![]() |
| কবিতার কালিমাটি ১৫৬ |
দুর্দিন
দ্রুত কমছে নদীর জল,
ক্রমাগত কমছে অরণ্য,
পাখিদের বিস্তার আজ প্রশ্নচিহ্নের মুখে।
মেঘে যতটা জল, তারচেয়ে বেশি বিদ্যুত।
প্রকৃতির উপর নির্ভরতা যত কমছে মানুষের,
ততই বাড়ছে নানান অনিশ্চয়তা।
প্রেম বদলে যাচ্ছে প্রলাপে।
আজও প্রকৃতির নিকটে গেলে
দলছুট মেঘেরা আবার ঘুরেফিরে কাছে আসে।
পাতার মর্মরে বেজে ওঠে বিরল পাখির কান্না ...
এভাবেই ফুরিয়ে যায় দিন, ফোরায় প্রেম।
আকাশের ক্যানভাসে জ্বলজ্বল করে শুধুই মানুষের দুর্দিন...
ছেঁড়া মানচিত্র আর রক্তাক্ত কাঁটাতারের গল্প
ছেঁড়া মানচিত্র আর রক্তাক্ত কাঁটাতারের গল্প
শুনতে শুনতেই কেটে গেল কয়েকটা প্রজন্ম
তবু রক্তক্ষরণ থামলো না আজও।
শুধু আমাদের স্বপ্নের ঘোড়সওয়াররা ফিরে ফিরে আসে,
সূর্যোদয় দেখাতে চেয়ে, গতিপথ হারানো কিছু নদীর
গল্প শুনিয়ে ফিরে যায়।
আর অস্তরাগের তীব্র জ্বরে পুড়ে যায় আমাদের জটিল
মানচিত্র,
পুড়ে যাই আমি, তুমি, আমরা সবাই।
অছিলা
আজকাল সময় পেলেই ফেরিঘাটে গিয়ে বসি।
দিনান্তের আলো খুঁজতে খুঁজতে
শান্ত নদীর নিরিবিলি স্রোত মাখি,
বিষণ্ন পাখিদের নদী ডিঙানো দেখি।
রোদ আড়াল করে রাখা ফাল্গুন
আর বৃষ্টিভেজা চৈত্রের দিগন্তরেখা দেখে
নিজেকে ভুলিয়ে রাখি,
তোমাকে ভুলে থাকার অছিলায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন