঁশি বাজায়?

ঢেউনেভা ঢেউজাগা খুনী

এবং টুনিরা

জ্বলল বলেই আজ এই রাত

এই বালুকাবেলা

অস্তে রক্তে একাকার

 

আমি

আর সার্ভিস রিভলভার

টানটান

খুনী যদি ডান্সফ্লোরে

তবে আমিও

তবে প্রশাসনিক ডালিম-গাছও

স্টেপ গোনে

স্তেপ হয়

ডালিমে আমার দাঁত

খুনীও তখন কী যে প্রগলভ

 

বাইরে কোথাও ছাপা হচ্ছে খবরের কাগজ

 

খুন হওয়ার আগে

যেমন রোজ হয়ে থাকে...

 

(৩৬)

 

সামান্য ছলাৎ

নদী ভাবলে নদী, গান ভাবলে

বিদ্যুৎ চমকিয়া যায়

কোণে

 

চোখ

সার্চলাইটে বড় হল

নাবিক এবং চওড়া ডেক

চ্যুত চাঁদের রস

শ্যাম্পেন

একটা কোণ ক্রমশ আয়ত

দুটো চোখে

ফেনায়

 

কিভাবে যেন হয়

যেন হয়

হয়

একপ্রকার নেশাকাটাও-স্টিক

ড্রামসেট

 

ছলাৎ আর উত্তাল

সমুদ্রে এমনিই মিশে গেল

কোনও মানে নেই

 

কোনও মানে নেই কবিতার।

 

(৩৭)

 

জল। ইঞ্জিন। শালপাতা। খরগোস। দুপুর।

 

জল

দিয়েছিলে তাই জল

জল

 

ইঞ্জিন

না থাকলে কাশবনের কি যে হত

 

শালপাতা

মহুয়াকে রাখল

 

খরগোস

ছুটছে, শালপাতার আনন নিয়ে

 

দুপুর

বিকেলের আশ্চর্য প্রতীক্ষা

 

শালপাতা আমার বোন, ফোঁটা দেয়। খরগোস আর দুপুর দেখে। মিষ্টি আনতে যায়, ঝাড়গ্রাম মিষ্টান্ন ভাণ্ডারে ভিড় উপছে পড়ছে তখন...

 

(৩৮)

 

জল ও ইঞ্জিনের হাঁ,চাঁদও ঢুকত

গুলি ও তুলির বিনিময় প্রথা

ষাটে শুরু

সত্তরে শেষ

একজন সমর সেন প্রবীণের কাম নিয়ে কাশীতে

ভাস্কর টাস্কর শীত ফিত

ভেড়ার লোমে

পশমিনি

এবং অপেক্ষা

 

ষাট বা সত্তরের শীতে স্টিম ইঞ্জিন

জলে চাঁদ

আগুনে চাঁদনী পুড়িয়ে বেশ একটা গর্জন

ও কিচকিচ

 

চোখে কী যে পড়ল

সমর, ভাস্কর, শামসের আর একটা সিঁড়ি

কফি-হাউজের

না স্বর্গের?

 

একটা গুলি, দুটো তুলির বিনিময়ে

মুছে গেল কবিরা

 

চা-বাগানের ঘটনা, মনে আছে?

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন