![]() |
| সমকালীন ছোটগল্প |
বিউটি স্লিপঃ এক প্রেম কথা
এমন যুদ্ধের সময়ে কি করে লিখি ভালোবাসার গল্প? কে আর তেমন ভালোবাসে আজকাল? বহুদিন ধরে চাকার দাগ ঘাসে অথচ ফিরে আসছে না চাকা। আবদার এসেছে ভালোবাসার গল্প লেখবার। সুমনের একটা গান ছিল না, ক্রমবিস্মৃত ছোটবেলায় শোনা কথা-সুরের রেশ। ঠিক মনে পড়ছে না কথাগুলো তবে মোদ্দায় বক্তব্য ছিল, অসুন্দর সময়ে সুন্দর থাকার মধ্যে এক ধরণের বিপ্লব রয়েছে। বিশ্বজোড়া অশান্তি, যুদ্ধ, ফ্যাসিবাদ আর গণহত্যার দিনকালে ভালোবাসার গল্প লেখা কি প্রতিবিপ্লবী না হয়ে সুন্দর থাকবার প্রতিবাদ হিসাবে গণ্য হতে পারে? যে ভালোবাসা নিজের নিজত্বের বাইরে বেরিয়ে অন্য আরেকজন মানুষের আদলে নিজেকে ভেঙ্গেচুরে ফেলবার সাহস দেখায় সে আর যা হোক প্রতিবিপ্লবী হতে পারে না।
সমাজ-রাজনৈতিক পরিবেশ ভালোবাসার গল্প লেখার ক্ষেত্রে একমাত্র প্রতিকূলতা এমনটা ভাবলে ভুল হবে। ঐ যে বললাম, কে আর তেমন ভালোবাসে? আজকাল প্রেমটেম সেকেলে হয়ে গেছে। প্রেমে পড়ে না কেউ। ভালোবাসার মেক আপের আগেই ব্রেক আপ হয়ে যায়। পলিঅ্যামরি, সিরিয়াল মনোগ্যামি, ওপেন রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, ন্যানোশিপ—এমন কত না বিলিতি শব্দের পসরা! মোদ্দা কথা হল, প্রেম হচ্ছে না আর হলেও টিকছে না। সবাই যে যার ডিজি দুনিয়ায় ব্যস্ত। কেউ নিজের বাইরে বেরোতে পারছে না। ক্লাসঘর থেকে বেঞ্চ উঠে গেছে, কিন্তু ‘বেঞ্চিং’ জাতীয় জেন-জি লিঙ্গো জারি রয়েছে। সবাই যে যার একক প্রদর্শনী। একার ডেস্কে ভরে গেছে ক্লাসঘর। সবাই সমাজ মাধ্যমে যুক্ত অথচ ঘাড় নিচু করে ফোনের ভিতর একা। কথা মাত্রেই লিখিত। সব প্রিভিলেজড ছেলে-মেয়ে বা যারা ছেলে বা মেয়ের দ্বিত্বে বাঁধা নেই তারাও একে অপরকে প্রিভিলেজড বলে কল আউট করতে বেশি ব্যস্ত। সবাই ‘য়োক’, সদাজাগ্রত। শব্দটার মানে বদলে গেছে। মানুষ ঘুমোতে ভুলে গেছে। সবাই এত সজাগ আর সতর্ক যে ভালোবাসা বলেছে, ‘যা, খেলবো না তোদের সঙ্গে।’ কন্সেন্টের জটিলতায় দিশেহারা ভালোবাসা যাবার আগে বলে গেছে, ‘আমি অতশত বুঝি না আর বুঝে গেলে এতোটাই বদলে যাই যে তখন আমার নতুন নামকরণ প্রয়োজন হয়ে ওঠে।’ তাই এতশত বিলিতি শব্দ! ভালোবাসা আর কে বলে আজকালকার দিনে?
ভাগ্যের এমন পরিহাস যে এ গল্পের ২০০০ সালে জন্মানো নিউরোডাইভারজান্ট নায়ককে তার অধুনামৃত বাবামা নাম দিয়েছিলেন ‘প্রেমপ্রতাপ’। ভাবা যায়, ২৬ বছর বয়েসে নানা র্যাগ দিয়ে ওর বন্ধুরা এখন ওকে ইংরেজিতে পিপি আর প্রেপ্র বলে ডাকে। বাংলায় লিখবার সুবিধাহেতু আমি ওকে পিপি বলবো। পিপির বাবামা সহজ গল্পের ক্লিশেমতে ছোটবেলায় কার অ্যাকসিডেন্টে ফুটে গেলেন আর পিপি বড় হতে লাগলো দাদুদিদার কাছে। ছোটবেলা থেকে তার নানা সমস্যা ছিল। মনঃসংযোগ করতে পারতো না। মাথার ভিতর সবসময় কি যে মজলিশ বসতো শব্দকল্পদ্রুমের! ডাক্তার বলল, কগ্নিটিভ ডেফিসিট। হাই ফাংশনিং অটিজম নাকি অ্যাসপারজাস সিন্ড্রোম যা একবার অটিজম স্পেকট্রামে ঢোকে আর আবার কয়েকবছর বাদে স্পেকট্রাম থেকে বাদ পড়ে যায়। পিপি যে নিজেকে কি বলবে, বুঝতে পারতো না। ২০১৮ সালে ভোট দেবার বয়স হবার সময় ডাক্তারবাবু বললেন ‘নিউরোডাইভারজান্ট’ শব্দটাই বেস্ট। ব্যাস! ইমেইলের সিগনেচারে ‘নিউরোডাইভারজান্ট’ লেখা শুরু করলো পিপি।
প্রেমপ্রতাপ ইস্কুলের সময় থেকে ক্লাসের একটি মেয়েকে একটু আধটু পছন্দ করতো। মানে দেখে মনের ভিতর কেমন যেন করত। এই উচাটনের নামই কি ভালোবাসা? কে জানে? দেখা যাক! পিপির মাথায় এমনিতেই কত ছাইপাশের আনাগোনা, তাই এই ফিলিংকে সহজে আলাদা করতে পারতো না। তবে মেয়েটির (পাছে চিনে ফেলেন পাঠক, তাই নাম গোপন করা হল) মুখের দিকে তাকালে পিপির মাথায় একটা ছবি ভেসে উঠতঃ সেটা হল ঐ মুখের ঘুমন্ত রূপের ছবি। চোখ বন্ধ রয়েছে, অপূর্ব প্রশান্তি খেলা করছে মুখমণ্ডলে। পিপির মনে হত ঘুমানোর সময় বুঝি সবাইকে আরও সুন্দর লাগে! কিন্তু পরে ট্রেনে-বাসে-ফ্লাইটে অনেককে ঘুমোতে দেখে ভুল শুধরে নিয়েছে। অধিকাংশক্ষেত্রে উল্টোটাই বরং সত্যি। মুখ হাঁ করে খোলা, ঠোঁট বেয়ে লালা পড়ছে, মুখের ওপর বোকাবোকা, মরামরা ভাব, নাক ডাকা—সবমিলিয়ে ঘুমন্ত মুখ বেশ বিকট, উদ্ভট, এমনকি হাস্যকরও বটে।
তাহলে মেয়েটার মুখের যে ছবি পিপির মনোবিম্বে ফুটে উঠত তা সুন্দর কেন? এই সুন্দরতাই কি প্রেমের লক্ষণ? নিউরোডাইভারজান্ট বলে কি এমন ছবি ভেসে উঠত তার মগজে? একবার হলে একজনের ক্ষেত্রে তাও ঠিক ছিল কিন্তু এটা একটা প্যাটার্ন হয়ে উঠলো। পিপির যেসব মেয়েদের ভালো লাগত তাদের মুখের দিকে তাকালে তাদের সুন্দরতর ঘুমন্ত মুখের ছবি ফুটে উঠত ওর মনে। এতে সুবিধা কম অসুবিধা বেশি হত। পিপি মনঃসংযোগ করতে পারতো না; ওদের সঙ্গে ভালো করে কথা বলতে পারতো না। ঘুমন্ত মুখের ছবি ইন্টারফিয়ার করে এমন ফিয়ার তৈরি করত যে পিপি তাদের মুখ ছেড়ে পায়ের দিকে তাকিয়ে থাকতো। ঐ মেয়েরা ওকে নিউরোডাইভারজান্ট বলে জানতো কিনা জানা নেই, তবে পায়ের দিকে তাকিয়ে থমকে থমকে কথা বলায় ক্যাবলা নিশ্চয় ভাবতো। পিপি মনে মনে ঘুমন্ত মুখের থেকে জাগ্রত মুখের কম সুন্দর হবার কথা ভেবে দুঃখও পেত। বেশি সুন্দর আর কম সুন্দর মানে কি তা অবশ্য ঠিক বুঝত না। তাছাড়া পিপি নিজে কোথাকার উত্তমকুমার? কিন্তু কেন জানি না, ঘুমন্ত মুখের শান্তি, বন্ধ চোখের পাতা, আলতো খোলা ঠোঁট, ঈষৎ নড়ন্ত নাক—এসব ভারি টানতো আমাদের নায়ককে। যাক এই হস্তক্ষেপী মনোচিত্রের দৌলতে কতবার যে প্রেম জাতীয় কিছু একটা হতে হতেও হল না প্রেমপ্রতাপের। অথচ ডাক্তার ১৯ বছর বয়সে তাকে নিউরোএফিশিয়েন্ট ঘোষণা করে দিল। পিপি পড়াশোনায় ভালো ছিল। ম্যানেজমেন্ট পড়ে দিব্যি এক কর্পোরেট চাকরি পেয়ে গেল। দাদু-দিদা তততদিনে গত হয়েছেন। বাবার দিকের দাদু আগেই ছিলেন না, ঠাকুমাও পরে দেওয়ালে ফ্রেমড। কাছের পরিবার বলতে শূন্য আর দূরের পরিবার, ‘প্রেম করো, বিয়ে করো’ বলে পাগল করে দিতে লাগলো। অগত্যা অনলাইন ডেটিং।
পিপি যে আগে কখনো ডেটে যায়নি তা নয়। অনলাইন, অফলাইন দু-ই গেছে। কিন্তু ২৬ বছর বয়সে অরগানিক অফলাইন ডেটিং-এর সম্ভাবনা কমে যায়। অনলাইনের দরজা খোলা থাকে। অফিসে এক ফিমেল কলিগকে ভালো লাগতো বটে কিন্তু আবারো বাধ সাধলো ঘুমন্ত মুখের মেন্টাল ইমেজ। অথচ ডাক্তারবাবু যিনি পিপিকে দেখতে দেখতে অচিরেই বুড়ো হয়ে গেছেন তিনি তখনো বলে গেলেন পিপি আগের থেকে অনেক বেশি নিউরোটিপিকাল হয়ে গেছে। ডাইভারজেন্স আগের থেকে কমেছে। ওঁর মতে এটা পিপির সেকশুয়াল ফেটিশ, শয্যাসঙ্গমের ফ্যান্টাসি আরকি। শুতে চায় বলেই ঘুমন্ত মুখ দেখে। পিপির কি তবে মন নেই? খালি কাম? অথচ ওর ধারণা ছিল যেসব মেয়েদের ক্ষেত্রে এমন হয় তাদের ও পছন্দ করে বলেই এটা হয়। ডাক্তারবাবু অবশ্য খুব অন্যকিছু বলছেন না। তাঁর মতে ঐ পছন্দ ব্যপারটা কামুক, এই যা! পিপি নিশ্চিত হতে পারে না। যৌনতা বলতে ২৬ বছরের জীবনে সে হাতযশ ছাড়া বিশেষ কিছু করে উঠতে পারেনি। আজকাল আবার একে নিজস্ব এক নাম দেওয়া হয়েছেঃ অটোসেক্শুয়াল। পিপি কি তবে নিজের প্রেমে নিজেই প্রতাপ, নিজের কামে নিজেই কামুক? হাতযশ কার না থাকে, তা বলে কি অন্য কারুর সঙ্গে প্রেম হবে না? এ আবার কেমন কথা?
প্রথম যেদিন বেশ কয়েক সপ্তাহ কথা বলার পর মেয়েটির সঙ্গে দেখা করতে গেল এক ক্যাফেতে, প্রথম ডেটে যে বিছানা ঢুকে পড়বে, বোঝেনি পিপি। মেয়েটির সঙ্গে মুখোমুখি কথা বলতে ভালো লাগছিল, যেমন চ্যাটেও লেগেছিল। ঘুমন্ত মুখ কড়া নাড়লেও তাকে খানিক দমিয়ে রাখতে পারছিল। চোখ একটু ছোট করে মেয়েটির মুখের দিকে আবছা তাকিয়ে কথা বলছিল যাতে ইন্টারফিয়ারেন্স কম হয়। ঘণ্টাখানেক কথা বলার পর মেয়েটি যখন বলল সে কাছেই থাকে, পিপি না বলেনি। ফ্ল্যাটে ঢুকতে না ঢুকতেই চুমু, সোফায় হাল্কা মেক আউট আর তারপর স্ট্রেট টু বেড। ভার্জিন পিপি জীবনে প্রথমবার সেক্স করলো। প্রোটেকশন ছিল বাট ওয়াজ হি গুড ইন বেড? সে প্রশ্নের উত্তর হয়ত খুব খারাপ নয়। অন্তত মেয়েটি ওকে ইন্টারকোর্সের পর চলে যেতে বলল না। ওর পাশে শুয়ে রইলো পিপি। দুএকটা কথা বলবার পর মেয়েটি ঘুমিয়ে পড়লো আর এই প্রথম কোনো পছন্দ হওয়া মেয়েকে সত্যি সত্যি নিজের চোখে নিজের পাশে ঘুমোতে দেখল পিপি। মাথার ভিতর কি যে ওলটপালট হল সারা রাত জুড়ে তা নিজেও বুঝতে পারলো না। যেসব স্পিচ বাবল ঘুরপাক খেল মগজে তার ভিতর স্পিচ ছিল না। ভাষায় প্রকাশ করা যায় না কি হল কিন্তু অপলক দৃষ্টিতে সারারাত মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলো পিপি। মাঝেমাঝে মেয়েটি নড়চড়ে উঠলে পাছে ওকে ক্রিপ ভাবে, তাই চোখ সরিয়ে নিয়ে ওপাশ ফিরে শুলো কিন্তু তাছাড়া প্রায় সারারাত তার নজর রইলো মেয়েটির ঘুমন্ত মুখের দিকে।
পরদিন সকাল থেকে পিপির মাথায় কেবল ঐ মেয়েটির ঘুমন্ত মুখ। এরপর যে কোন মেয়ের সঙ্গে ডেটে গেলে ঐ মেয়েটির ঘুমন্ত মুখ দেখতে লাগলো পিপি। তবে কি এরই নাম প্রেম নাকি স্রেফ আরেকটি মেয়ের সঙ্গে শুলে আর তার ঘুমন্ত মুখ দেখতে পারলে তারপর থেকে তার মুখই দেখতে থাকবে পিপি? কি জ্বালা! প্রশ্নের উত্তর মিলছিল না কারণ ঘটনাচক্রে তার আর কোনো ডেট বেড পর্যন্ত পৌঁছচ্ছিল না। পিপি ডেটে যাওয়া বন্ধ করে ঐ প্রথম ডেটের মেয়েটির সঙ্গে আবার দেখা করা শুরু করলো। মাঝেমাঝে সেক্স হচ্ছিল কিন্তু মেয়েটি নো স্ট্রিংস অ্যাটাচড গোছের সম্পর্ক চায়। দু’তিনবারের পর একদিন সাহস করে তাকে মনের কথা বলে দিল পিপি।
- তোমাকে একটা কথা বলার আছে। আই থিঙ্ক আই লাভ ইউ।
ওহ শিট!
- আরে না শিট নয়, জাস্ট লিসন টু মি একবার।
- ওকে? যা বলার তাড়াতাড়ি বলো, আই ডোন্ট হ্যাভ এ লট অফ টাইম টুডে।
- আসলে আজকাল আমি তোমার মুখই দেখে বেড়াই রাত্রদিন। সব মেয়ের মুখে তোমার মুখ। যেসব পুরোনো দিনের গান ছোটবেলায় পছন্দ করতাম না এখন সেসব ট্যাকি রোম্যান্টিক গান মানে কুমার শানু টাইপ খুব পছন্দ হয়, যেমন ধরো ‘যব কিসি কি তরফ দিল ঝুকনে লগে।’
- ঝুকনে লগে মাই ফুট! আমি তো তোমায় আগেও বলেছি আই ওয়ান্ট টু কিপ দিজ ক্যাজ। অফিসে কাজের চাপ রয়েছে। সদ্য একা থাকতে শুরু করেছি। আই অ্যাম জাস্ট আবাউট পিভটিং মাই লাইফ। নো টাইম ফর কমিটেড লাভ। অন্তত এখন নয়।
- শোনো না, আরেকটা জটিলতা আছে। আমার না কোন মেয়েকে পছন্দ হলে তার ঘুমন্ত মুখের ছবি ফ্যন্টাসাইজ করবার পুরোনো অভ্যাস। তোমার ক্ষেত্রে প্রথমবার সেটা হয়েছে ইন রিয়ালিটি। তোমায় বলেছিলাম না, ইউ আর মাই ফার্স্ট সেক্স।
- হ্যাঁ, মনে আছে অ্যান্ড দ্যাটস কিউট কিন্তু ফার্স্ট সেক্স মানে কি আর ফার্স্ট লাভ নাকি?
- না তা নয় কিন্তু তোমাকে আমি প্রথম সত্যিসত্যি ঘুমোতে দেখেছি মানে ইন আ রোম্যান্টিক ওয়ে, আফটার সেক্স।
- সো?
- তাই তারপর থেকে যে কোনো মেয়ের সঙ্গে ডেটে গেলে তোমার ঘুমন্ত মুখটা মনে ফুটে উঠছে। আই কান্ট গেট ইট আউট অফ মাই মাইন্ড।
- WTF! তুমি কি সাইকো নাকি? এতো ঝামেলায় পড়লাম মনে হচ্ছে! দেখো ডুড, লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। আমি তোমায় ভালোবাসি না, বড়জোর পছন্দ করি, তাও করতাম, এই পর্যন্ত। ইউ আর সুইট অ্যান্ড দ্য সেক্স ইজ নট ব্যাড ইদার। ব্যাস, আর কিছু না। তোমার এসব ফ্যান্টাসি ট্যান্টাসির কথা শুনে মনে হচ্ছে, দিজ শুড বি আওয়ার লাস্ট ডেট। বাই।
মেয়েটি উঠে বেরিয়ে গেল ক্যাফে থেকে। পিপির মাথার ভিতর তখন ‘কল হো না হো’-র স্যাড ভারশান বাজছে। মনের দুঃখে বাড়ি ফিরে ডিনার না খেয়ে ঘুমিয়ে পড়লো। সেদিন রাতে স্বপ্নে বারবার নিজের ঘুমন্ত মুখ ঘুরে ফিরে এলো। নিজেকে ঘুমন্ত অবস্থায় দেখবার সৌভাগ্য বা দুর্ভাগ্য কম লোকেরই হয়। মনে আছে কলেজে স্লিপওভারের সময় একবার তার এক বন্ধু পিপি এবং অন্য দুজনের ঘুমোবার ছবি দিয়ে দিয়েছিল টুইটারে। সে নিয়ে কি হাসিঠাট্টা হয়েছিল তারপর। পিপির ঘুমোবার ছবি বেশ খারাপ ছিল। কামড়ে দেবার মত এক্সপ্রেশন ছিল মুখে। বিরক্ত লেগেছিল তখন। এবারও লাগলো। ঘুমের মধ্যে নিজেকে ঘুমন্ত অবস্থায় দেখা সুখপ্রদ নয়। এমনিতে তাকে দেখতে উত্তমকুমারের মত নয় আর ঘুমিয়ে আরও অধমকুমারের মত লাগছিল।
১৯৬৪ সালে অ্যান্ডি ওয়ারহল ‘স্লিপ’ নামে ৫ ঘণ্টা ২১ মিনিটের এক সিনেমা বানিয়েছিলেন যেখানে একজন কেবল ঘুমিয়ে যাচ্ছে আর ক্যামেরা তার এক্সট্রিম ক্লোজ-আপ নিয়ে চলেছে। এহেন অ্যান্টি-ফিল্ম নিজেকে ঘুমোতে দেখবার মত বোরিং। বোরিং নাকি ভয়ের? পিপির নিজেকে ঘুমোতে দেখে নিজের মৃত্যুর কথা মনে হল, যেন সে নিজেই নিজের মৃত্যুকে দেখতে পেয়েছে স্বপ্নে। তবে কি মেয়েদের ঘুমন্ত মুখ মানে তাদের মৃত মুখ? নিজের অজান্তে ঘুমের অছিলায় কি অন্যের ও নিজের মৃত্যুকে ভালোবেসে এসেছে প্রেমপ্রতাপ? এ কি মৃতদেহহীন নেক্রফিলিয়া?
পরের রাত থেকে ইন্সমনিয়া পেয়ে বসলো পিপিকে। ঘুম প্রায় নিরুদ্দেশ। কিন্তু এ প্রেমে ঘুম না হবার মত নয়। ঘুমোলে আর ঘুম ভাঙবে না এহেন ভয় গেঁড়ে বসলো মনে। চোখের পাতা এক করলেই মনে হতে লাগলো, চোখ আর কোনোদিন খুলবে না। শেষরাতে ঘুম আসলেও একটু বাদেবাদে ভেঙে যেতে লাগলো। কি করবে কিছু বুঝতে না পেরে পিপি স্লিপ ডক্টরের কাছে গেল। তিনি নিয়ম করে স্লিপ টেস্ট করে বললেন, অ্যাপ্নিয়া বা স্লিপ প্যারালিসিস নেই, কোন একটা মেন্টাল ব্লক হচ্ছে। পিপির থেকে সব শুনে ডাক্তার তাকে স্লিপিং এইড এবং কিছু ঘুমের ওষুধ দিলেন। রাত্রিবেলা স্লিপ সাউন্ড অ্যাপে বৃষ্টি জাতীয় নানা সুদিং শব্দ শুনতে শুনতে পিপির মনে ফিরে এলো তার প্রথম সেক্শুয়াল পার্টনারের ঘুমন্ত মুখমণ্ডল। ও দেখল মেয়েটির মুখের উপর অনর্গল বৃষ্টি পড়ে চলেছে। চোখের পাতা নড়ছে। তার মানে রেম স্লিপ। হঠাৎ খুলে গেল চোখ। মেয়েটির চোখের ভিতর চলে যাচ্ছে বৃষ্টির ফোঁটা। আবার বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে ও কাঁদছে। ক্রন্দনরত মুখমণ্ডল বদলে যাচ্ছে। যেমন হাসিকান্নাঘুমে পাল্টে পাল্টে যায় মানুষের মুখ। বেশি ঘুমে ফুলে যায় আর কম ঘুম হলে কেমন যেন চুপসে যায়। প্রেম করতে গিয়ে প্রেম হল না, উল্টে স্লিপ পেশেন্ট হয়ে গেল আমাদের গল্পের নায়ক। জেন জি হলেও পিপির ‘য়োক’ হওয়া হল না। এরপর? পাঠক, শুনুন, আপনাকে তিনটে এন্ডিং দিচ্ছি। চয়েস ইজ ইওরসঃ
১। এরপর পিপি ঘুমের ভিতর স্বপ্নের জগতে তার প্রেমপিরিত চালিয়ে গেল। কখনো নিজের ঘুমন্ত মুখ আবার কখনো মেয়েটির। আত্মপ্রেম না পরপ্রেম, বোঝা দায় হয়ে গেল। জাগ্রত বাস্তবে পিপি একাই রয়ে গেল।
২। এরপর পিপি তার প্রথম সেক্শুয়াল পার্টনার মেয়েটির সঙ্গে আবার যোগাযোগ করলো আর ক্যাশুয়াল নো কমিটমেন্ট সম্পর্ক বজায় রাখল। খালি আফটার সেক্স মেয়েটা মাঝেমাঝে ঘুমের ভান ভেঙে চোখ টেরিয়ে দেখত পিপি তাকে হাঁ করে দেখছে কিনা। না, দেখছে না। আশ্বস্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ত তখন। দেখুক আর না দেখুক, পিপি কি ঘুমোতে পারত ওর পাশে শুয়ে?
৩। এরপর পিপি প্রেমটেম ছেড়ে কল্পনার চোখ দিয়ে ঘুমন্ত মেয়েদের পোর্ট্রেট আঁকতে শুরু করলো। দারুণ আঁকতে পারতো এমন নয় কিন্তু হ্লাকা স্কেচ করতে পারতো। ইন্টারনেট ঘেঁটে দেখল, বহুদিন ধরেই ঘুমন্ত নারীর ছবি আঁকা হচ্ছে। হাত পাকাতে সেগুলোর কপি করতে শুরু করলো পিপি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন