![]() |
| কবিতার কালিমাটি ১৬৩ |
জ্বলন্ত
মনে হয়। এক সময়
তোমাদের সঙ্গে ছিলাম।
রাস্তায় কয়েকজন গাছ।
হেঁটে যায়। উপনিষদে
বুনে তুললো টিয়া।
আলতা পরে মৃত্যু, --
এগিয়ে এলে। চোখ
পিটপিট করে কানামাছি
খেলা। নানারকম চিহ্ন,
সংখ্যা এবং আরামকেদারা।
সমস্ত নির্বাক কিনে ফেলে--
শ্মশান সামান্য আলো নিয়ে
জ্বালায় নিজেকে। জ্বলতে
জ্বলতে জেগে ওঠা। এই
পৃথিবী আবৃত্তি করে শোনাচ্ছে স্তব্ধবাক আমার মা।
শেখানো ছবি
দূরত্বের মধ্যে ক্যামেরা।
একমনে কান্নার ছবি
তোলে সমুদ্র। হাতে
অল্প অন্ধকার দুলছে,
হ্যালোজেন দোলে। ঠান্ডা
মার্বেল জন্মান্তরিত এক
মধ্যরাত মাত্র। এর
ভেতর কত যে
অনন্তশয়ন ছিল। মৃদুতা ছিল।
তার গল্প । সম্ভাবনায় ছুঁড়ে
দেয় রংমিলন্তি। কোনো
রং কেউই জানতাম না।
যতক্ষণ না ঈশ্বরকণা
পারাপার হয়। অথবা
আগুনের মধ্যে বৃষ্টিকণাদের
পারাপার শিখিয়ে দেয়।
যাওয়ার খেলা
তীব্র ব্যথার মধ্যে। ঘুমায়
চশমা। নোলক ওড়ানো
কুয়োতলা। -- বিষাদের
হাত ধরে পাড়ার স্কুলে যায়।
হ্যারিকেন না জ্বলার
অজুহাত, আত্মহত্যায় যায়।
পা ফসকে নেমে আসা
দেশলাই বাক্স। কানামাছি
খেলে আয়নার সাথে।
টুকরো সকালবেলার সাথে।
ভুল সূর্যাস্ত না হলে।
আয়না কোনদিনই পৃথিবীর
সামনে আসতো না। কিংবা
মহিলার লম্বা কালো চুল।
মৃতদের সঙ্গে --
ফোনালাপ করতো না।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন