শনিবার, ১৩ জুন, ২০২৬

সাজ্জাদ বিপ্লব

 

কবিতার কালিমাটি ১৫৮


মা

আমি ও আমরা কেউ না।

কিছু না। তার কাছে…

তার ত্যাগ, তিতিক্ষা ও ধৈর্য্যের কাছে। তার কষ্টের কাছে। তার আরাম-আয়েশ, স্বাদ-আহ্লাদ বিসর্জনের কাছে।

তার রক্তের কাছে আমাদের

চিরকালীন যে ঋণ--

তার স্নেহ-মায়া-মমতা-আবদার-শাসন-অনুযোগ-চাওয়া-পাওয়া তার প্রতিটি ফোঁটার কাছে

মঙ্গল কামনায় কেটে যাওয়া অসংখ্য বিনিদ্র রজনীর কাছে

প্রার্থণায় নত হওয়া জায়নামাজ ও অদৃশ্য তসবিদানার কাছে

পার্থিব ও অপার্থিব অপশক্তির ছায়া ও দুষ্টচক্র এবং হিংসা ও যাদুটোনা থেকে মুক্তি কামনায় নিবেদনের কাছে

আমাদের সমগ্র অর্জন(?), গর্জন

দম্ভ ও বেয়াদবি

তিনি হাসলেই হাওয়া।

তার পায়ের নীচে আমরা। আমাদের মাথার উপরে তার হাত

চিরকাল। অনন্তকাল।

(মা দিবসে, পৃথিবীর সকল মা'র জন্য)

 

ধৈর্য্য

আমরা ধৈর্য্য ধরতে জানি। জানি বুঝে-শুনে পথ চলতে

আমরা জানি, আমাদের পথ দীর্ঘ…

আমাদের পথ সংগ্রামের। আমাদের পথ যুদ্ধের। আমরা কমিটেড।

আমাদের কাছে। সমাজের কাছে। তোমার কাছে।

খরগোশের মতো দ্রুত চলায় আমাদের বিশ্বাস নেই।

 

আমরা পৌঁছতে চাই লক্ষ্যে। মঞ্জিলে। তোমার কাছে। কচ্ছপের মতো। সতর্ক। ধীরগামী।

কিন্তু বিজয়ী বেশে।

দিন শেষে, শেষ হাসিটি আমরাই হাসতে চাই।

 

শিল্পী নভেরা স্মরণে

তিনি ছিলেন ভাস্কর্যে

না-কি ভাস্কর্য ছিলো তার মাঝে

এ অবাক সম্পর্ক

ছেদে-বিচ্ছেদে জাগে

আজ বাংলাদেশে

 

আমাদের ভাষা, আমাদের আশা

আমাদের যত বিদ্রোহ ও আন্দোলন

যত ভালোবাসা

আমরা করি লালন

যুগে যুগে

এ বুকে

এ ভাটি বাংলায়

কুঁড়েঘর, নকশি কাঁথা, লাউয়ের ডগা

কিম্বা পুইয়ের জাংলায়

বেড়ে ওঠে যে স্বপ্ন

তার অন্যতম এক

কারিগর ও ধাত্রি এবং পথিকৃৎ

ও সেরা

ছিলেন আমাদের জগতজয়ী

নভেরা…

(ফ্রান্স প্রবাসিনী শিল্পী নভেরা আহমদ-এর ইন্তেকালে, শ্রদ্ধাসহ, সামান্য অঞ্জলি)

 

আলফা পারভীন

হারিয়ে গেলো একটি দিন

কবিতা থেকে

হারিয়ে গেলো একটি মেয়ে

জীবন থেকে

হারিয়ে গেলো একটি কবিতা

কবিতা থেকে

 

কবি ও কবিতার

ভাড়ারে

থেকে গেলো অসম্ভব ঋণ

আলফা পারভীন  

তোমার আত্মার শান্তি কামনা ছাড়া, বলো, আমরা আর কি চাইতে পারি!

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন