শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নিবেদিতা আইচ

 

সমকালীন ছোটগল্প

 

 

কবি ও কিংশুক


অন্যমনস্ক ভঙ্গিতে হেঁটে হেঁটে এতদূর চলে আসব ভাবিনি। নিজেকে সুগন্ধার সামনে আবিস্কার করলাম। এ শহরে এই একটাই পার্ক আছে তেমনটা কিন্তু নয়। তবু জানিনা কেন আজকাল আমি ভোরবেলায় হাঁটব বলে অনেকটুকু হেঁটে এসে শেষমেশ সুগন্ধায় ঢুকি পড়ি। আমার কবি বন্ধুকে নিয়ে বেড়াতে এসেছিলাম প্রথম যেদিন, শুধু এই নামটা নিয়েই সে বহুক্ষণ কাব্য করেছিল। অথচ নামের সঙ্গে বহিরঙ্গের দূর দূর অবধি সম্পর্ক নেই পার্কের। প্রায় সবকটা দেয়ালই কেমন ভাঙ্গাচোরা, তাতে নেশারুদের হরেক রকমের উদ্ভট বাণী, খোলা ময়দানের ভেতরের দিকটায় একপ্রান্ত খুলে আসা দোলনার সিটটা ক্রমাগত গোত্তা খেয়ে যায় উত্তুরে হাওয়ায়। রাতের বেলা হয়ত শব্দও হয় তাতে। একেবারে অদ্ভূতুরে হতচ্ছাড়া দশা যাকে বলে।

কবি বন্ধু আজ সকালে ফোন করে বলল- মনটা খুব খারাপ, চল একবার দেখা করি।

গেলাম সুগন্ধায়। আমরা অনেকটা পথ নিরবেই হেঁটে এলাম। কবির মুখে বিষণ্ণ হাসি। ওর দৃষ্টি অনুসরণ করতেই দেখি দোলনার সিটটা আর নেই, শুধু মরচে ধরা শেকল গোছের জিনিসটা দুলছে। অকেজো জিনিসটা গেল কোথায় কে জানে! হয়ত কেউ ফেলেই দিয়েছি বা নেশারুদের কেউ খুলে নিয়ে গিয়ে ‘ঝামেলা কিনি’তে বিক্রি করে নেশার টাকা জুটিয়েছে।

কবি বলল- কিংশুকের কথা মনে আছে তোর?

আমার কয়েক সেকেন্ড সময় লাগল কথাটা বুঝতে। সত্যি বলতে ওর মুখেই কিংশুকের কথা জেনেছি কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি আমাদের। বেশ অনেকগুলো বছর তো হয়ে গেল যেকোন জনসমাগম এড়িয়ে চলেছি আমি। ফলে বহু পরিচিত জনের সঙ্গেই আমার দেখা হয় না দীর্ঘদিন। মানুষের সঙ্গ যে আমাকে বিতৃষ্ণ করে ব্যাপারটা আসলে সেরকমও নয়, ব্যাপারটা আসলে কেমন তা ঠিক দুটো কথায় বলে ফেলার মতোও নয়। বরং কিংশুকের কথাই বলি।

প্রায় বছর পাঁচেক আগে বইমেলায় কিংশুকের সঙ্গে আমার কবি বন্ধুটির হঠাৎ দেখা, যে দেখায় সেই কবেকার স্কুলবেলার হারিয়ে যাওয়া বন্ধু দুজন আরেকটি বার মিলিত হল। ভীষণ উদ্যমী পুরুষ কিংশুক। সাংস্কৃতিক পরিমন্ডল ঘিরে থাকা, গুণী লোকজনের সঙ্গে ওঠা বসা। এমনকি বন্ধুদের নিয়ে নিজের প্রকাশনী খুলেছে সে, বইমেলায় নবীন লেখকদের বই নিয়ে স্টলও দিয়েছে।

কবির মুখে এসব গল্প যত শুনেছি ততই কল্পনায় কিংশুকের প্রাণবন্ত মুখটা দেখতে পেয়েছি আমি৷ এই সোশ্যাল মিডিয়ার যুগে জানিনা কীকরে যেন ওর কোনো ছবি আমার সামনে আসেনি কখনো।

তোর মনে আছে সেবার কিংশুক বেড়াতে এসেছিল এখানে?

বেশ মনে আছে আমার। আমি তখন সমুদ্রে গেছি ছুটি কাটাতে। সৈকতে বসে ফোনেই শুনলাম কিংশুককে নিয়ে আমার বাড়ির গেটের কাছে এসেছে কবি। ভর দুপুরে সেদিন আমাকে না পেয়ে হয়ত রেস্টুরেন্টেই খেয়ে নিয়েছে দুজন। অথচ কিংশুক নাকি কবির মুখে আমার রান্নার বিপুল প্রশংসা শুনে আতিথেয়তা পেতে আগ্রহী হয়েছিল। এই এতোগুলো দিন পরেও সেদিনের অনুপস্থিতির জন্য বিব্রত বোধ করি আমি।

আগ্রহ নিয়েই বললাম- কেমন আছে কিংশুক? ওর সঙ্গে আমার দেখাই হল না আর! ওকে একবার নিয়ে আসবি? দুপুরে খাবে আমার ওখানে।

কথাগুলো সে শুনতে পেল কিনা জানিনা। তার মুখে কোনো কথা নেই। আমি খানিকটা ইতস্তত ভঙ্গিতে এদিক ওদিক তাকাই। হাওয়ার তোড়ে এখন ধুলো উড়ছে, স্লো-মো ভিডিওর মতো পাতাদের দল ঝরছে। বৃষ্টির আভাস। এই ধুলোর ভেতরেই চোখ মেলে ওর দিকে তাকাই৷

আমার কথাতেই কিনা জানিনা, কবির চোখেমুখে ব্যথার ছাপ স্পষ্ট হয়ে উঠছে। একটা ভাঙাচোরা বাড়ির দেয়ালের মতো দেখায় ওকে। অথবা এই সুগন্ধাকে ঘিরে থাকা বা ঘিরে ছিল যেসব দেয়াল, তাদের মতো।

কবি থেমে থেমে উত্তর দেয় আমার প্রশ্নের। সেসব কথা এই জলমগ্ন হাওয়ায় উড়ে যাওয়া পাতাগুলোর মতোই মনে হয় আমার। তাদের হাতের মুঠোয় বন্দি করার ভঙ্গিতে কবির কথাটা হুবহু আওড়ে যাই-কিংশুক আর নেই..ও তো আর আসবেই না!

একটা সিলুয়েট রঙের বিষণ্ণ স্থিরচিত্রে যেন বন্দি হয়ে গেছি আমরা। বহুদিন পর হুহু করে কান্না পায় আমার। সেসব দিনের মতো, যখন কবি আর আমি উচ্চমাধ্যমিকের ছাত্র, বন্ধুত্বের দাবিদাওয়া ছাপিয়ে আমাদের প্রায় হয়ে ওঠা প্রেমটা জমাট বাঁধবে বলে প্রস্তুত, নিছক পারিবারিক কারণেই তাকে চেনা শহরটা ছাড়তে হল, আমাদের প্রেমটা আর হয়ে উঠল না। সেসব দিনের মত বুক ছাপিয়ে কান্না পায় আমার। কবির বুকটা কেমন ফাঁকা লাগছে তা যেন বুঝতে পারছি। আর এটাও বুঝলাম একজন অদেখা মানুষ আমাদের কথোপকথনের ভেতরেই কেমন কাছের মানুষ হয়ে উঠেছিল।

এই সুগন্ধায় বেড়াতে এসেই কবি একবার আমাকে বলেছিল-তুই কিংশুকের কবিতা পড়িসনি। তাই আমাকে কবি বলে ডাকিস!

তারপরেই আবার বলেছে- ভাগ্যিস পড়িসনি!

ওর মুখে ছেলেমানুষি হাসিটা দেখতে সেদিন ভালোই লাগছিল আমার। এই উদাসিন মানুষটাকে দিয়ে বই লিখিয়ে নিয়েছে কিংশুক। তখন বড় বিপন্ন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিল কবির জীবনটা। আমার প্রায়ই মনে হত জগত সংসারের সমস্ত নিয়ম ভুলে ওকে নিজের কাছে এনে রাখি, নয়ত কখনো ঠিক ওকে হারিয়ে ফেলব। আমাদের জীবন দুটো সমান্তরাল রেখার মতো অমিলিত থাকুক না কেন, অন্য রেখাটি যেন থমকে না যায় আমার আকাঙ্ক্ষা শুধু এটুকুই ছিল। সেরকম একটা সময়ে কিংশুকের সঙ্গে ওর দেখা হয়ে গেল। শুধু আমি জানি সেসময় ওরকম কারুর সঙ্গ কত জরুরি ছিল কবির জীবনে।

কবির বই বের হল পরপর দু'বছর। দূর শহরে দু'বারই কুরিয়ারে বই এলো আমার ঠিকানায়। প্রথমবার বই হাতে পেয়েই অনেক উচ্ছ্বাস নিয়ে কবিকে ফোন করেছি, কিন্তু সে বিচ্ছিন্নই রইল সারাটা দিন। তারপর যখন সাড়া পেলাম, শুরুতেই ক্ষমা চাইল সে। প্রথম বইয়ের উৎসর্গের পাতায় নিজের নামের জায়গায় কিংশুকের নাম দেখে আমি অভিমান করেছি এমনটা সে ধরেই নিয়েছিল। তার অনুমানটা মিথ্যে হলেও আমি কিছু বলিনি ওকে। ওকে বলিনি অদেখা সেই মানুষটির প্রতি একটা কৃতজ্ঞতা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। কাজেই উৎসর্গের ব্যাপারটা আমার কাছে বরং ভীষণ ভালো লেগেছে। কতদিন পর কবিকে হাসতে শুনে আমার মনটা ভরে ভরে উঠেছিল। ওর গলার স্বরটা কেঁপে যাচ্ছিল। প্রথম বই প্রকাশের পর কিছুটা ভয় আর তার দ্বিগুণ উত্তেজনামেশা অনুভূতিটাও আঁচ করতে পেরেছি আমি।

দ্বিতীয় বইয়ের পাতায় আমার নামটি দিয়েছিল কবি। পরে জেনেছি তা নিয়ে কিংশুক বেশ ফোঁড়ন কেটেছে। কবিকে বলেছে- প্রথম প্রেমের নাম প্রথম বইতে রাখিসনি, আমি প্রেমিকা হলে তক্ষুনি ত্যাগ করতাম তোকে।

আজ প্রথমবারের মতো কিংশুককে দেখলাম, কবির ফোনে। কানায় কানায় ভরা এক হাসিমুখ ছাপিয়ে গেছে পেছনের কালো ব্যাকড্রপ। আমার কল্পনার মানুষটির সাথে একেবারে মিলে না গেলেও হাসিটা বেশ চেনাশোনা মনে হল, আন্তরিকতায় ভরপুর। প্রথম দেখাতেই যে নাম ধরে বলতে পারে - আপনার কথা অনেক শুনেছি, চলুন এক কাপ চা হয়ে যাক!

আমার কাঁধে কবির দীর্ঘশ্বাস। মনে হল হয়ত ওর জমে থাকা কান্নাটা ঠাঁই পেতে চাইছে। আমি ওর মাথায় হাত রেখে উচ্চারণ না করেই বলি- কাঁদলে হালকা হয় মন।

কবি সময় নিচ্ছে। পুরুষের কান্নার জন্যেও প্রস্তুতি লাগে বোধ হয়। ওদের কান্নাগুলো জমে জমে বাষ্প হয়ে উড়ে যায় শূন্যে? কিংশুকেরও কি কান্না জমে ছিল বুকে, যা ঠাঁই পায়নি কোথাও! শুনেছি বছর দুয়েক ধরে ওর কারুর সঙ্গেই যোগাযোগ ছিল না। নিজেকে গুটিয়ে নিতে নিতে মিলিয়ে গিয়েছিল অনেকের ভাবনা থেকেই। কাছের বন্ধুদের নাগাল থেকেও নিজেকে সরিয়ে রেখেছে। আমার মনে আছে কবি বেশ কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছিল। গত এক বছরে কিংশুকের প্রসঙ্গে আমার সাথেও কোনো কথা হয়নি ওর। কী হয়েছিল- এই প্রশ্নটা তাই করতে পারব কিনা জানিনা।

কবি কাঁদছে কিনা বুঝা মুশকিল। বৃষ্টিটা নেমেছে। ধীর লয়ে। আমরা যে গাছের ছায়ায় বাঁধানো শানে বসে আছি, তাতে মাথাটা বাঁচলেও আমাদের গা ভিজতে শুরু করবে একটু পরেই। শেষ কবে বৃষ্টিতে ভিজেছি মনে নেই আর। একটা সময় একটু ভিজলেই ভীষণ মাথা ধরত কবির। এখন হয়ত আর তেমন নেই। বয়সটা চল্লিশ পেরোতেই কি শরীরটা সব সয়ে নিতে শিখে গেছে? আচ্ছা কিংশুকের কি শরীরের কোনো অসুখ করেছিল? নাকি মনের? আমার কেবলই মনে হয় ওর মনটাই হয়ত বিশ্রাম পায়নি অনেক অনেকগুলো দিন।

মুখ তুলে আকাশের দিকে চোখ মেলি। রঙটা ভীষণ সুন্দর দেখায়। একটা তীর্যক রোদ আর অর্ধবৃত্ত ছায়া রাস্তাটাকে বড়ো মায়াবী করে রেখেছে। আমি এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে ফিরে যাই বাড়ি। কবির শেষ কথাগুলি নিয়ে নাড়াচাড়া করতে করতে আমার মনে হয় -সত্যিই, মানুষের মানুষকে ভীষণ দরকার। নয়ত ভোঁ-কাট্টা ঘুড়ির মত হারিয়ে ফেলতে হয় বিনা নোটিশে, আচমকা। আর হারিয়ে ফেলতেই নির্মমভাবে মনে পড়ে যায় তুচ্ছ থেকে তুচ্ছ সব স্মৃতি। মনে হয় কত দরকারি ছিল ভাঙ্গা দোলনাটি, কিংবা এই এক চিলতে বিকেল ঘেঁষা দুপুরটাই, যা আর ফিরে আসবে না, কিংশুকের মতই হারিয়ে যাবে।

 



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন