![]() |
| সমকালীন ছোটগল্প |
কাবাড়িওয়ালা
ভাঙাচোরা বাতিল মোবাইল আছে... ল্যাপটপ আছে পুরনো কম্পিউটার আছে... একটা অদ্ভুত টোনে কথাটা টেনে টেনে উচ্চারণ করত লোকটা। বেলা এগারোটার দিকে আসতো। রবিবার করে বা হয়ত অন্য দিনেও আসতো। অরূপ তখন অফিসে। সেই সময় অরূপ সত্যিই রূপবান ছিলো। মাথাভর্তি বাবরি চুল লম্বা এবং স্টাইলিশ ছিল অরূপ। সে আর সুচিত্রা দুজনেই সরকারি চাকরি করতো। ওই সময় এই লোকটা আসতো। অরূপ নিজেই দুবার দুটো মোবাইল একে বিক্রি করেছিল। তারপর আর খেয়াল করেনি অনেক বছর। ছেলে বড় হয়ে বিদেশে। ছোটো ছেলে ব্যবসা করে এখানেই। বিয়ে থা নাতি। অনেক বছর কেটে গেছে। অনেকবার জানলা পাল্টে এগিয়ে গেছে পঁচিশ অথবা ত্রিশ বছর।
একদিন খেয়াল করেছিল লোকটা আর আসে না। রাস্তা থেকে টার্ন নিয়ে গলি আর দেবদারু গাছের সারির ওপারে পাঁচিল। এই দোতলার বারান্দায় এখনও রোদ পড়ে। পঁচিশ বছর পরেও। অরূপ বসে থাকে চাকাযুক্ত চেয়ারে। এখন অরূপের সব রূপ খসে গেছে। টাক মাথার ধারে ধারে রেশম সুতোর মতো দুপাশে দু চারটে চুল ঝুলে থাকে। মুখের একপাশ ঝুলে গেছে গলায় কুঞ্চিত চামড়া। সেদিন আবার হঠাত আওয়াজ পেলো পুরনো ভাঙা...। অরূপের বছর দুই আগে কার্ডিয়াক আক্রমণ হয়েছে। আর ডান পাশটা অকেজো মানে পক্ষাঘাতগ্রস্থ হয়ে গেছে। সুচিত্রা অবশ্য তার আরো তিনবছর আগেই কর্কট রোগের কাছে পরাজিত হয়েছে। দেবদারু গাছের সারির ওপারে পাঁচিল। এই দোতলার বারান্দায় এখনও রোদ পড়ে। পঁচিশ বছর পরেও। অরূপ বসে থাকে চাকাযুক্ত চেয়ারে।
একটা পরিত্যক্ত ওয়াগনের ভেতর হাড় মাস চামড়ার ভেতর স্তুপ হয়ে আছে কিছু প্রাণ। পেচ্ছাব আর মলের পচা খাবারের গন্ধ। এখানে ক্ষীণ আলো কখনও ঢোকে বা ঢোকে না। ওয়াগনের দরজা খুললে একটা বিকট গন্ধ প্রথমেই এসে লাগে।
সুদেব আসে এখানে মাল জমা করে। তারপরে লাইনে দাঁড়ায়। একটা লোক গাছের নিচে বসে খাতায় হিসেব লেখে। এখানে মোবাইল কাজ করে না। সুদেব একই ভাবে দেখছে লোকটাকে। কোনও চেঞ্জ নেই গত দশ বছর ধরে। মুখ প্রায় তোলে না বলতে গেলে। যে কটা মাল জমা পড়ে সেই মতো টাকা। সুদেব ভাঙাচোরা ল্যাপটপ কম্পিউটার মোবাইল কিনে জমা করত যেখানে সেখানে আর তেমন সুবিধে হচ্ছিল না। এটা সেটা লাইন চেঞ্জ করতে করতে গত দশ বছর আগে ফিরেছে এই লাইনে। লোকটা যেখানে বসে আছে তার পাশ দিয়ে সরুপানা একটা নদী কিছুদূর গিয়ে জঙ্গলে জল শেষ, মরা নদীর সোঁতা কেবল এখন। একবার সুদেব গিয়ে দেখে এসেছে। এই জঙ্গলের মধ্যে আছে কঙ্কালপুরের কারখানা। ওয়াগনের মাল সুদেবকেও মাঝে মাঝে পৌঁছে দিতে হয়।
ভাঙাচোরা বাতিল মানুষ। এখন সুদেবের ওটাই কাজ। শহরে সকাল হলে বেরিয়ে পড়ে সাদা ভ্যানগাড়ি নিয়ে আর মাউথপিসে হাঁকে ভাঙা চোরা বাতিল মানুষ বিক্রি...। অনেকেই সাজানো ঘরে বাতিল অশক্ত মানুষ রাখতে চায় না। ঘরের শোভা নষ্ট। খরচ। বেচে দেয়। কঙ্কালপুরের কারখানায় মানুষ নেই সব ওয়ার্কার রোবোট। এখান থেকে এইসব বাতিল মানুষের অঙ্গ বিদেশে রপ্তানি হয়। মাংস। দুনিয়া ভর্তি চিড়িয়াখানার বাঘ সিংহ নেকড়ের খাবার সাপ্লাই। তাছাড়া উন্নত দেশের মহাকাশ গবেষণাকেন্দ্রেও এখন মানবতাবাদী আন্দোলনের জন্য লালির মতো নিষ্পাপ সারমেয় পাঠানো যায় না মহাবিশ্বে। প্রাণীর ওপর ইহলোকের বাইরের নানা রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষা নিরীক্ষার জন্য এইসব অকেজো ভাঙাচোরা সমাজ নির্বাসিত মানুষ উপযোগী। তাদের পাঠানো হয়। সুদেব যেদিন গলিতে ঢুকলো পুরনো পাড়ায় ততদিনে অরূপ খুব পুরনো যন্ত্র হয়ে গেছে। সেদিন থেকে ওয়াগনে রাখা অবধি এসে সুদেবের সঙ্গে পরিচয় হলো অরূপের। পঁচিশ বছর পরে। আজ কারখানায় অরূপকে পৌঁছে দিতে এসেছে সুদেব। কঙ্কালপুরের কারখানায় মাল পৌঁছে দেবার টাকা আলাদা। বাড়তি। ত্রিশ হবে হয়ত!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন