কালিমাটি অনলাইন

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

চতুর্দশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৪৭

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

০৫) প্রণব বসুরায়



প্রণব বসুরায়

কাকে বলো
বাঁ হাতে কাপ ধরে চা-এ চুমুক দিই
দু’হাতে সাপটে ধরে উষ্ণতা নিই শুষে

কাপের কফির রং ক্রমশ বদলায়
দুধ সহযোগে... আমরাও বাহির দেখি
চারকোণা শার্সি পেরিয়ে

একে যদি সুখ ব’লো – দিব্যিই আছি
একে যদি মায়া ব’লো - ভ্রম ব'লো কাকে!


আনাচ কানাচ

ভাবো, এক লুপ্ত নগরী, বসে আছি—
তোমাদের হাতে গাঁইতি, শাবল, লম্বা ফিতে
কোমল আঘাতে প্রত্নচিহ্ন ফুটে উঠছে, আর 
তোমাদের উল্লাস - ছবি হয়ে।
এফোঁড় ওফোঁড় সেলাই হয়ে যাচ্ছে
পাথরের ভাঙা কাপ ও পিরিচ, মোমদানি

রাত্রি হলে চলে যাবে তোমরা বিপুল মদিরায়
আর আমি খুঁজে দেখবো আনাচ কানাচ
        



ফেরে না

যন্ত্রণাহীন প্রসবের মতো দিন কেটে যায়
কেটে যায় তোষক ও কুর্শিবদ্ধ সময়ের চতুষ্কোণ
সঞ্চয় কমে এলে কৃপণ হওয়াই কাম্য, জেনেও
চোখ যায় স্রোতস্বিনীর তরঙ্গমালায়
কচুরিপানায় কাক বিন-আয়াসে কতদূর যায়
তাও দেখার
অন্তরঙ্গে দাহ, তাও মুখে মাখা মোমের পালিশ

যন্ত্রণাহীন প্রসবের পরে গর্ভ পুনরায় ভরে
যাওয়া দিন ফেরে না কখনও

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন