কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গৌরাঙ্গ মোহান্ত

কবিতার কালিমাটি ১৬৩

 

 

 

অলক্ষ্য লিথস্ফিয়ার

 

(পরম শ্রদ্ধাস্পদ ড. বিনয়কুমার বন্দ্যোপাধ্যায়কে নিবেদিত)

 

অন্ধকারের অলক্ষ্য লিথস্ফিয়ারে পদযাত্রার প্রস্তুতি চলে। সূর্যের কোরিওগ্রাফি বৃক্ষের নিষ্ক্রিয়তা মোচন করে না, ক্লরফিলশূন্য সেই দুর্গমনীয় ভূমণ্ডলে নিঃসঙ্গ যাত্রার ক্লান্তি নিবারণের জন্য গুছিয়ে রাখি মেঘের শীতল ব্যাগ। উদ্ভাসউতল শব্দাবলি উদ্ধারপ্রার্থী—যাত্রার আগে তাদের শুভ্র শেল্ফে তুলে রাখা চাই। শালবাগান পুকুরের দক্ষিণ পাড়ে একদা কিছু বৃষ্টিসিক্ত স্ফটিক লুকিয়ে রেখেছিলাম, সেগুলো চোখের জলে ধুয়ে রাখা দরকার। আমি গহন বোধিগৃহে কাটাবো কিছু কাল; অশ্রুকাতর চন্দ্রঘন্টার পদপৃষ্ঠে মাথা রেখে দর্শন করেছিলাম জীবনময়ূর। আমি একদিন সমুজ্জ্বল শাঁওডাঙি বনস্থলীর প্রাণপ্রৈতিরহস্য জেনে নিতে চাই আমার নিরহংকার আচার্যের কাছে; তাঁর মধুভাষণে জেগে ওঠে মাধবধারা—নিয়ত ধুয়ে দেয় তাঁর পারিজাতবর্ণ পথের ধুলো। আমার মুহূর্তগুলো হয়ে উঠছে ক্রিয়াসক্ত; গহিন স্রোতের বর্ণিল আভায় ডুবিয়ে রাখি অশান্ত ধূসর আঙুল।

 

জলময়ূরের পালক

 

(মায়ামঞ্জরিকে)

 

​(১)

 

জলময়ূরের পালক জাগিয়েছে বুকে অপার উত্তাপ।

হৃদয়-সূত্রে গেঁথে যাবো অরুণাভ কিংখাপ।

 

​(২)

 

আমার সমস্ত সত্তায় মিশে থাকে তার নাম।

আসমানি রুমালে নিত্য মুছি হৃদয়-ঘাম।

 

​(৩)

 

হৃদয়ের ধূপছায়া খামে রেখেছি তার ছবি।

হীরের কান্তি কেড়ে তার, দীপ্র হয়েছে রবি।

 

​(৪)

 

নিমগ্ন হৃদয় উদয়াস্ত আঁকে ইতিহাস।

ধীমান এক সম্পাদক মুদ্রণে টানে নিতি রাস।

 

​(৫)

 

গহন পর্বত গাত্রে লিখে রাখি গূঢ় চিঠি।

একদিন হবে আকুল সুদূরিকার দীপ্ত দিঠি।

 

​(৬)

 

আকাশমনির পাতায় পাতায় লিখে রাখি পত্র।

আলতাপরীর চোখে পড়ুক বেদনার নীল ছত্র।

 

​(৭)

 

কনকচূড়ার মগডালে কাজরি গায় নীলপরী।

বিজন বুকে ঝড় তোলে দিনাজপুরের কিন্নরী।

 

​(৮)

 

আমার মগ্নতা ভাঙে কথা আর টেলিফোন।

অশক্ত হৃদয় খোঁজে শুধু দূর লোনা বন।

 

​(৯)

 

মধ্যরাতে সেল ফোন তুলে আনে সাগর মল্লার।

অবচেতনার গহন হ্রদে কাঁপে শ্বেত কহ্লার।

 

​(১০)

 

বিজন রাতের বুকে ঝরে তার কথার বকুল।

উদাসী বাতাসের শিরায় জমে গন্ধ অতুল।

 

​(১১)

 

নির্জন রাতের ইথারে ভাসে অচিন্ত্য প্রপাত।

হৃদয়ের বিহ্বল তারে ছড় ঘষে সুনীল মৌতাত।

 

​(১২)

 

কফিন-আঁধারে আবৃত হয় না যা কোনো দিন।

তার হৃদয়-মন্দাকিনী খুঁজে নিক সেই মহামীন।

 

​(১৩)

 

আমার বোধির মধ্যে প্রজ্বলিত প্রিয়ার বোধন।

পাতার মতো তত্ত্ব ঝরে, ঝরে যায় না রোদন।

 

​(১৪)

 

কোথাও আমার লেগেছে আগুন কিছু যায় পুড়ে।

গহন-গামী জল খুঁজি সজল ধরণি জুড়ে।

 

​(১৫)

 

যে আগুন গলায় ও ছাঁচে ঢেলে ফেরায় শরীর,

একবার তার দেখা পেলে কি দরকার গুণিন, জড়ির?

 

​(১৬)

 

এক পেলব পাত্রে মুখ রেখে হয়ে উঠি অমর।

হৃদয়ে রক্তচন্দন ঘষে দুঃসহ সমর।

 

​(১৭)

 

হৃদয়-গ্রন্থের পাতায় দেখি পুষ্প-কোমল জীবন।

সবটুকু তার করে ধারণ শাস্ত্র কিংবা সীবন?

 

​(১৮)

 

বিজন শৈলাগারে লেগে রয় ব্যাকুল বরষা।

একগোছা পিঙ্গল অর্কিড বাউলের অন্তিম ভরসা।

 

​(১৯)

 

জারুল উচ্ছ্বাসে রংপুরে কাটে গ্রীষ্ম প্রহর।

একটি বেগুনি জর্জেট শুষে নেয় তীব্র জহর।

 

​(২০)

 

বাদল বরিষণ ডাহুকের চোখে আঁকে স্বপন।

অবোধ কিষাণ স্বক্ষেতে করে বেদনা বপন।

 

​(২১)

 

শস্য-উজল মাঠে দাঁড়িয়ে আমি নিই নিশ্বাস।

অন্তরে তার, অন্নজল খোঁজে গোলাপি বিশ্বাস।

 

​(২২)

 

শূন্য পথের ধারে দেখেছি বুঝি মান্দার ফুল।

চেতনার নির্ঝরে ভেসে যায় অতুল দীঘল চুল।

 

​(২৩)

 

দুর্বহ কান্নায় অদূরে নেমে আসে আকাশ।

সজল হিজলের শাখায় জাগে সন্তাপী আভাস

 

​(২৪)

 

পরিযায়ী পাখির চোখে যখন দেখি তাকে,

শালুক-বাতাস রক্তে আমার হংস মিথুন আঁকে।

 

​(২৫)

 

রেশমি কদম ছোঁবে না জানি রক্ত-ভেজা বুক!

হিমেল রাতের পবনে খুঁজে ফিরি মৃত্যু-সুখ।

 

​(২৬)

 

শেষ বাতাসের সাথে ফুরায় কি জীবনের লেনদেন?

ক্রন্দন-তরঙ্গ জাগায় অহর্নিশ সাগর সফেন।

 

​(২৭)

 

পাথর চোখে একদিন বয়ে যাবে তীব্র সাইমুম।

কুম্ভশালে পড়ে রবে এক তিল হৃদয় কুঙ্কুম।

 

​(২৮)

 

চাঁদের গুহায় পড়ে থাকে পায়রার ছিন্ন পালক,

নেবুলার বক্ষ চিরে ছুটে যায় মগ্ন চালক।

 

​(২৯)

 

সৌরলোকের শ্বেত পর্দায় দেখি শূন্যতার খেলা।

বর্ণিল আলোর মাঝে ধেয়ে চলে হৃদয়-ভেলা।

 

​(৩০)

 

বিষণ্ন ঘুঘুর চোখে উৎকীর্ণ হৃদয়ের ধস্কা কাছাড়;

ভাঙনের ধস্ ধস্ শব্দে নিয়ত খাচ্ছি আছাড়।

 

​(৩১)

 

দুর্ভর অশ্রু-তরঙ্গ খুঁজে পাবে না তার মুখ।

উদ্বেল হৃৎ-যমুনায় কোন কালিয়ার মিলেছে সুখ?

 

​(৩২)

 

আমার নিস্তরঙ্গ ঘরে দিগন্তের অবভাস।

ধূসরিত সবুজ বনে বসন্তের উপহাস।

 

​(৩৩)

 

উল্লোল অস্তিত্ব নিংড়ানো দুফোঁটা উষ্ণ জল,

কবে ছোঁবে তার জ্যোৎস্না-প্রসাধিত বক্ষতল?

 

​(৩৪)

 

আমার চির-ক্রন্দিত গভীরের লাজুক বোতাম,

কোষজ বোতলে তার, নীরবে খুলে রাখলাম।

 

​(৩৫)

 

আমার পৃথিবী কাঁপে, আমি কাঁপি থরথর।

সুরমার দীপিত হৃদয়, ফোটায় পাতায় মর্মর।

 

​(৩৬)

 

যে আমার নিশ্বাস—সত্য ও আপাতঅদৃশ্য,

যে মুহূর্তে মৃত আমি, তার কাছে অস্পৃশ্য।

 

​(৩৭)

 

নিস্তব্ধ হয়ে থাকি মাটির কবর।

বাতাসেই ভেসে থাক অনন্ত খবর।

 

​(৩৮)

 

প্রেমের পরমায়ু যদি বাড়ায় হারাকিরি,

তীক্ষ্ম খড়্গে তবে জরা-প্রবণ জঠর চিরি।

 

​(৩৯)

 

আমার ঠোঁটের গন্ধে ভরে উঠবে মাছিদের নাক।

ডোমের দাপটে বিরক্ত হবে ক্ষুধাতুর কাক।

 

​(৪০)

 

আমার সৎকারে যদি তীব্র হয় জমিন, অগ্নির দ্রোহ;

বিমল সৌরলোক হতে নেমে আসবে এক বিহ্বল গ্রহ।

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন