শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শুদ্ধেন্দু চক্রবর্তী

 

ধারাবাহিক উপন্যাস

ইন্দ্রপুরী রহস্য

 


 

(পনেরো)

স্রকেষু বপ্সতঃ

 

প্রকৃতিরও অবসাদ হয়। মানুষের মনের মতোই তার উৎফুল্লতা আর অবসাদভাগ পারিপার্শ্বিক পরিবেশ দেখলেই বোঝা যায়। আজ তেমনই এক অবসাদগ্রস্ত দিন। আকাশ মেঘলা। বঙ্গোপসাগরে নিম্নচাপ। বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। দুইদিন হয়ে গেছে বিনতা আমাদের ছেড়ে চলে গেছে। এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছিলাম না মন থেকে। বিনতা আমার অতীতের সঙ্গে বর্তমানের একটা সংযোগ তৈরি করেছিল। তার এই চলে যাওয়া সেই সেতুটিকেও ভেঙে দিল। আশুদাও কেমন চুপচাপ হয়ে গেছে। তার মুখচোখ দেখে বুঝতে পারি এক নাছোড় জেদ চেপে বসেছে তার মনের ভিতর। পুলিশ অফিসার নাসিমা আখতার আশুদাকে আসিফের পার্লারের বাইরের সিসিটিভি ফুটেজগুলো পাঠিয়েছে। সেখানে ঘটনার চার পাঁচ দিন আগে সুরেন্দ্র যাদবের মতো এক ব্যক্তিকে পাওয়া গেছে। আর ঘটনার দিন সেই ভয়ানক হেলমেটধারী পুরন্দরকেও দেখা গিয়েছে। আশুদা দুজনের ছবিই ঝুম্ করে বারবার দেখছিল। নিজের মনেই বলে উঠছিল, "আশ্চর্য! আশ্চর্য ব্যাপার!" আমি কোনও প্রশ্ন জিজ্ঞেস করিনি। এই সময়টা আশুদার কথামতো সিন্থেসিসের। ঘটনার সত্যতা আর মনের যুক্তি একটা অবয়ব ধারণ করছে এই সময়ে। সকালে কলেজে বের হবার সময় আশুদা বলল,"তোর গায়ে ব্যথা নেই তো?" আমি ঘাড় নেড়ে না বললাম। আমাকে কাছে ডেকে বলল, "দুটো ছবি পাশাপাশি রেখেছি দেখ। কাঁধের গড়ন, দাঁড়াবার কায়দা। ভালো করে দেখ। কী দেখছিস?"

একটি ছবি সুরেন্দ্রর, অন্যটি পুরন্দরের। দুজনেরই মুখ ঢাকা। একজনের হেলমেটে, অন্যজনের হুডে। আমি বুঝতে পারছি না দেখে আশুদা বলল।

 

-আমস্পটের্ডামে আমার একজন নিউরোসার্জেন বন্ধু আছে। প্রফেসর রবার্ট। আমাদের একসঙ্গে একটা গবেষণাপত্রও আছে। প্রফেসর রবার্টের কাছে একদিন এক মাঝবয়সী মহিলা আসেন বিচিত্র সব লক্ষ্মণ নিয়ে। কখনও তিনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, কখনও হ্যালুসিনেট করছেন, কখনও স্ট্রোকের মতো লক্ষ্মণ, কখনও আবার স্মৃতিভ্রম। এদিকে মাথার সমস্ত রকমের ছবিতে কিছুই পাওয়া যাচ্ছে না। তখনও বিজ্ঞানে আজকের মতো অত্যাধুনিক সব ইমেজিং আসেনি। রবার্ট ঠিক করল সার্জারি করবে। অসুখ তো একটা নয়, অসুখের সমষ্টি। যাকে বলে 'সিণ্ড্রোম'। ফলে সার্জারিটা ক্রিটিকাল। সেইমতো কনসেন্ট নেওয়া হল। আমি তখন একটা কনফারেন্সে যোগ দেবার কারণে অ্যামস্টারডামেই ছিলাম। রবার্ট ঠিক করল আমাকেও সার্জিকাল টিমে রাখবে। যদিও আমি তো সার্জেন নই।রবার্ট আমাকে চাইছিল আমার মতামতের জন্য। ওটিতে আমি ওকে ব্রেইনস্টেমে খুঁজে দেখতে বললাম। মন বলছিল রোগিনীর এতো সব লক্ষ্মণের উৎস একাধিক কারণ নয়। আমার অনুমান মিলে গেল। ব্রেইনস্টেমের মোক্ষম জায়গায় মিলে গেল একটা ছোট্ট অ্যানিউরিজম। মাকাল ফলের মতোই সেখানে রোগিনীর বেসিলার ধমনী গুল্টি পাকিয়ে ছিল!"

আমি হঠাৎ আলো খুঁজে পাই।

-বুঝতে পেরেছি তুমি কি অনুমান করছ।

-কী অনুমান করছি বল?

-সুরেন্দ্র যাদব আর পুরন্দর দেব আসলে এক লোক!

-ব্রাভো অর্ক। এই ধারালো ব্যবচ্ছেদটুকুই আমি দেখতে চাই তোর মগজে। তবে এখনও এটা অনুমান। নিশ্চিত করে বলবার সূত্র আন্দাজ করলেও সেটা পুরোপুরি এখনও আমার হাতে আসেনি। এখন যা বলছি মন দিয়ে শোন। বিনতার খুনটা আমাকে খুব অপরাধবোধে ভোগাচ্ছে। আমাকে এইবার এই রহস্যের ইতি টানতে হবেই। সেই কারণে আমি কিছুদিন আবার কাজে বের হব। কিন্তু তোকে এই তদন্তর কাজ চালিয়ে যেতে হবে।

আমি আকাশ থেকে পড়ি। আশুদার অবর্তমানে আমি কীভাবে এগোব। আশুদা হেসে বলল।

-চিন্তা করিস না। কী কী করতে হবে আমি বলে যাব। আজ কলেজ থেকে ফিরে টেবিলের ওপর দেখবি একটা চিরকুট রয়েছে। সেই চিরকুটে যেমন যেমন লেখা আছে সেইমতো এগোবি। আমি নির্দেশ পাঠাব যথাসময়ে। এই পুরন্দর দেব লোকটা ধুরন্ধর। মন বলছে আমাদের প্রতিটা পদক্ষেপ ও আগে থেকে জেনে যাচ্ছে। কিন্তু কীভাবে? ওই টেলিগ্রাম গ্রুপে কারা কারা আছে, তার একটা তালিকা বানাবি। আর কী কী করতে হবে যথাসময়ে আমি তোকে বলে দেব...

 

আশুদা বলেছিল বেদমতে দেবতারা খাবার চালকে ভাতে পরিণত করবার প্রক্রিয়াকেও পূজার্চনার রূপ দিয়েছিল। "উপ স্রকেষু বপ্সতঃ কৃণ্বতে ধরুণং দিবি। ইন্দ্রে অগ্না নমঃস্ব।" আমাদের এই অভিযানে সত্যসন্ধান ক্রমশ সেই অগ্নিসম্ভুত অন্নর রূপ পাচ্ছে যেন। সন্ধ্যায় ঘরে ফিরে আশুদাকে পেলাম না। বসার টেবিলে কথা মতো আশুদা একটা চিরকুট রেখে গেছে। তার মোবাইল স্যুইচ অফ। সেই চিরকুটে লেখা,"ইন্দ্রপুরী অ্যাপার্টমেন্টে একবার নবনীতার কাছে যাবি। জিজ্ঞেস করবি সত্যিই সেদিন কী ঘটেছিল। বিনতার মৃত্যুর কথা ও জানে। যা জানবি শুধু আমাকেই বলবি। মেসেজ করবি দু তিন শব্দে। ফোন করবি না।"

 

অগত্যা আশুদার কথামতো বেরিয়ে পড়লাম ইন্দ্রপুরীর উদ্দেশ্যে।প্রথম যেদিন এই আবাসনে ঢুকেছিলাম, যে প্রকাণ্ড নরখাদকের মতো টাওয়ারগুলো আমাকে গিলতে আসছে মনে হচ্ছিল, আজ সেই টাওয়ার আর তাদের বাসিন্দাদের মনে হল বড় অসহায়। এক মহাপ্রলয় রচনা করে চলেছে পুরন্দরের মতো মানুষ। যারা মানুষ মারতে দ্বিধা করে না। হত্যা তাদের কাছে মনোরঞ্জন। আর এই বাসিন্দারা সেই নরখাদকের খাদ্য। নবনীতা ফ্ল্যাটে একাই ছিলেন। কে জানে তিনি জানতেন কিনা, আমি আসব। বেল দিতেই দরজা খুলে দিলেন। বসার ঘরে মুখোমুখি বসলাম তার সামনে। মনে মনে ভাবছিলাম এই মুহূর্তে আমার জায়গায় আশুদা থাকলে কী বলত। মনে মনে এক প্রবেশক তৈরি করে নিলাম।

-অনেক কিছু আপনার কাছে জানার আছে ম্যাডাম। এখনও সত্যিটা লুকিয়ে রাখলে বিনতার মতো আরও অনেকগুলো খুন হতেই থাকবে। প্লিজ সাহায্য করুন আমাদের।

নবনীতা মাথা নীচু করে বসে রইলেন। আজ প্রসাধনহীন অবস্থাতেও তাকে রোমান ভাস্কর্যর মতো সুন্দরী লাগছিল। চোখের কোণায় জল মুছে তিনি বলতে লাগলেন।

-আসলে কী জানেন? আজও এই সভ্যতায় আমাদের মতো মেয়েদের ভূমিকা শুধুই দর্শক আর নেপথ্যচরিত্রের মতো। শুভায়ু আমাকে সন্দেহ করত। ভাবত আমি অন্য কেউ। আমাকে কখনও মুক্ত হতে দেয়নি, অভিনয় করতে দেয়নি। আমার জীবনের সেই শূন্যতা পুরণ করেছিল ব্রজলাল। আমি জানতাম ব্রজলালের জীবনযাত্রায় অনেক আলোআঁধারি লুকিয়ে আছে। তবু সেই অন্ধকারের ভিতরে লুকিয়ে থাকা সামান্য আলোর খোঁজেই আমি তার কাছে ধরা দিয়েছিলাম। শুভায়ুর মৃত্যু আমাকে তেমন রেখাপাত করেনি। কিন্তু তখন বুঝিনি, সেই মৃত্যু আসলে এক মৃত্যুসরণীর ভূমিকা মাত্র...

নবনীতা একটু থেমে জল খেলেন। তারপর আবার বলতে লাগলেন।

-সেদিনের ঘটনার ব্যাপারে আপনাদের কাছে দুটো ঘটনা লুকিয়েছিলাম আমি। লুকোনোর কারণ ব্রজলাল আর পুরন্দর। এই পুরন্দর লোকটিকে আমি চিনি না। ব্রজলালই তার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেয়। যতোবার ওই পুরন্দর লোকটা আমার সামনে এসেছে, ওর মুখ হেলমেটে ঢাকা থেকেছে। ও প্রথম এসেছিল আমার শরীরে একটা ট্যাটু করতে। ব্রজলালই অনুরোধ করেছিল। একদিন আমাকে কানে কানে ব্রজলাল বলেছিল,'মৌত অউর মহব্বত, দোনো অমর হোতা হ্যায়।'আমি বুঝিনি তার মানে। এই 'উনালোম' চিহ্নর কথা শুভায়ু জানত না। শুভায়ুর সঙ্গে আমার দূরত্ব বেশ কয়েক বছর। ব্রজলাল বলেছিল, এই চিহ্নর মানে হল 'মুক্তি'। নির্বাণ। তখন বুঝিনি। আজ বুঝেছি। এই মুক্তি আসলে মৃত্যু...

আবার খানিক থেমে নবনীতা বলতে থাকল।

 

-ঘটনার দিন ঘরে পুরন্দর ছিল। আর ছিল ডাক্তার অলোকেশ দত্ত। শুভায়ুকে আটকে রাখা যাচ্ছিল না। সেদিনকার ওর ওই সাঙ্ঘাতিক আস্ফালনের কথা ভাবলে আজও আমার বুক ধড়ফড় করে। শুভায়ু আমাকে মারতে গিয়েছিল। পুরন্দর ওকে চেপে ধরল পিছন থেকে। অলোকেশের কাজ ছিল ভিডিও করা। পুরন্দরের গায়ে অসম্ভব জোর। খানিক শুভায়ু ছটফট করতে করতে নেতিয়ে পড়ল ওর হাতে। বুঝলাম পুরন্দর ওকে ঘুম পাড়াবার ইঞ্জেকশন দিয়েছে। আমাকে আর সুনন্দকে চুপ থাকতে বলে এরপর পুরন্দর শুভায়ুকে জানলায় দাঁড় করিয়ে ফেলে দিল নীচে!

আবার ঘরময় স্তব্ধতা। আশুদা বলেছিল প্রথমদিনই। মৃতদেহ মাটিতে পড়বার ট্র্যাজেক্টরি, জানলার ফ্রেমে জুতোর দাগ দেখে প্রথম দিনই আশুদা সন্দেহ করেছিল, শুভায়ুর মৃত্যু নিছক আত্মহত্যা নয়। নবনীতা আবার বলে চলেন।

-তখন বুঝিনি এ হল শেষের শুরু। শুভায়ুর মৃত্যুর ঠিক পর ব্রজলাল আমাকে ফোন করে। আমাকে বিচলিত হতে বারণ করে। বলে এই হল আমার মুক্তি। পুরুষের সন্দেহ, পুরুষের সম্পত্তি, সম্পর্কের শৃঙ্খল থেকে মুক্তি। আমি ঘটনাটা মেনে নিয়েছিলাম। কিন্তু সুনন্দ পারেনি। ঘটনার পর থেকেই সুনন্দ কেমন খিটখিটে বদমেজাজি হয়ে উঠল। ব্রজলাল আমাকে ওই ট্যাটু করবার দিন একটা টেলিগ্রাম গ্রুপে ঢুকিয়ে ছিল। ব্রজলাল বলেছিল, এই গ্রুপে মৃত্যুকে উপভোগ করতে হয়। জীবনকে উপভোগ করতে হলে মৃত্যুকে কাছ থেকে দেখতেই হবে। আমি মেনে নিয়েছিলাম। সুনন্দ পারেনি। শুভায়ুকে ভালোবাসিনি আমি ঠিকই । কিন্তু যেদিন ও সুনন্দকে নিজের আত্মীয়র মতো এই ঘরে নিয়ে এল, যেদিন শুনলাম সুনন্দ স্বাভাবিকদের মতো নয়, আর তাকে প্রায় পথ থেকে তুলে এনেছে শুভায়ু, আমার ওর প্রতি খানিকটা শ্রদ্ধা জন্মেছিল। সুনন্দকে নিজের ছেলের মতোই দেখতাম। কিন্তু ওই ঘটনার পর ও যেন অন্য মানুষ হয়ে গেল। বারবার রেগে যেত। বলত পুলিশ এলে বলে দেবে সব। ব্রজলাল ভালো লোক নয় জানতাম। কিন্তু ব্রজলাল আমাকে বুঝেছিল। তাই সব কথাই ওকে বলতাম। সুনন্দর কথাও ওকে বললাম। আর ঠিক তার পরের দিনই সেই পুরন্দর লোকটা এল। সুনন্দকে প্রথমে জোর করে ইঞ্জেকশন দিল উল্কির উপর। তারপর তাকে বাথটবে ডুবিয়ে দিল...

-পুলিশকে জানালেন না কেন?

-ভয় পেয়ে গিয়েছিলাম আমি।ওই পুরন্দর লোকটা যখনতখন উপরে চলে আসত। সিকিউরিটির সঙ্গে ওর যোগাযোগ ছিল। তাই ওদের বলে কোনও লাভ হত না। ব্রজলালকে বলবার পর সুনন্দ খুন হয়ে যেতে বুঝলাম, এই চক্রে সেও যুক্ত। অসহায় লাগছিল। আমার ইনট্যুইশান বলছিল, আমার মুখ খুললে আমাকেও মরতে হবে। মরতে আমার ভয় করে অর্কবাবু...

-তারপর?

 

-বিনতাকে আমি চিনতাম না। শুভায়ুর সঙ্গে দুএকবার স্টুডিওতে দেখেছি। এই বাড়িতে আসেনি কখনও। তবে মেয়েটা শুভায়ুকে শ্রদ্ধা করত। মেয়েদের মনের ভিতর একটা লুকনো চোখ থাকে, জানেন তো অর্কবাবু। বুঝতে পারতাম, শুভায়ুর সঙ্গে বিনতার সম্পর্ক যৌনতার নয়। নির্ভরতার। ভ্রাতৃত্বের। শুভায়ুর মৃত্যুর পর ও একদিন আমাকে ফোন করে। ওর মৃত্যুর আসল কারণ ও না জানলেও ও আন্দাজ করেছিল ওই মৃত্যু নিছক আত্মহত্যা নয়। ও পুরন্দরকে চিনত। শুভায়ুর মৃত্যুর জন্য দায়ী কে জানতে বদ্ধপরিকর ছিল ও। পুলিশের কাছেও নাকি গিয়েছিল। সুনন্দর মৃত্যুর পর  আমি আর সবকথা ব্রজলালকে জানাতাম না। ভয় পেতে লাগলাম ওদের। শুনলাম নিউমার্কেটে একজন ট্যাটু শিল্পী নাকি খুন হয়ে গেছে। ভয় করছিল। তারপর হঠাৎ পুরন্দর জানাল ব্রজলাল হাসপাতালে ভর্তি। বিনতা নিখোঁজ। আমিই তখন আপনার সিনিয়র আশুদাকে ফোন করি।

বুঝলাম আমি পাশাখেলার একটা সামান্য পাঞ্জা মাত্র। আশুদা আগে থেকেই নবনীতার স্বীকারোক্তির কথা জানত। এরপর আমার কী করা উচিত ভাবছিলাম।

-আপনার কী মনে হয়? পুরন্দরের পরবর্তী টার্গেট কে হতে পারে?

নবনীতা আবার খানিকটা জল খেয়ে বলল, "ডাক্তার অলোকেশ দত্ত। গতকাল রাতে ও আমাকে ফোন করেছিল। শুভায়ুর মৃত্যুর সাক্ষী যারা, তারা সবাই নিহত। বাকি রয়েছি আমি আর অলোকেশ। তবে একটা জিনিস লক্ষ্য করেছি। মৃত্যুর কিছুদিন আগে পুরন্দর এসে উনালোম ছাড়াও বাড়তি একটা সাংকেতিক উল্কি এঁকে যায় তার শিকারের উপর। আমার ক্ষেত্রে তা না ঘটলেও অলোকেশের ক্ষেত্রে ঘটেছে...

আশুদার কথা মনে পড়ে গেল। অলোকেশের হাতে 'বিদ্যুত' চিহ্ন দেখে বলেছিল সমস্ত বৈদ্যুতিক তার সরঞ্জামের থেকে দূরে থাকতে। অলোকেশ দত্তকে একটা ফোন করতে হবে। আশুদাকে জানাবার উপায় নেই। তার ফোন স্যুইচ অফ। আমি আর দেরি না করে উঠে পড়লাম।

 

গাড়িতে বসে অলোকেশকে দুই বার ফোন করলাম। দুই বারই বেজে গেল। কী করব বুঝতে পারছিলাম না। সিদ্ধান্তহীনতার মুহূর্তে বারবার আমার প্রমিতির কথা মনে পড়ে। বিনতার সঙ্গে আর তার সঙ্গে দেখা হবার সম্ভাবনাও মিলিয়ে গিয়েছে। মোবাইলে ঝুম করে পুরন্দর আর সুরেন্দ্রর ছবিগুলো দেখছিলাম। শুধুই দাঁড়াবার ভঙ্গি বা দেহাবয়ব নয়। দুটো ছবির ভিতর এমন কোনও সূত্র আছে যার থেকে আশুদার অনুমান এরা দুজনেই এক ব্যক্তি। কী সেই সূত্র! ভাবার চেষ্টা করি। মৃতদেহের ভিতর ব্যবচ্ছেদের সময় যেমন মৃত্যুর কারণ খুঁজি, সেই চোখে খোঁজার চেষ্টা করি। হঠাৎ দৃষ্টি স্থির হয় আমার। সুরেন্দ্র আর পুরন্দরের বাম হাতের তর্জনী আশ্চর্যরকমের বেঁকে আছে। এই বেঁকে থাকার ধরনটা কোনও আঘাত থেকে নাও হতে পারে। ডাক্তারি পরিভাষায় এর নাম 'ক্যাম্পটোড্যাকটাইলি'। এই সূত্র ধরেই তাহলে আশুদা এই সিদ্ধান্তে পৌঁছেছিল। সুরেন্দ্র আর পুরন্দর,  দুজনের বামহাতের তর্জনীতেই এই বিরলতম অসুখ! সমীক্ষার যুক্তিতে এই সম্ভাবনাই প্রবল করে যে দুজন এক লোক।

ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল। তথাগতর ফোন।

-অর্কবাবু, আপনি কোথায়?

-ইন্দ্রপুরী অ্যাপার্টমেন্টে এসেছিলাম। আপনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি। নবনীতাদেবী অনেকগুলো কথা বলেছেন। আপনার সেগুলো জানা দরকার। আর ডাক্তার অলোকেশ দত্তর খুব বিপদ। ওকে প্রোটেকশন দিন। এখনই...

-নিশ্চয়ই। সব শুনব। আপাতত আশুদা আপনাকে এখনই একবার ঘটকপুকুর আসতে বলেছেন।

-ঘটকপুকুর! আশুদা ঘটকপুকুরে?

-হ্যাঁ। দ্রুত আসুন। বাইপাস থেকে টাকী রোড ধরে এগিয়ে যাবেন। ঘটকপুকুরের ঠিক আগে একটা নার্সারি পড়বে। সেখানে আমরা অপেক্ষা করছি। এখনই চলে আসুন।

 

ঠিক যেন এই আলোর সন্ধানে ঘুরছিলাম আমি। গাড়ি ঘুরিয়ে নিলাম ঘটকপুকুরের দিকে। আশুদার বিচিত্র চলন। নিশ্চয়ই কোনও সূত্র পেয়েছে সেখানে। গাড়ি শুনশান টাকী রোড ধরে এগিয়ে চলেছে। অলোকেশের ফোনে আরও একবার ডায়াল করে বিফল হলাম। তার ফোন স্যুইচ অফ। অন্ধকার নেমে এসেছে চারপাশে। হাইরোড ধরে তীব্র বেগে গাড়ি গুলো ছুঁয়ে চলে যাচ্ছে আমাকে। আমি ধীরেই চালাচ্ছিলাম। হঠাৎই আমার সামনে একটা ডাম্পারের জোড়ালো আলো জ্বলে উঠল। বুঝলাম ডাম্পারটি সরাসরি আমার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। কিছু বোঝার আগেই ডাম্পারটা আমাকে আঘাত করার আগেই আমি গাড়িটা রিফ্লেক্সে কাটাতে গেলাম বামদিকে। সেখানে এক প্রকাণ্ড গাছে গুড়ি আমাকে মুহূর্তে স্তব্ধ করে দিল। আমি দেখতে পেলাম আশপাশে কারা যেন কথা বলাবলি করছে। আশুদা কোথায়? তথাগত কোথায়? ভাবতে ভাবতে আমার দুচোখে ঘন কালো অন্ধকার নেমে এল!

 

(ক্রমশ)

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন