কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / নবম সংখ্যা / ১৪৮

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

উদয়ন ভট্টাচার্য

 

কবিতার কালিমাটি ১৬৩

 

দিনান্তের মেঘ

 

যাত্রাপথ মসৃণ হলে এক ধরনের আত্মবিশ্বাসের জন্ম হয়

মানুষকে উপহাস করার ইচ্ছে হয়

কোলাহল হীন দিন, সূর্যাস্ত, শান্ত বাতাস,

ফার্ম হাউসে মরুদ্রথের নিঃশব্দ বিচরণ

অশ্রুত আওয়াজে ছুটে যায় মসৃণ গতির গাড়ি

 

জীবনযাপন এইভাবেই হয়,

তবু মনে পড়ে ফেলে আসা বাড়ির উঠোন,

মায়ের লাগানো চন্দন গাছ, কামিনী ফুলের গন্ধ

শতাব্দীর মেঘ ভেঙ্গে ইলিশে গুড়ি

 

যে বন্ধু বলেছিল দেখা হবে

সে চলে গেছে অন্তরালে, বরাভয় মুদ্রায়

আর কিসের অপেক্ষায় আমি মুখ বন্ধ রাখবো?

 

শিকার বিলাসী সারমেয় বারান্দায় বসে আছে

বিনা বিচারে বন্দী নিশ্চিদ্র

প্রহরায়

 

আপষকামী মানুষদের দেখে দেখে দিন চলে যায়।

 

তোমাকে

 

আমার ব্যক্তিগত সংগ্রহ থেকে সবকিছু শূন্য করে

আমি তোমাকে দিতে চেয়েছিলাম

কোন কিছুই নগণ্য নয়,

সবই ছিল আমার ব্যক্তিগত সম্পদ

 

অন্ধের লাঠির মতো যা কিছু পেয়েছি তাই বা কম কি

হেঁটে তো যেতে পারি

এই যে আকাশ নেমে এলো বুকের কাছে

এই যে একটি সাদা মেঘ তোমার দিকে উড়ে গেল

আরো বিষন্নতর হয়ে এলো  দিন

নদীগর্ভ শূন্য করে মাটি তুলে নিয়ে গেল তস্করেরা

নিজের কবর দেওয়ার জন্য গর্ত খোঁড়া হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে অধিকার করে নিচ্ছে

তার প্রতি আর আমার কোন মোহ নেই

হেমন্ত গিয়ে মিশেছে কৃষকের ধানে

ঔষধিতে ভরে গেছে আমার অবসরের দিনগুলি

 

এখনো কি মনে রেখেছো?

 

পথের সৌন্দর্য

 

যেমন নদী কখনো কখনো পাহাড়ে বাধা পেয়ে

ঘুরে যায় অন্য পথে, কিন্তু ভোলে না অপমান

তারপর একদিন পাথর ভেঙে চলে যায় পাহাড়ে ফাটল

আমিও কি তেমন কোন শহীদের রক্ত মেখে বসে আছি নাকি

ভীরু না নির্ভয়?

 

লাস্য ও বিভিন্ন দেখানো কত সহজ ভেবে নিয়ে

তোমরা তো এসেছিলে, কখনো শ্রমিক হয়ে, বালক ভিখিরি, নিঃসঙ্গ পুরুষ শাসক

অথচ গুহাতে যে রেখে আসা পোশাক-আশাক,

তিলোত্তমা সুন্দরী নারী, সোনার মোহর, হিরে জহরত রাখা আছে

আমি তো ভুলে যাইনি

 

পাহাড় শীর্ষ স্পর্শ করেছো বলে ভালো লাগে,

প্রতিদিন পুরুষেরা এসে প্রশংসা শোনায়

অথচ অজ্ঞাতে দেখো বৃক্ষপত্র চকিতে খসার মতো সরায়ে  মাটি,

 

শিশু পর্যন্ত একদিন অনিবার্য ক্রোধে

প্রাসাদকে জানিয়েছে ধিক্কার

আমিও কি সেইরকম কোন শিশুর রক্ত মেখে বসে আছি আনমনা

 

ফিরে আসিনি, আমার লক্ষ্য ক্রমাগত চেষ্টা করা

যতদিন না শীর্ষে পৌঁছাতে পারি।

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন