কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৪৩

শনিবার, ১৩ জুন, ২০২৬

শিশির আজম

 

কবিতার কালিমাটি ১৫৮


বেগুনি রঙের ট্রেন

বিশাল লম্বা ট্রেনটা

এইমাত্র প্লাটফর্ম ছেড়ে চলে গেল

ট্রেনটা না ফরসা

না কালো

ও কি বিয়ে করেছে

ওর কি প্রেমিকা আছে

 

এরপর বেগুনি রঙের যে ট্রেনটা আসবে

ওকে জিগ্যেস করলে হয়

 

আচ্ছা বেগুনি রঙের মিষ্টি মিষ্টি চেহারার

একহারা গড়নের

ঐ ট্রেন

ও কে হয়

ঐ হতচ্ছাড়া লম্বু ট্রেনটার

 

বৃষ্টির নিভৃত ফোঁটা

এটা কি আমাদের মানতে হবে

যে কালিদাসের মেঘদূত বজ্রবিদ্যুতের দেখা পায়নি

 

এখন বর্ষাকাল

আর বৃষ্টিদের কোলাহল

কিন্তু সব বৃষ্টি কি চেঁচামেচি করে

বৃষ্টিদের ফিসফিসানি কি আমাদের কানে আসে না

 

আবার এটাও তো বিবেচনায় নেওয়া দরকার

যে বৃষ্টির ফিসফিসানি

অথবা বৃষ্টির নিঃশঙ্ক আঁধাররক্তিম উপস্থিতি

আমরা অনুভব করতে চাই কি না

 

আর বর্ষাকাল যখন আমাদের ছেড়ে চলে যায়

তখন

এমন কি তখনও

কেউ কি রয়ে যায় সবার অগোচরে

আমাদের চোখের কোণায়

আমার চোখের কোণায়

কোন এক নিভৃত ফোঁটা

বৃষ্টির

 

আনাতোলিয়া

ঝমঝমানো বৃষ্টিতে ভিজছে আনাতোলিয়া

আমি দেখতে পাচ্ছি

 

ঘর-বাইর ঘর-বাইর করছে

কুকুর

আমার

আর চিৎকার করছে

 

এখানে এখন দুপুর

বৃষ্টি নেই

তাহলে কুকুরদের অস্বস্তি কীসের

যদিও কাউকে আমি বলতে যাইনি

যে আমার কুকুর আছে

 

কিন্তু কুকুর তো মারাত্মক অনুভূতিপ্রবণ

সে টের পায় কখন গনগনে সূর্য

বৃষ্টিতে ভেজে

আর আনাতোলিয়া

এতো কাছে

 

টমেটো

টমেটোগুলো এখনো রয়েছে

ঝুড়ির ভেতর

 

ওরা কি আমাদের দেখছে

ওরা কি বিরক্ত

 

দু'টো টমেটো লাল বাকিরা সবুজ

কিন্তু ওরা তো মিলেমিশেই আছে

তাহলে ওদের আলাদা করছে কে

কে ওদের ফুসলোচ্ছে

 

আমাদেরকে অবাক করে দিয়ে

যে কোন মুহূর্তে ওরা কিন্তু উঠে আসতে পারে

টেবিলে

ধারালো ছুরির নিচে

ওরা

খুঁজে নেবে

অন্তর্লীন সত্তার আগুন

 

আঁধার

তাকে আমি দেখেছি আঁধারে

তাকে আমি পেয়েছি আঁধারে

কে বলে আঁধার কালো

সে আঁধার আমার আলো

 

পৃথিবীর এতো আলো এতো তাপ

কেন

 

এই সিঁড়ি এই উম্মাদ আবর্ত

কতটুকু চায় শীতের হৃদয়

সামান্য আঁধার

দিয়েছে আমাকে অম্লান আগ্নেয়গিরি


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন