![]() |
| কবিতার কালিমাটি ১৬৩ |
আড়ালতমা
আমাকে যে আড়াল করেছে, সে কি মেঘসম্পূরকা?
আমি তার অন্ধ চোখে আলো কেন খুঁজি
রূপের বহর তখনো হয়নি আলোর তামাদি
দীর্ঘরাত্রিতীর্থ তুমি পেরিয়ে গিয়েছো
অচেনা লীলার রঙিন প্রলোভনে
'বৃষ্টি হচ্ছে' এমনি অজানা শ্রাবণ ঘূর্ণনে
রাত্রি এবার উঠবে জেগে আলোর সমাপ্তিতে।
দুষ্টুগ্রহ গ্রহণীয়
রাষ্ট্রকোলাহলে এত কেন উপস্থিতি?
দুয়ারে দাঁড়িয়ে কেন বিপন্ন তস্কর?
ঘোলাজলে স্নান কেন বাঘ-মহিষীর?
অসহ দিনের শেষে তুমিও বিকল?
কবরে দাঁড়িয়ে কেন অবোধ অতিথি?
নিশি কেন রাতভরে কান্নায় অধীর?
হাত পা মগজ কেন কুষ্ঠকটুসার?
অযথা অকাট্য ভাষা কার ব্যবহার?
বহুরঙা পাখি কেনো সহগামি তার?
প্রণম্য প্রলয় শেষে জন্ম হবে কার?
আমি এক ধূর্ত শ্যেন কৃষ্ণপক্ষে উড়ি
অপঘাতে মৃত্যু হলে তাকে ভালোবাসি।
রাতভরে খুঁজি
কি খুঁজি অকালআকালগহ্বরে
আত্মপরিচয়? নাকি মৃত্যুচিহ্ন? গণক কৌশল?
হৃদপিণ্ডে শোনা যায় ফিসফাস কারো
এখানে আগুন জ্বলে, বিবমিষা বাড়ছে দ্বিগুণ
কি এক অশনি আসে রাতভোর হলে
স্তব্ধ অন্ধকার দেখি এমন দুপুরে
মায়ামোহ উবে গেছে জীবনের প্রতি
হঠাৎ অভাব আসে বস্তুবাস্তুহীন গণলোকালয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন