কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

১০) শুভ্রনীল সাগর



শুভ্রনীল সাগর



ইটস্ কম্প্লিকেটেড

সব কিছু এত প্রকাশিত তবু কোথাও ‘লাইক’ দিচ্ছি না আমি! আমার ইচ্ছে- তোমার আরও
অবচেতন পড়ে ফেলা...

তোমার মৃত কোষ ও টিপ বোতাম তুমি ইমেজ আকারে দিতে পারো; আমি সব ফরম্যাটই পড়তে পরি। দিন দু’য়েক যাক, এত জলদি কিসের? মতামত আমি মনখুশি খিলিপানে সাজিয়ে দেব...

পাখি উড়ছে, দৃশ্য উড়ছে না
পাখি ও দৃশ্যেরা-
আমার নীল দেওয়ালে ছায়া হচ্ছে...



ফিরতে চাইনি তো

বৃষ্টির জল ঢুকে এলো মনের অন্দরে। চোখ বোজো, এঁকে দেব অনিঃশেষ চিৎসাঁতার...

হাতমুড়ে বসতেই জল জমে গেল! টুংটাং, কাঁটাচামচে উঠে আসছে সন্ধ্যে। আরেকটা চামচে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি রাত, আর ফট করে ঘোলা হচ্ছো তুমি...

তুমি, আমার কথা জানো! জানতে, আমি ঠিকই ভোর অব্দি বসে থাকবো। কেবল আমার অলক্ষ্য ইচ্ছেগুলো ইলিশের আয়ুর মতোন; তাকে জলের কাছে  নিয়ে যাও...


অরণ্যের মুখোমুখি

আর আমার শরীর বেয়ে ঝিঁঝিঁ নামে। ঝিঁঝিঁপোকা রাতখেকো, হঠাৎ হঠাৎ ডেকে ওঠে ডাকনাম। এভাবে চলতে থাকলে আবারও দেখা হবে। যে পথ  শহরতলী ছেড়ে হৃদয়ছড়া গেছে, তার শেষমাথা আমার বাড়ি। এলানো ঘুম, এলানো ক্লান্তি - উঠানে ছড়ানো আমার ভোরবেলা। চিঠি লিখলে আমি উত্তর দিই। বৃষ্টির জলে ধোওয়া ভানুগাছ, লেবুপাতা মুড়ে...

হেঁটে হেঁটে আমি পাহাড়ের কাছে আসি। পাহাড়, নিস্তব্ধ আঁধার-ফোঁপানো ইচ্ছেগুলো লিখে রাখা যায়। তোমাকে বর্ণপরিচয় জানতেই হবে এমন কোনো কথা নেই। উপপাদ্য-সম্পাদ্য, তাও না। চিরহরিৎ দুঃখরা তো আদর্শলিপি পড়ে না...

তুমি এলে নিয়ে যাব নুড়িপথ। দেখবে, অনেক হাঁটার পর ক্রমশ মুছে যায় পিছুটান...





















                                                                        শুভ্রনীল সাগর
                                                                        মুঠোফোনঃ +৮৮০১৭২৮৬৭৫২৮৮
                                                                ই-ডাক: shuvroneel.sagar@gmail.com

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন