![]() |
| কবিতার কালিমাটি ১৬৩ |
ছানি
মুশকিল হলো--- তুমি দেখতে পাও
হ্যাঁ, হতে পারে একটু অস্পষ্ট
কিন্তু নিকষ অন্ধকার নয়---
প্রত্যেকে ভেবেছে চশমার নিচে ছানি
তোমার দেখাগুলো মিথ্যে অথবা অভিমানী
বলে চালিয়ে দেবে আগামী---
মুশকিল হলো--- তুমি দেখতে পাও
ব্যালট ও ছাপ্পা দেখতে পাও, এবং বুঝতে
পারো--- কে কখন করেছিল অভিনয়
তুমি রাতকানা ভেবে ভেবে চাঁদ, দেয় ডুব
মেঘের দেহের ভিতর--- লুকোনো ভঙ্গিমায়--
আকাশে তাকিয়ে তোমার হাসি পায়
মুশকিল হলো--- তুমি দেখতে পাও
এমন সামান্য দেখতে পাক, বলো কে চায়
অবুঝ, মান্য, হলে তুমি দামি---
সুবেদার
সেই পুরনো সংলাপে, সেই নির্ভেজাল অভিনয়ে
আবার শুনতে পাবো, দেখে মুগ্ধ হবো, হিরণ্ময়---
এই মন, এই দেহ, যখন এক নিবিড় বেশ্যালয়
কত অতৃপ্তি নিয়ে আপনি, কানে ফিসফিস করে,
খুলে পরিয়ে দিয়েছিলেন আবেগে আঙুলের আংটি
ললিত ক্ষুধার আদরে--- রাণি করবেন বলেছিলেন
হলদিঘাটের সন্ধির পর, বিপুল সাম্রাজ্যের সুবেদার---
প্রাসাদ আরও গগনচুম্বি, উচ্চ সিংহাসন, আর
ঘনিষ্টতর ক্ষমতায় মহলে পুনরায় পূর্বদেশীয় ঠুংরি
সৈন্য হস্তান্তরের তীব্র সুখে, দখলের সমস্ত পরাক্রম
দু'হাত ভরে ফিরে আসে যখন, --- অশ্বমেধ পোড়ে
সেই উল্লাসে আসে, ভোগ শেষে ফিরে যায় প্রাসাদে
তখন হয়তো পুরনো সংলাপ সোনা জলে ভেজা
ঐতিহ্য, ইতিহাস, কাহিনিকে বলতে বলতে যাওয়া
এই দেহ-পসারের ওপর দিয়ে জোর ঘোড়া ছুটিয়ে..
কৃষ্টি
কবিতা আর একান্ত নেই---
গান হেঁটে এসে উঠেছে হাততালির উঠোনে
স্বর, তুমি এখন আর কম্পিত নও
শব্দ, তুমিই কেবল নিঃশব্দ ক্রমশ
রচিত হয়ে উঠত, লিখিত হয়ে উঠত
মৃদু হলেও কন্ঠোৎসারিত ছিল লিরিকের ধ্বনি
অর্থ, অর্থ তুমি প্লাবিত হতে সে যুগে
ডুবে মরত মানুষের মন---
আজকের রস-দ্রবণ শুধু ঘন, ভেসে ওঠে
মানুষের শরীর--- এবং ওখানেই শেষ হয় সব
কবিতার অকাল মৃত্যু থেকে, একটি
খালি গলার অনঅনুশীলিত গান।

বেশ লাগলো কবিতাগুলো
উত্তরমুছুন