শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শুক্লা গাঙ্গুলি

 

কবিতার কালিমাটি ১৬৩

 

আলো চাই, চাই বাঁচা

 

হাতের তালুতে আটকে থাকে পেন্ডুলাম  

চিহ্নিত সংখ‍্যায় ওজর আপত্তি ছাড়াই উঠে আসে বিকল্পের টিক টক    

সময় ও শব্দের মিশ্রিত দ্বন্দ্ব     

জানান দিয়ে তাগিদে রাখা…

পরিত‍্যাক্ত গির্জার দরজায়-

 

শুষ্ক পাতার স্তুপ, মাকড়সা

পুরনো রুমাল আরো কত কি!

আহ্বানের ঘন্টা থেমেছে কবে-

কে জানে…

বলা যায় ঈশ্বরপুত্র নেমেছেন

অন্ধকারে আলো হাতে—

Let there be light, yes light

 

স্থিতপ্রজ্ঞ পেন্ডুলাম-

আমিও আঁতুর,স্থবির দিশেহারা-

যথার্থ আলোর সন্ধানে…

 

হে নিশ্চুপ রাজা

 

নষ্টালজিক কিছুটা আবীর ঢালি

প্রেমিকের নামের পাশে-

বিলি কেটে ভোরের ঘনিষ্ঠতায়

রাখি মুগ্ধতার সোনার কাঠি-

 

রাজকুমারী জাগুক

 

বাইরে থেমে যাওয়া রাত আর

জানালা বেয়ে ঘুমের ইশারায় ঘুম

প্রতিচ্ছবি ভেঙ্গে  সুবর্ণরেখা এগিয়ে যায় মাদী হাতির পেছন পেছন-

 

হে নিশ্চুপ রাজা

কথা কও, কথা কও-

আমিও ঝড়না হয়ে নামি…

 

অফবিট

 

একটি পাঁচ ঘন্টার অবসর-

অসময়ে ক্লান্ত কাজলহীন

দুটি প্রেমে পড়া চোখ

 

দু-চারটি কাঠবিড়ালীর চণ্চলমতি চলনবিল   

সবুজ ঘাসে সকালের 

একচিলতে সোনা সোনা হেমন্ত—

 

বিদেশী শিশির  অথবা মাস্তানি-

শবনম ই গজল…

 

কাকে নিয়ে কবিতা লিখি

কলম হাতরে সাদা পৃষ্ঠায়-

অফবিটে পাঁচ ঘণ্টা—ভ্রুকুটিতে

ছুটি ফুরিয়ে যাচ্ছে অহরহ, অহৈতুক…

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন