শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সুদীপ দাস

 

কবিতার কালিমাটি ১৬৩

 

শেষ ভ্রমর

 

(১৬)

 

বিজ্ঞ যাযাবর : কল্পনার তরলে তথ্যের চিনচিনে দানাগুলো ফিল্টার কাগজের সঙ্গে লেনাদেনা রাখে।

ভ্রমর : বন্ধ হয় ব্যক্তিগত পাঁচালি। কমে আসে মানুষের শব্দভাণ্ডার। শব্দের কার্পণ্য থেকেই জন্ম নেয় ইশারা-ইঙ্গিতের মহারগ্গর।

বিজ্ঞ যাযাবর : ধোঁয়ায় আচ্ছন্ন দামী-ভারী কথার পাহাড় পথ আটকে দাঁড়ালে আমাদের বের করে আনতে হয় লুকোনো পিস্তলের মতো যাদুকার্পেটের নিচে পড়ে থাকা ভঙ্গুর পাপড়ির স্মৃতি, স্পাইরাল অলোর জিজ্ঞাসা।

ভ্রমর : এক পৃথিবী থেকে নির্বাসিত হলে কিসের ভয়! অন্য ঠিকানা থেকে ছুটে আসে শ্বাস চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় বাতাস।

বিজ্ঞ যাযাবর : মধ্যপ্রাচ্যে এতো এতো কফিনের চারপাশের হাওয়া ক্রমশ পাতলা হয়। তবু সে ঘুরে বেড়ায় ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে আত্মঘাতী ক্লান্তির জোরে।

 

(১৭)

 

ভঙ্গুর পাপড়ি : ঘুমোতে ঘুমোতে দিন চলে যায়। জেগে উঠতে উঠতে দিন চলে যায়।

ভ্রমর : পদচিহ্নময় অন্ধকার থেকে রোজ আহ্বান। সাড়া দাও। সাড়া দাও।

ভঙ্গুর পাপড়ি : সার্চ এঞ্জিনের রশ্মিগুলো আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় একবার গিয়ে দাঁড়াই উন্মুক্ত ছাদে। বাদুর, জোনাকি, পেঁচার বন্ধুত্ব চেয়ে সফল হলে অন্ধকার থেকে কত কত রং ঝরে পড়ে! পুনর্গঠিত হবে আমার সব পাপড়ি!

ভ্রমর : আমূল গেঁথে যাওয়া ছুরির মতো একটা অভিশাপ নির্বিষ হয়ে শোভা পাবে কারুকার্যময় দেরাজের কাচের পিছনে।

 

(১৮)

 

কারুকার্যময় দেরাজ : আগা নেই মাথা নেই এমন একটা আজগুবি সময়দন্ডের গায়ে ঝোলানো আছে আমাদের সকলের জল ঝরতে দেওয়া ছাতা। যেদিন ছাতা শুকিয়ে যাবে সেদিন থেকেই আমার সংরক্ষণ শুরু।

ভ্রমর : কী মনমাতানো সুগন্ধ ছিল সেইসব ঝরে যাওয়া জলবিন্দুর নাভিতে!

কারুকার্যময় দেরাজ : রাক্ষসের প্রাণ ধরে রাখার সন্ত্রস্ত কৌটো থেকে শুরু করে দেবতার কৌশল বাঁচিয়ে রাখার চিয়ার্স লেখা গ্লাস – সবই রয়ে গেছে আমার অন্দরে।

ভ্রমর : আহা, নির্যাস গ্রহণের কী অপূর্ব শক্তি সেইসব সঞ্চয়ের শিরায় উপশিরায়!

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন