শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শ্যামল ভট্টাচার্য

 

ধারাবাহিক উপন্যাস

মহাকর্ষের ছায়া


 

(চতুর্থ পর্ব)

সোনালি শূন্যে যে অগণন বিন্দু হয়ে ছড়িয়ে পড়েছিল তাপস, সেই বিন্দুগুলো জোড়া লাগল নিচে। আকাশে নয়, এই শহরেরই মাটির তলায়, যেখানে আলো পৌঁছয় না আর জল কখনো থামে না। প্রথমে ফিরল গন্ধ। পচা পাতা, সাবানের ফেনা, ওষুধ। তারপর ফিরল ঠান্ডা। কোমর অবধি জল, ধীর আর ভারী, সারাক্ষণ একটা দিকেই টেনে নিয়ে যেতে চায়। সবশেষে ফিরল ভার। নিজের ছড়িয়ে থাকা বিন্দুগুলো কখন যে আবার শরীরের আকার নিয়েছে, তাপস বুঝতে পারেনি। শুধু টের পেল, এতক্ষণ যার কোনো সীমা ছিল না, সে এখন একটি নির্দিষ্ট পরিসরে আবদ্ধ। হাত আছে। পা আছে। বুকের ভিতরে ধুকপুক করছে হৃৎপিণ্ড। অগণন বিন্দুর বদলে এখন একটিমাত্র শরীর। সেই শরীরের বাইরে জল, অন্ধকার, ইটের দেয়াল। আর ভিতরে সে নিজে। এতদিন পরে আবার নিজের ভিতরে ফিরে এসেছে তাপস।

হাঁটুতে প্রথম টের পেল সে। দুটো হাঁটু, অনেকদিন পর, আবার একটা শরীরের ওজন বইছে। নিজেরই শরীর। বাষট্টি কেজি, কিংবা তার কিছু কম, কারণ জলের ভিতরে মানুষ একটু হালকাই হয়। তবু এই ভার ফিরে এল কোনো পুরোনো ঋণের মতো, এসে বসল কাঁধে, কোমরে, পায়ের পাতায়। পায়ের নিচে পিছল ইট। ইটের ওপর পলির পুরু স্তর, এত নরম যে আঙুল অবধি ডুবে যায়।

পায়ের আঙুলগুলো একবার মুঠো করল তাপস। পলি সরে গেল তাদের ফাঁক দিয়ে। আবার মুঠো করল। এবার নিচের ইটের ধার ঠেকল নখে। এতদিন নিজের শরীরকে সঙ্গে নিয়ে কোথাও যেতে হয়নি তাকে। যেখানে ইচ্ছে, সেখানেই পৌঁছে গেছে। এখন সামান্য একটি পা সরাতেও অন্য কিছুর প্রতিরোধ অতিক্রম করতে হচ্ছে। ইট তাকে ঠেকিয়ে রাখছে। জল সরিয়ে দিচ্ছে। পলি আটকে ধরছে। অথচ এদের একটিও তাকে চেনে না। যে পৃথিবীতে ফিরে এসেছে, সেই পৃথিবী তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করেনি। তবু দাঁড়িয়ে থাকার জায়গাটুকু দিয়েছে।

চোখ খুলল সে। খুলেও কিছু বদলাল না। এখানকার অন্ধকার আকাশের অন্ধকারের মতো খোলা নয়। বন্ধ। গোল। মাথার সামান্য ওপরেই বাঁক নিয়ে দুপাশে নেমে গেছে। হাত তুলতেই আঙুলে ঠেকল ছাদ, ভেজা আর ঠান্ডা, শ্যাওলায় পিছল। ইটের গাঁথনি বেঁকে গেছে ডিমের খোলার মতো। একটা প্রকাণ্ড ডিমের ভিতরে দাঁড়িয়ে আছে সে, আর ডিমটা শুয়ে আছে মাটির নিচে, লম্বা হয়ে, শহরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত।

গায়ে কিছু নেই। একটা সুতোও না। জল তার উরু ছুঁয়ে, পেট ছুঁয়ে, নাভির ঠিক নিচে এসে থেমে আছে। স্রোতে ভেসে আসছে নানা জিনিস, অন্ধকারে গায়ে ঠেকছে, তারপর সরে যাচ্ছে। একটা নরম কিছু। একটা শক্ত, ধারালো কিছু। একটা সরু, লম্বা কিছু, যা খানিকক্ষণ তার কবজিতে জড়িয়ে রইল, তারপর নিজে থেকেই খুলে গেল। যে হাত শেষবার নারীসত্তার শীতল আঙুল ছুঁয়েছিল, সেই হাতে এখন শুধু নালার জল।

ওপরে কোথাও শাঁখ বাজল। একবার। দুবার। তিনবার। মাটি, ইট আর পলি পেরিয়ে সেই শব্দ যখন নিচে নামল, তখন তাকে আর শাঁখের মতো শোনাল না, শোনাল কোনো বড় প্রাণীর দীর্ঘ, ভোঁতা নিশ্বাসের মতো। ভোর হচ্ছে, না সন্ধে? জানে না তাপস। জানার উপায়ও নেই। চোখ এখানে এক বাড়তি অঙ্গ, শরীরের গায়ে ঝুলে থাকা পুরোনো অভ্যাস মাত্র।

চোখ সরে যেতেই অসীম হয়ে উঠল কান। জলের শব্দ এখানে এক রকম নয়। কোথাও গুবগুব, কোথাও কলকল, কোথাও একটানা ঝিরঝির, যেন অনেক দূরে বসে কেউ চাল ধুচ্ছে। মাথার ওপরে, অনেক ওপরে, চাকার ঘড়ঘড়। কোনো ঠেলাগাড়ি হবে। তারপর একটা কুকুরের ডাক, এত দূর থেকে যে মনে হয়, ডাকটা অন্য কোনো বছরের।

কিছুক্ষণ আগে, অথবা কয়েক যুগ আগে, সে ছিল আকাশে। এখন পাতালে। দুটো জায়গার মাঝখানে কতখানি দূরত্ব, মাপতে চাইল সে। পারল না। মনে হল, আকাশ যেখানে শেষ, পাতাল সেখান থেকেই শুরু, দুয়ের মাঝখানে একচুলও ফাঁক নেই। যে শূন্য এতক্ষণ তাকে ধরে রেখেছিল, সেই শূন্যই এই জলের ভিতরে গলে আছে, বয়ে চলেছে, পচা পাতা আর ওষুধের গন্ধ মেখে।

'ফিরে আসা' শব্দটা মাথায় এল। তারপর মনে হল, শব্দটা ভুল। ফিরে আসা নয়। নেমে আসা।

দূরে একটা আলো দেখা দিল। হলুদ, কাঁপা কাঁপা, জলের ওপর তার প্রতিফলন ভেঙে ভেঙে যায়। আলোটা এগোচ্ছে। তার সঙ্গে আসছে জল ঠেলে হাঁটার শব্দ, ছপ, ছপ, আর কাপড়ের মুখোশের ভিতর দিয়ে টানা একটা মানুষের ভারী নিশ্বাস। আলোটা এসে পড়ল তাপসের মুখে। সে চোখ বুজল না।

আলোর পিছনে একজন মানুষ। মাথায় হেলমেট, তাতে বাঁধা টর্চ। মুখে ভেজা কাপড়ের মুখোশ। কোমরে একটা মোটা দড়ি বাঁধা, যা পিছন দিকে টানটান হয়ে অন্ধকারে মিলিয়ে গেছে।

লোকটা থেমে গেল। এই পাতালে, কোমরজলে, একজন নগ্ন মানুষ। চমকে ওঠার কথা ছিল তার। চমকাল না। মুখোশটা নামিয়ে আনল থুতনির নিচে।

–মাস্টারমশাই?

গলাটা চেনা। কুড়ি বছর আগের এক রোগা, চুপচাপ ছেলের গলা, এখন ভারী আর খসখসে। তবু চেনা। বিনায়ক। ক্লাস ফোরে লাস্ট বেঞ্চে বসত। কোনোদিন হাত তুলত না, কোনোদিন পড়া বলত না, শুধু জানলা দিয়ে রেললাইনের দিকে তাকিয়ে থাকত।

–বিনায়ক।

–এখানে কী করছেন?

তাপস উত্তর খুঁজল। পেল না।

–জানি না।

বিনায়ক মাথা নাড়ল, যেন উত্তরটা যথেষ্ট। এই পাতালে হয়তো যথেষ্টই। এখানে কেউ কাউকে জিজ্ঞেস করে না, কোথা থেকে এলে। জল সবাইকে একদিকেই নিয়ে যায়।

বিনায়ক নিজের কোমরের দড়িতে তিনবার টান দিল। ওপর থেকে উত্তর এল দুবার টানে। তারপর সে তাপসের কবজি ধরল, ধরল আলগা করে, যেভাবে মানুষ জলের ভিতরে অন্য কাউকে ধরে, যাতে দুজনেই না পড়ে যায়। দুজনে হাঁটতে শুরু করল স্রোতের উল্টোদিকে। প্রতিটি পা তুলতে কষ্ট। পলি টেনে রাখে, জল ঠেলে পিছিয়ে দেয়। এই কষ্টটাও নতুন। ভারহীন শরীরের কোনো কষ্ট ছিল না, কারণ সেই শরীরের কোনো পথ ছিল না।

টর্চের আলো সরে সরে যাচ্ছিল ইটের দেয়ালে। একটা ইঁদুর দেয়ালের ধার ঘেঁষে ছুটে গেল। একবারও দেয়াল ছাড়ল না। তার গোঁফ সারাক্ষণ ইট ছুঁয়ে রইল, যেন দেয়ালটাই তার চোখ। তাপস দেখল, আর মনে হল, অন্ধকারে যে পথ চেনে, সে দেয়াল ছুঁয়েই চেনে। আকাশে কোনো দেয়াল ছিল না। তাই সেখানে কোনো পথও ছিল না।

কিছুটা এগোতেই ছাদের মাঝখানে একটা গোল ফুটো দেখা দিল। তার ভিতর দিয়ে খাড়া উঠে গেছে ইটের একটা সরু কুয়ো। কুয়োর মাথায় একটা চাকতি, ধূসর, আলোর। বিনায়কের দড়ি সেই চাকতির দিকে উঠে গেছে। ওপর থেকে আরেকটা দড়ি নেমে এল, মাথায় একটা ফাঁস। বিনায়ক ফাঁসটা পরিয়ে দিল তাপসের কোমরে, গিঁট দিল নাভির কাছে, দুবার টেনে দেখল।

–হাত দুটো ওপরে রাখবেন। দেয়ালে পা দেবেন না, পিছলে যাবে।

টান এল ওপর থেকে। তাপসের পা ছেড়ে গেল পলি। জল নেমে গেল কোমর থেকে উরুতে, উরু থেকে হাঁটুতে, তারপর পায়ের পাতা থেকে খসে পড়ল ফোঁটা হয়ে। কুয়োটা সরু। কাঁধ ঘষে যায় ইটে। ঘাড় বাঁকিয়ে রাখতে হয়। মাথার ওপরে গোল আলোটা বড় হচ্ছে, খুব ধীরে, আর তার কিনারায় দেখা দিচ্ছে লোহার একটা বেড়, মরচে-ধরা, ঠান্ডা। প্রথমে বেরোল তার মাথা। তারপর কাঁধ। তারপর দুটো হাত এসে চেপে ধরল তার বগলের নিচে, আর বাকি শরীরটা পিছলে বেরিয়ে এল এক টানে।

রাস্তার ভেজা পিচে উপুড় হয়ে পড়ল তাপস। কাশি উঠল। মুখ দিয়ে বেরিয়ে এল কালো জল, অনেকটা। কেউ তার পিঠে চাপড় মারল, একবার, দুবার। তারপর বাতাস ঢুকল বুকে। সেই বাতাস জ্বালা ধরাল, যেন ফুসফুস দুটো প্রথম খুলছে, ভাঁজ খুলে, এতদিনের অব্যবহারের পর। কিছুক্ষণ আগেও যে দড়িটা তার কোমরে ছিল, সেটি এখন রাস্তার ওপর পড়ে আছে। ভেজা। পাকানো। কোথাও কোথাও আঁশ বেরিয়ে এসেছে। তাপস হাত বাড়িয়ে তার একটি অংশ ছুঁল। আঙুলে লাগল মোটা তন্তুর খসখসে ঘর্ষণ। দড়ির অন্য প্রান্তে কারা ছিল, তাদের মুখ সে ভালো করে দেখেনি। শুধু টান অনুভব করেছে। একাধিক মানুষের হাতের টান, অথচ তার নিজের শরীরে এসে পৌঁছেছিল একটি টান হয়ে। এতকাল সে ভেবেছে, নিজের শরীরের ভার নিজেকেই বহন করতে হয়। আজ সেই ভারের খানিকটা বহন করেছে অপরিচিত কয়েকটি হাত। তাদের কারও নাম জানে না সে। গলা দিয়ে একটা সরু শব্দ বেরোল। কোনো শব্দ হয়ে ওঠেনি সেটা।

একটা মোটা চটের ট্রিপল এসে পড়ল তার গায়ে। কেউ মুড়ে দিল। কেউ বলল, নিশ্বাস নিন, আস্তে।

তাপস চোখ খুলল। ভোর। মহাজাগতিক নয়, কুমোরটুলির। আকাশটা এখনো ফ্যাকাশে, ভেজা চুনের মতো। গলির দুপাশে খড়ের কাঠামো, সারি সারি। কোনোটায় মাটি চাপানো হয়েছে, কোনোটায় হয়নি। একটা উঁচু কাঠামোর মাথায় মাটির মুখ বসানো, কালো রং চড়েছে, জিভ বেরিয়ে আছে লাল, কিন্তু চোখের জায়গায় দুটো ফাঁকা গর্ত, সাদা। চক্ষুদান হয়নি এখনো। কুমোরটুলি। কালীপুজোর আর বারো দিন বাকি।

উল্টোদিকের একটা বাড়ির ছাদে বাঁশের ডগায় ঝুলছে একটা আকাশপ্রদীপ। কার্তিক মাস। রাতভর জ্বলেছে প্রদীপটা, এখনো নেভেনি, ভোরের আলোয় তার শিখা প্রায় আর দৃষ্টিগ্রাহ্য নয়। তাপস অনেকক্ষণ তাকিয়ে রইল সেদিকে।

রাস্তার কোণে একটা ল্যাম্পপোস্টের আলো এখনো জ্বলছে। সেই আলোয় পিচের ওপর পড়েছে লোকগুলোর ছায়া, লম্বা, বাঁকা। একজন ঝুঁকে আছে তাপসের ওপর। একজন দড়ি গুটোচ্ছে। একজন বিড়ি ধরাচ্ছে, আর তার ছায়াটা দেশলাইয়ের শিখার সঙ্গে কেঁপে কেঁপে উঠছে। তাপস তাকাল নিজের দিকে। তার শরীরের নিচে কোনো ছায়া নেই। ভিজে পিচ। শুধু ভিজে পিচ।

কেউ সেটা লক্ষ করল না। মানুষ নগ্ন শরীরের দিকে তাকায়, ছায়ার দিকে নয়।

ভার ফিরেছে। ছায়া ফেরেনি।

যে লোকটা বিড়ি ধরাচ্ছিল, সে-ই এদের সর্দার। বয়স পঞ্চাশের ওপারে। মাথায় পাতলা চুল, কানের ওপর গোঁজা একটা ডটপেন। নাম ধরণী। পুরসভার এক ঠিকাদারের হয়ে নালার কাজ দেখে। ধরণী তাপসের পাশে উবু হয়ে বসল। তার গা থেকে আসছিল বিড়ি আর ফিনাইলের গন্ধ।

–নাম কী?

–তাপস।

–কোথায় থাকেন?

তাপস কিছু বলল না। ধরণী আর জিজ্ঞেস করল না। পকেট থেকে একটা ভাঁজ করা লুঙ্গি আর একটা হাতকাটা গেঞ্জি বার করে দিল, ঠিকাদারের ভ্যান থেকে আনা, অন্য কারো, ধোয়া। তাপস ট্রিপলের আড়ালে সেগুলো পরে নিল। গেঞ্জিটা ঢিলে। লুঙ্গিটা খাটো। এমন কাপড়, যা কারো মাপে নয়, আবার সবারই মাপে।

গলির মুখে একটা চায়ের দোকান সবে উনুন ধরিয়েছে। ধোঁয়া উঠছে, সাদা, ঘন। ধরণী একটা ভাঁড়ে চা এনে দিল, সঙ্গে দুটো লেড়ো বিস্কুট। তাপস ভাঁড়টা দু হাতে ধরল। মাটির ভাঁড়, এখনো সামান্য স্যাঁতসেঁতে, সদ্য পোড়ানো মাটির গন্ধ। চায়ের তাপ ঢুকল আঙুলে, তালুতে, কবজির শিরায়। বিস্কুটটা ভিজিয়ে মুখে দিল। মিষ্টি। একটু বাসি। দাঁতের নিচে গলে যায়। কতদিন পর কিছু খেল, মনে করতে পারল না। শুধু টের পেল, পেটের ভিতর একটা জায়গা আস্তে আস্তে ভরে উঠছে, আর সেই ভরে ওঠার সঙ্গে সঙ্গে মাটির টানও আরেকটু বাড়ছে, পায়ের পাতা আরেকটু চেপে বসছে পিচের ওপর।

ভ্যানের দরজায় সাঁটা একটা কাগজ, প্লাস্টিকে মোড়া, কোণগুলো কুঁকড়ে গেছে। ওপরে কলকাতা পুরসভার ছাপ। নিচে লেখা: "নিকাশি নালায় ইঁদুর নিধন কর্মসূচি। ঠিকাদার সংস্থার কর্মীদের সঙ্গে নাগরিকদের সহযোগিতা প্রার্থনীয়।"

–ঘটনাটা জানেন? ধরণী জিজ্ঞেস করল।

তাপস মাথা নাড়ল।

–ধেড়ে ইঁদুর। নালার ইটের ফাঁকে ফাঁকে গর্ত করে, গর্ত থেকে সুড়ঙ্গ, সুড়ঙ্গ থেকে আরও সুড়ঙ্গ। ওপরে রাস্তা দাঁড়িয়ে থাকে, নিচটা ফাঁপা হয়ে যায়। গত বর্ষায় বাগবাজারের দিকে একটা গলি আধহাত বসে গেছে, একটা রিকশা সুদ্ধ।

–মারতে হবে?

–হবে। বিষ দিলে নালাতেই মরে পচে, গন্ধে তখন নামা যায় না। তাই হাতে মারা। খাঁচা, লাঠি, জাল।

–কী খায়?

–যা পায়। পুজোর ফুলের মালা। প্রসাদের বাতাসা। মাটির তলার তারের খোল। গত মাসে এক সাফাইকর্মীর পায়ের দুটো আঙুল।

ধরণীর গলায় কোনো ওঠানামা নেই। যেন বাজারে আলুর দর বলছে। বিড়ির শেষ টানটা দিয়ে সে টুকরোটা ফেলে দিল খোলা ম্যানহোলের ভিতর। পুরসভার পুরোনো খাতায় এই ফুটোগুলোর একটা নাম আছে, ধরণী বলল, পড়েছিল কোনোদিন। মনুষ্যরন্ধ্র। মানে ম্যানহোল। মানুষ ঢোকার ফুটো।

–কাজ করবেন? লোক লাগবে। রাতে ডিউটি। রোজ চারশো। ল্যাজপিছু আরও দশ।

–হ্যাঁ।

বলতে ইচ্ছে করল, আমি একজন প্রাথমিক শিক্ষক, সকালে আমার ক্লাস আছে, ক্লাস ফোরের চল্লিশটা বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু বলল না।

স্কুলের কথা মনে পড়তেই পকেটের দিকে হাত গেল তাপসের। তারপর মনে পড়ল, তার পরনে যে পোশাক, সেটি অন্যের দেওয়া। নিজের জামা, প্যান্ট, পকেটের মোবাইল—কিছুই সঙ্গে নেই। শেষ কবে স্কুলে গিয়েছিল, মনে করার চেষ্টা করল। কোন দিন ছিল সেদিন? সোমবার? বৃহস্পতিবার? ক্লাসের ব্ল্যাকবোর্ডে শেষ কী লিখেছিল? একটি শব্দও মনে এল না। অথচ মনে পড়ল, স্কুলের বারান্দায় একটি ভাঙা বেঞ্চ আছে। বৃষ্টি হলে তার নিচে জল জমে। ছুটির পর একজন বৃদ্ধ কর্মী বেঞ্চটা দেয়ালের দিকে ঠেলে রাখেন, যাতে পরদিন বাচ্চারা বসতে পারে। সেই মানুষটি কি এখনও প্রতিদিন বেঞ্চটা সরিয়ে রাখছেন? তাপস জানে না। তার অনুপস্থিতির খবর নিশ্চয়ই পৌঁছেছে স্কুলে। কেউ হয়তো বাড়িতেও গেছে। অথচ সেই বাড়ির দরজায় এখন কে দাঁড়ায়? অনেকক্ষণ চুপ করে রইল সে। তারপর হাতটা নামিয়ে আনল পকেটের কাছ থেকে।

বলল না, কারণ ওপরে আলো। আলো থাকলেই ছায়ার প্রশ্ন। এই পাতালে ছায়ার কোনো প্রশ্ন নেই। টর্চের আলো একটা সরু রেখা মাত্র, মানুষ তা দিয়ে জল দেখে, ইট দেখে, গর্ত খোঁজে। কেউ পিছন ফিরে দেখে না, তার ছায়া পড়ল কি না।

ধরণী উঠে দাঁড়াল। হাঁটুতে হাত রেখে, একটু কষ্ট করে। তারপর ভ্যানের দিকে যেতে যেতে, ফিরে না তাকিয়ে, বলল:

–বিনায়ক আপনাকে চিনল দেখলাম। ওর সঙ্গেই নামবেন।

বিনায়ক তখন গলির শেষে দাঁড়িয়ে গামবুট খুলছিল। একটা পা খুলে, অন্য পা খোলার আগে সে একবার আকাশের দিকে তাকাল। উল্টোদিকের বাড়ির ছাদে বাঁশের ডগায় ঝোলানো আকাশপ্রদীপটা তখনো জ্বলছে। তারপর গামবুট দুটো হাতে ঝুলিয়ে, খালি পায়ে, হাঁটতে শুরু করল শোভাবাজার-আহিরীটোলা স্টেশনের দিকে। ছটা চল্লিশের ট্রেন ধরবে। ধরে সারাদিন ঘুরবে। দমদম, মাঝেরহাট, আবার দমদম। রাতে ট্রেন চলে না। তাই রাতে সে নিচে নামে।

অনেক পরে, দ্বিতীয় কি তৃতীয় রাতে, কোমরজলে পাশাপাশি হাঁটতে হাঁটতে বিনায়ক একবারই এ নিয়ে কথা বলেছিল।

–ওপরে ট্রেনটা ঘোরে, নিচে নালাটা। যেখান থেকে উঠি, সেখানেই নামি। যেখান থেকে নামি, সেখানেই উঠি।

তারপর চুপ করে গিয়েছিল। তার টর্চের আলো সামনের জলে একটা গোল বৃত্ত এঁকে রেখেছিল, আর সেই বৃত্তের ভিতর দিয়ে ভেসে যাচ্ছিল গাঁদাফুলের একটা ছেঁড়া মালা।

তাপসের মনে পড়েছিল, কুড়ি বছর আগে, এক বর্ষার দুপুরে, ক্লাসের জানলা দিয়ে নর্দমার উপচে পড়া জল দেখতে দেখতে এই ছেলেটাই একমাত্র প্রশ্ন করেছিল তাকে, সারা বছরে ওই একটাই প্রশ্ন।

–স্যার, নালার জল কোথায় যায়?

–গঙ্গায়।

–গঙ্গার জল?

–সাগরে।

–সাগরের জল?

–রোদে উঠে মেঘ হয়।

–মেঘের জল?

–বৃষ্টি হয়ে আবার নামে।

–কোথায় নামে?

–এই নালাতেই।

ছেলেটা অনেকক্ষণ চুপ করে ছিল। তারপর জিজ্ঞেস করেছিল, তাহলে স্যার, নালাটাই তো আকাশ?

তাপস সেদিন হেসেছিল। আজ কোমরজলে দাঁড়িয়ে, মাথার ওপরে ডিমের খোলার মতো বাঁকা ছাদের দিকে তাকিয়ে, তার আর হাসি পেল না। সেদিন বিনায়কের প্রশ্নের উত্তর দিতে পারেনি সে। দেওয়ার চেষ্টাও করেনি। পাঠ্যবইয়ের জলচক্রের বাইরে ছেলেটা যে আরেকটি বৃত্ত দেখতে পেয়েছিল, তা বোঝার অবকাশ ছিল না তার। ঘণ্টা পড়েছিল। পরের ক্লাসে যেতে হয়েছিল। আজ সেই ছেলেই তার আগে আগে হাঁটছে, অন্ধকারে পথ চিনিয়ে। বিনায়কের হাতে টর্চ। তার হাতে লাঠি। কুড়ি বছর আগে দুজনের মাঝখানে ছিল একটি বেঞ্চ, একটি ব্ল্যাকবোর্ড এবং কে কাকে শেখাবে তার নির্দিষ্ট ব্যবস্থা। এখন তাদের দুজনের পা একই পলিতে ডুবে যাচ্ছে। বিনায়ক থামলে তাকেও থামতে হচ্ছে। কোথাও জল গভীর হলে ছেলেটা পিছন ফিরে হাত বাড়াচ্ছে। তাপস সেই হাত ধরছে।

এই নালার বয়স একশো ষাট বছরেরও বেশি। ধরণীর ঘরের দেয়ালে পুরসভার একটা পুরোনো নকশা টাঙানো ছিল, তাতে লেখা, উইলিয়াম ক্লার্ক নামে এক ইঞ্জিনিয়ারের নকশায় ১৮৫৯ সাল থেকে গাঁথা শুরু হয়েছিল কলকাতার এই ভূগর্ভস্থ নিকাশি। ডিমের মতো আকার, যাতে জল কম থাকলেও স্রোত না থামে। ইটগুলো হাতে গড়া, হাতে পোড়ানো। কিছু ইটের গায়ে এখনো আঙুলের ছাপ, শুকিয়ে যাওয়ার আগে কেউ টিপে দেখেছিল মাটিটা তৈরি কি না। সেই আঙুল কবে পুড়ে ছাই হয়ে গেছে, ইটটা আছে।

প্রথম কয়েক রাতে তাপস শুধু শিখল। কীভাবে হাঁটতে হয়, যাতে পলিতে পা আটকে না যায়। কীভাবে নিশ্বাস নিতে হয় ভেজা মুখোশের ভিতর দিয়ে, ছোট ছোট, মাঝে মাঝে থেমে। কীভাবে একটা পুরোনো লন্ঠন দড়িতে বেঁধে আগে নামিয়ে দিতে হয় কোনো নতুন শাখায় ঢোকার আগে। শিখা যদি নীলচে হয়ে লম্বা হয়ে ওঠে, ঢোকা যাবে না। যদি নিভে যায়, তো আরোই না। ধরণীর কাছে গ্যাস মাপার একটা যন্ত্র আছে, কিন্তু সে লন্ঠনেই বিশ্বাস রাখে। "যন্ত্র মিথ্যে বলে না, কিন্তু আগুন আগে টের পায়", এই তার যুক্তি।

শিখল, খাঁচা কীভাবে পাততে হয়। লোহার তারের লম্বা খাঁচা, ভিতরে এক টুকরো শুঁটকি মাছ, দরজাটা স্প্রিংয়ে টানা, টোপে টান পড়লেই এক ঝটকায় নেমে আসে। শিখল লাঠি ধরতে। বাঁশের লাঠি, মাথায় লোহার পাত বাঁধানো। শিখল জাল ফেলতে, জালের দুই মাথা দুজনে ধরে নালার দুই দেয়ালে চেপে রাখতে, যাতে সাঁতরে কিছু পেরিয়ে যেতে না পারে। শিখল, বড় কিছু কাছে এলে জলের রং বদলায় না, বদলায় জলের শব্দ। একটা ভারী শরীর সাঁতরে এগোলে স্রোতের ঝিরঝির থেমে যায় এক মুহূর্তের জন্য, যেন নালাটা নিশ্বাস চেপে রাখে।

প্রথম সপ্তাহে খাঁচায় পড়ল তেত্রিশটা। ধূসর, কালচে, পিঠের লোম ভেজা, চোখ দুটো কালো পুঁতি। খাঁচার ভিতরে তারা দাঁত দিয়ে তার কামড়ায়, যতক্ষণ না লাঠি নামে। প্রথম দুটোয় লাঠি নামিয়েছিল তাপস নিজেই। তারপর থেকে খাঁচাগুলো খালি করত বিনায়ক, একটা চটের বস্তায়, কোনো কথা না বলে। ধরণী ল্যাজগুলো কেটে রাখত একটা প্লাস্টিকের বয়ামে, ফরমালিনে ডুবিয়ে, তারপর খাতায় লিখত, তারিখ, সময়, কোন শাখা, কটা। পুরসভা ল্যাজ গুনে টাকা দেয়।

প্রথম রাতের কথাটা তাপসের মনে রয়ে গেল। খাঁচার ভিতরে ধরা পড়া ইঁদুরটাকে মারার আগে সে অনেকক্ষণ তাকিয়ে ছিল। প্রাণীটা বারবার তারের ফাঁকে মুখ ঢোকাচ্ছিল। তারপর লাঠি নামাতে বলেছিল ধরণী। তাপস নামিয়েছিল। খুব বেশি জোর লাগেনি। কিন্তু লাঠি তুলে নেওয়ার পর দেখেছিল, ইঁদুরটার গোঁফ তখনও নড়ছে। দ্বিতীয়টাকে মারার সময় আর অতক্ষণ দাঁড়ায়নি সে। তারপর থেকে বিনায়কই খাঁচা খালি করেছে। তাপস বাধা দেয়নি। শুধু খেয়াল করেছে, ইঁদুরের মৃত্যুর হিসেব রাখার জন্য খাতায় যথেষ্ট জায়গা আছে। তার ভয়ের জন্য কোনো ঘর নেই।

 

–বুড়িটা এখনো ধরা পড়েনি, ধরণী বলল। ওটাই আসল। ওটা গেলে বাকিগুলো ছত্রভঙ্গ হবে।

বুড়ি। নালার লোকেরা এই নামেই ডাকে তাকে। কেউ দেখেনি পুরোটা। দেখেছে এক ঝলক, ইটের কার্নিশ বেয়ে সরে যেতে, টর্চের আলোয় সাদা, প্রায় নীলচে, যেন দেয়ালের গায়ে একটা মরা চাঁদ সরে গেল। কেউ বলে বেড়ালের মতো বড়। কেউ বলে আরও বড়। গায়ের লোম ফ্যাকাশে, বয়সে না অন্ধকারে, কেউ জানে না। সাফাইকর্মীর আঙুল সে-ই খেয়েছিল। কে যেন বলল, পেটে বাচ্চা। এই সময়টায় বিয়োয়।

নালা শহরের বিবেক। ওপরে যে মুখ সাজিয়ে রাখা হয়, তার সব রং এখানে ধুয়ে নামে। তাপস দেখল, জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে ভাঙা কাচের চুড়ি, ফাঁকা ওষুধের পাতা, রুপোলি, ফুটো ফুটো। ভেসে যাচ্ছে একটা পুতুলের হাত, প্লাস্টিকের, আঙুলগুলো আধখোলা, যেন কাউকে ধরতে চেয়েছিল। ভেসে যাচ্ছে কুমোরটুলির মাটি, ঘোলা হলদে, প্রতিমার গা থেকে ধুয়ে আসা, যে প্রতিমার এখনো চোখ ফোটেনি। এখানে কেউ কাউকে বিচার করে না। চুড়ি আর ওষুধ, ফুল আর মল, সব এক স্রোতে, এক দিকে। ওপরে যা আলাদা আলাদা নামে বাঁচে, নিচে এসে তা একটাই জল।

একটা জিনিস তাপস লক্ষ করল কয়েক রাতের মধ্যেই। ওপরের মানুষগুলোর গা থেকে যে ওষুধের গন্ধ আসত, এখানে সেই গন্ধ জলের সঙ্গে মিশে আছে, কিন্তু আর বিরক্তি জাগায় না। গন্ধটা এখানে আর কারো শরীরের নয়। শহরের। আর শহরের শরীর অসুস্থ হলে তাকে ঘৃণা করা যায় না, শুধু তার ভিতর দিয়ে হাঁটা যায়, আস্তে, যেভাবে মানুষ কোনো রোগীর ঘরের ভিতর দিয়ে হাঁটে।

দিনে সে ঘুমোয়। ধরণী তাকে থাকতে দিয়েছে কুমোরটুলির এক পুরোনো কারখানার পিছনের গুদামঘরে, যেটা ঠিকাদার ভাড়া নিয়েছে জাল, দড়ি আর গামবুট রাখার জন্য। ঘরের অর্ধেকটা জুড়ে প্রতিমার খড়ের কাঠামো, গত বছরের, যাদের গায়ে কোনোদিন মাটি পড়েনি। খড় দিয়ে বাঁধা হাত, পা, স্তন, মাথা। তাদের মাঝখানে একটা মাদুর পেতে শোয় তাপস।

একদিন দুপুরে ঘুম ভেঙে দেখল, মাদুরের পাশে পড়ে আছে একটি হাত। প্রতিমার। কনুইয়ের নিচ থেকে ভাঙা, আঙুলগুলো সামান্য বাঁকানো। খড়ের ওপর মাটির প্রলেপ শুকিয়ে শক্ত হয়ে গেছে। কবজির কাছে বেরিয়ে আছে বাঁশের সরু কঞ্চি। হাতটা তুলে নিজের হাতের পাশে রাখল তাপস। দুটো হাতেই পাঁচটি আঙুল। দুটোরই তালুতে রেখা, যদিও মাটির হাতের রেখাগুলো কারিগরের আঙুলের চাপে তৈরি। নিজের কবজি ঘুরিয়ে দেখল সে। চামড়ার নিচে একটি শিরা নড়ছে। মাটির হাতটায় কোনো শিরা নেই। অথচ দুটো হাতই অন্য কারও স্পর্শে তৈরি হয়েছে। নিজের হাতটি আবার মাদুরের ওপর নামিয়ে রাখল তাপস। ভাঙা হাতটাকে যেখানে পেয়েছিল, সেখানেই রেখে দিল।

বাড়ির কথা মনে আসে কখনো, সেই পুরোনো বড় ঘরটা, তার উঁচু ছাদ, যেখানে একদিন মায়ের মাথা ঠেকেছিল। মনে আসে, তারপর সরে যায়, যেভাবে নালার জলে কোনো জিনিস গায়ে ঠেকে আবার সরে যায়।

দিনগুলো তার কাছে রাতের হিসেবেই জমা হচ্ছিল। ওপরে প্রতিমার গায়ে রং চড়ছে, দোকানে দোকানে এসে পৌঁছচ্ছে বাজির বাক্স। কালীপুজো যত কাছে আসছে, কুমোরটুলির কারিগরদের ঘুম তত কমছে। তাপসের ঘুম বাড়ছে দিনের দিকে। কখনো দুপুরে জেগে ওঠে, কখনো বিকেলে। বাইরে উৎসবের প্রস্তুতি চলতে থাকে। তার কাছে সেই প্রস্তুতির খবর আসে হাতুড়ির শব্দে, মাটির গন্ধে, আর সন্ধ্যার পর দূর থেকে ভেসে আসা মাইকের আওয়াজে।

 

দশম রাতে, আহিরীটোলার দিকের একটা পুরোনো শাখায়, তারা খুঁজে পেল কুলুঙ্গিটা।

এই শাখা মূল নালার চেয়ে নিচু, সরু, আরও পুরোনো। ইটগুলো ছোট, কালচে। ছাদ এত নিচে যে মাথা নুইয়ে হাঁটতে হয়। লন্ঠনের শিখা হলুদ ছিল, স্থির, তাই তারা ঢুকেছিল। বিনায়ক আগে, তাপস পিছনে। খানিক এগোতেই বাঁদিকের দেয়ালে একটা খিলান দেখা দিল, জলের নাগাল থেকে হাতখানেক উঁচু, তার ভিতরে একটা খোপ, একজন মানুষ বাবু হয়ে বসতে পারে এতটা গভীর। খোপের মেঝেতে শুকনো পলি, আর পলির ওপর ইঁদুরের পায়ের ছাপ, অসংখ্য, ছোট ছোট তারার মতো।

খোপের পিছনের দেয়ালে একটা ছোট কুলুঙ্গি। তার ভিতরে একটা টিনের বাক্স। পুরোনো বিস্কুটের টিন, গায়ের সাহেবি অক্ষর প্রায় মুছে গেছে, মরচে ধরেছে কোণে কোণে। বিনায়ক টর্চ ফেলল, দেখল, তারপর আবার জলের দিকে ঘুরে গেল। তার আগ্রহ খাঁচায়। তাপস হাত বাড়িয়ে বাক্সটা নামাল।

ঢাকনা আটকে ছিল মরচেয়। আঙুলের চাপে খুলে গেল একটা শুকনো শব্দে। ভিতরে একটা মোমজামায় মোড়া পুঁটলি। মোমজামার ভিতরে একটা খাতা, মলাট কালো কাপড়ের। খাতার সঙ্গে একটা রুদ্রাক্ষ, সুতো ছিঁড়ে গেছে। আর একমুঠো চাল, এত পুরোনো যে প্রতিটি দানা পাথরের মতো শক্ত, স্বচ্ছ, প্রায় কাচ।

খাতাটা তাপস পড়ল পরদিন দুপুরে, গুদামঘরে, খড়ের কাঠামোদের মাঝখানে বসে। বাইরে কারিগররা কাজ করছিল। মাটি ছানার ভোঁতা শব্দ, কারো মুখে হিন্দি গান, রেডিওতে কলকাতার খবর। জানলা দিয়ে আসা রোদের একটা ফালি পড়েছিল খাতার পাতায়। সেই রোদে তাপসের হাতের কোনো ছায়া পড়ছিল না পাতার ওপর। সে আর সেদিকে তাকায় না।

প্রথম পাতায় নাম লেখা। শ্রী নিরঞ্জন। তার নিচে, ছোট অক্ষরে, গঙ্গার ধারের একটা ছোট মঠের নাম, যে মঠ এখন আর নেই। তারিখ: কার্তিক, ১৩২৫ সন। মানে ১৯১৮ সালের অক্টোবর-নভেম্বর। ঠিক একশো আট বছর আগের এই মাসটাই।

১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারি। লোকে তখন বলত বোম্বাই জ্বর, কারণ জাহাজে চেপে প্রথমে এসেছিল বোম্বাই বন্দরে। তারপর রেলপথ ধরে ছড়িয়েছিল সারা দেশে। ইতিহাসবিদেরা পরে হিসেব কষেছেন, শুধু এই দেশেই মারা গিয়েছিল এক কোটিরও বেশি মানুষ। কার্তিক-অগ্রহায়ণের এই সময়টাতেই দ্বিতীয় ঢেউ ছিল সবচেয়ে ভয়ংকর।

নিরঞ্জন মহারাজের হাতের লেখা ছোট, ঘন, সামান্য বাঁদিকে হেলানো। ভাষা সাধু, শুকনো। প্রথম কয়েকটা পাতা শহরের কথা।

"অদ্য নিমতলায় চিতা নিভে নাই। সমস্ত রাত্রি। কাষ্ঠ কম পড়িয়াছে। যাহাদের কাষ্ঠ জুটে নাই, তাহারা গঙ্গায় ভাসিতেছে। ঘাটের সিঁড়িতে বসিয়া গণিলাম। এক প্রহরে সাতাশ।"

"মঠে আজ তিনজন। কাল ছিল পাঁচ। বাজারে চাউলের দর তিনগুণ। ভিক্ষায় যাহা পাই, তাহা লইয়া ফিরিবার পথে দেখি, দরজায় দরজায় খড়ির দাগ। যে ঘরে জ্বর, তাহার দরজায় একটি। যে ঘরে মৃত্যু, তাহার দরজায় দুইটি।"

তারপর, কয়েক দিন পরের তারিখে, একটা অনুচ্ছেদ, যেটা পড়ে তাপস খাতাটা কোলের ওপর নামিয়ে রাখল কিছুক্ষণের জন্য।

"মানুষ চলিয়া যাইতেছে। এ নগর যাহারা পাইবে, তাহারা মাটির নীচে অপেক্ষা করিতেছে। মূষিক। আমি বহুকাল দেখিয়াছি, প্লেগে, দুর্ভিক্ষে, মানুষ মরে, উহারা মরে না। যে উত্তরাধিকারী, তাহার কর্ণে নাম দেওয়া চাই। নচেৎ সে নগর পাইবে, মন্ত্র পাইবে না।"

তাপসের মনে পড়ল গুদামঘরের তাকে রাখা ধরণীর প্লাস্টিকের বয়ামটা। ফরমালিনে ডোবানো ল্যাজ, গোনা, খাতায় তোলা।

তার পরের দিন তিনি নেমেছিলেন। কাউকে বলেননি। মঠের যে দুজন তখনো বেঁচে, তাঁদের বলেছিলেন, তীর্থে যাইতেছি। একটা লন্ঠন, এক পুঁটলি চাল, এই খাতা আর রুদ্রাক্ষের মালা নিয়ে এই শাখাতেই ঢুকেছিলেন, এই খোপেই আসন পেতেছিলেন। লিখেছেন, "এ আমার মলমন্দির। উপরের মন্দিরে দেবতা মৃত্যুকে দেখিয়া মুখ ফিরাইয়াছেন। এখানে মুখ ফিরাইবার স্থান নাই।"

তাপস খাতাটা আবার তুলে নিল। পাতাগুলো ভঙ্গুর, কিনারা ঝুরঝুরে, ধরলে আঙুলে হলদে গুঁড়ো লেগে থাকে।

মহারাজ দীক্ষা দিতে শুরু করেছিলেন সেই সপ্তাহেই। প্রথমে উহারা আসিত না, লিখেছেন। চাল ছড়াইয়া রাখিতাম। তৃতীয় রাত্রে প্রথম জন আসিল। তার কানের কাছে মুখ নিয়ে তিনি মন্ত্র দিয়েছিলেন, ফিসফিস করে, তিনবার। ইঁদুরটা চাল খেয়ে চলে গিয়েছিল। পরের রাতে আরও দুজন। এক সপ্তাহে এগারো। তিনি প্রত্যেকের নাম রাখতেন খাতায়, চেহারা মিলিয়ে। ল্যাজকাটা। কানা। ধূসর বড়। কালো ছোট।

তারপর একটা পাতায় লেখা:

"আজ একজন মাদী আসিয়াছেন। পেট সাদা। আর সকলের ন্যায় চাউল খাইয়া চলিয়া যান নাই। আমার করতলে উঠিয়া বসিয়াছেন। অনেকক্ষণ। উহার নাম রাখিলাম ভানুমতী। কিন্তু মুখে আসে অন্য ডাক।"

পরের লাইনে একটাই শব্দ। মা।

শব্দটার নিচে কলমের নিব কিছুক্ষণ থেমেছিল। কালি জমে একটি ছোট কালো বিন্দু। তারপর আর কিছু লেখা নেই। তাপস আঙুল দিয়ে পাতার সেই জায়গাটা ছুঁতে গিয়েও থেমে গেল। একশো আট বছর আগে এই একটি শব্দ লিখতে গিয়ে মানুষটির মনে কী এসেছিল, জানার উপায় নেই। হয়তো কোনো মুখ। হয়তো একটি গলার স্বর। হয়তো কিছুই নয়। শুধু জ্বরাক্রান্ত শহরের নিচে, একখণ্ড শুকনো পলির ওপর বসে, নিজের হাতের তালুতে একটি ছোট প্রাণীর ওজন অনুভব করেছিলেন তিনি। সেই ওজনের জন্যই কি শব্দটি এসেছিল? তাপস জানে না। পাতার ওপর জমে থাকা কালির বিন্দুটি শুকিয়ে আছে।

গুদামঘরের বাইরে মাটি ছানার শব্দ থেমে গেল। কারিগররা দুপুরের খাওয়ায় বসেছে। তাপস শুনতে পেল টিনের থালায় ভাত পড়ার শব্দ, কারো হাসি, একটা কাক। তার নিজের পেটের ভিতরেও একটা খিদে নড়ে উঠল, ধীরে, যেন কোনো ঘুমন্ত প্রাণী পাশ ফিরল। খিদেটা নতুন নয়। কিন্তু অনেকদিন পর সে তাকে চিনতে পারল।

খাতার পরের পাতাগুলোয় শুধু ভানুমতী। তিনি তার জন্য নিজের চালের অর্ধেক রেখে দিতেন। লিখেছেন, "উপরে মানুষ অনাহারে মরিতেছে, আর আমি মাতাকে অন্ন দিতেছি, এ পাপ কি পুণ্য, জানি না। মাতা অন্ন গ্রহণ করেন। এইটুকু জানি।"

তিনি গান গাইতেন তার জন্য। খাতার এক পাতায় একটা পঙক্তি লেখা, পাশে লেখা, রামপ্রসাদ।

মন রে, কৃষিকাজ জান না। এমন মানব-জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা।

তাপস পঙক্তিটা পড়ল। তারপর আবার পড়ল। তারপর তার কানে আর মহারাজের গলা নয়, ভেসে এল আরেকটা গলা। নিচু, একটু ভাঙা, সুরে পুরোপুরি বাঁধা নয়। মা। বারান্দায় বসে চাল বাছতে বাছতে মা এই গানটাই গাইত, শুধু এই প্রথম দুটো লাইন, বারবার, কারণ বাকিটা কোনোদিন মনে রাখতে পারেনি। কুলোর ওপর চাল ছড়ানো, মায়ের আঙুল তাদের ভিতর থেকে একটা একটা করে বার করে আনছে কাঁকর, ধান, ছোট কালো পোকা। সেই আঙুলের নড়াচড়ার সঙ্গে গানটা ওঠানামা করত। চালের একটা গন্ধ ছিল, শুকনো, মিষ্টি, প্রায় রোদের মতো।

বাইরে আবার শুরু হল মাটি ছানার শব্দ। তাপস চোখ নামাল খাতায়।

মহারাজের সংশয়ের কথাও লেখা আছে পাতায় পাতায়। একটা পাতায় শুধু দুটো লাইন: "কে কাহাকে দীক্ষা দিতেছে, বুঝিতে পারি না। আমি উহাদের কর্ণে নাম দিই। উহারা আমার কর্ণে জলের শব্দ দেয়।"

তারপর অগ্রহায়ণের প্রথম সপ্তাহের তারিখে:

"মাতা প্রসব করিয়াছেন। সাতটি। চক্ষু ফুটে নাই। গায়ে লোম নাই। গোলাপী, মাংসপিণ্ডের মতো, আমার আসনের পার্শ্বে, শুষ্ক পলির উপর। আমি সমস্ত রাত্রি লণ্ঠন নিভাইয়া বসিয়া রহিলাম, যাহাতে আলোকে মাতার ক্লেশ না হয়। অন্ধকারে শুধু শব্দ শুনিলাম। ক্ষুদ্র, তীক্ষ্ণ, সাতটি স্বর। ইহার অধিক দর্শন আর কী আছে, জানি না।"

তার কয়েক দিন পর:

"জ্বর আসিয়াছে। উপর হইতে আনিয়াছি, না এখানেই পাইলাম, জানি না। শীত করে। লণ্ঠনের তৈল ফুরাইয়াছে। মাতা আসিয়া বুকের উপর বসেন। উষ্ণ।"

হাতের লেখা এখান থেকে বড় হয়ে আসছে, এলোমেলো, লাইনগুলো ক্রমশ নিচের দিকে বেঁকে যাচ্ছে, যেন খাতাটাই হেলে পড়ছে। পরের দুটো পাতায় শুধু নাম। ল্যাজকাটা। কানা। ধূসর বড়। কালো ছোট। ভানুমতী। আর সাতটা শূন্য, পরপর আঁকা, ছোট ছোট বৃত্ত। সাতটা শিশুর জন্য সাতটা শূন্য, যাদের নাম রাখার আগেই তিনি আর লিখতে পারছিলেন না, অথবা যাদের নাম শূন্যই।

শেষ পাতাটা তাপস তোলে রোদের দিকে। আলো পাতা ফুঁড়ে আসে। পাতার নিচের অর্ধেক নেই। কিনারা কাটা, ছোট ছোট অর্ধচন্দ্রের সারি, প্রতিটি অর্ধচন্দ্র এক জোড়া দাঁতের মাপ। ইঁদুরে কেটেছে। ওপরের অর্ধেকে কয়েকটা শব্দ টিকে আছে, তাদের পরের শব্দগুলো খেয়ে গেছে কোনো ক্ষুদ্র, ধৈর্যশীল মুখ।

"মাতা আমাকে নীচে"

তার পরের লাইন:

"আলো নাই, তবু"

তার পরের লাইন অর্ধেক কাটা। শুধু একটা শব্দ পড়া যায়।

"উষ্ণ"

তারপর আর কিছু নেই। শুধু দাঁতের দাগ। আর সেই দাগের ভিতর দিয়ে রোদের আলো এসে পড়ছে তাপসের কোলে, ছোট ছোট অর্ধচন্দ্রের আকারে।

তাপস খাতাটা বন্ধ করল। মোমজামায় মুড়ল। বাক্সে রাখল। কতক্ষণ বসে রইল, জানে না। বাইরে থেকে একজন বুড়ো কারিগরের গলা ভেসে এল, কাউকে ডাকছে। তারপর সব চুপ। কৌতূহলে উঠে গিয়ে জানলায় দাঁড়াল সে। উঠোনের মাঝখানে সেই উঁচু কালীমূর্তি, যার চোখের জায়গায় এতদিন দুটো সাদা গর্ত ছিল। বুড়ো কারিগর একটা মইয়ের ওপর দাঁড়িয়ে, হাতে একটা সরু তুলি। চারপাশে কয়েকজন, কেউ কথা বলছে না। তুলিটা কালো রঙে ডোবানো। কারিগর তুলিটা ছোঁয়াল মূর্তির বাঁ চোখের কোণে, একটা টান দিল, খুব ধীরে, একটা বাঁকা রেখা। তারপর ডান চোখে।

তাপস সরে এল জানলা থেকে। সে আর দেখতে চাইল না, চোখ দুটো খুলে গেলে মূর্তিটা কার দিকে তাকায়।

জানলার নিচে একটা ইঁদুর বসেছিল। ছোট। ধূসর। মুখের দুপাশে গোঁফ নড়ছে। তাপসকে দেখে পালাল না। সামনের পা দুটো দিয়ে মুখ ঘষল, তারপর মেঝেতে পড়ে থাকা খড়ের একটি সরু টুকরো দাঁতে তুলে নিল। কিছুক্ষণ পর অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। তাপসের মনে পড়ল নিরঞ্জনের খাতায় লেখা সাতটি শিশুর কথা। জন্মের পর যাদের চোখ ফোটেনি। অথচ তারা মায়ের শরীর খুঁজে পেয়েছিল। বাইরে কারিগরের তুলিতে তখন চোখ পাচ্ছে মাটির একটি মুখ। ভিতরে খড়ের টুকরো মুখে নিয়ে অন্ধকারে চলে যাচ্ছে একটি প্রাণী। তাপস জানলার দিকে আর তাকাল না।

 

খাতার পাতায় ভানুমতীর নাম লেখা ছিল। নালার লোকেরা যে বড় ইঁদুরটাকে বুড়ি বলে ডাকে, তার কোনো নাম নেই। শুধু বয়সের একটা অনুমান। দুটো প্রাণীর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তাপস জানে না। জানার উপায়ও নেই। তবু নিরঞ্জনের লেখা পড়ার পর থেকে খাঁচায় আটকে পড়া ইঁদুরগুলোর দিকে আগের মতো তাকাতে পারছে না সে। যে প্রাণীটাকে এতদিন শুধু মারার কাজের মধ্যে চিনেছে, তারও হয়তো কোথাও ফেরার জায়গা আছে। কোনো অন্ধকার গর্তে অপেক্ষা করছে আরও কয়েকটি প্রাণ। তাপসের মনে পড়ল, প্রথম রাতে লাঠি নামানোর আগে ইঁদুরটা বারবার খাঁচার তার কামড়াচ্ছিল। তখন সে ভেবেছিল, প্রাণীটা শুধু বাঁচতে চাইছে। এখন মনে হল, হয়তো কোথাও পৌঁছতে চাইছিল।

 

...একজন মা উঠে গিয়েছিল আকাশে... আরেকজন নেমে গিয়েছিল নিচে, আরও নিচে, তার সন্ন্যাসী ছেলেকে সঙ্গে নিয়ে... মা, তুমি তো ওপরে গেলে, নক্ষত্রের দিকে, কোনো কথা না বলে... তাহলে নিচে কে থাকে...? যে নিচে নিয়ে যায়, সে-ও কি মা...? আর যে ওপরে নিয়ে যায়...? কোনটা টান, আর কোনটা ছেড়ে দেওয়া...?

প্রশ্নগুলো উত্তর পেল না। মাদুরে শুয়ে পড়ল তাপস। খড়ের কাঠামোরা তাকে ঘিরে দাঁড়িয়ে রইল, হাত তোলা, মাথা হেলানো, বুক উঁচু, কোনো মুখ নেই। তাদের ছায়া পড়েছিল দেয়ালে, লম্বা, জালের মতো জটিল। তাপস ঘুমিয়ে পড়ল সেই ছায়ার নিচে, নিজের কোনো ছায়া ছাড়াই।

এর মধ্যে কালীপুজোর রাত পেরিয়ে গেল। কুমোরটুলির গলি আলোয় ভরে উঠেছিল। প্রতিমাগুলো একে একে বেরিয়ে গিয়েছিল কারখানা থেকে। তাপস সেদিনও নালায় নেমেছিল। ওপর থেকে বাজির শব্দ এসেছিল, মাটির ভিতর দিয়ে ক্ষীণ হয়ে। কোথাও জল কেঁপে উঠেছিল কি না, বুঝতে পারেনি। পরদিন সকালে গুদামঘরের বাইরে কয়েকটি পোড়া তুবড়ির খোল পড়ে থাকতে দেখেছিল সে। উৎসব শেষ হয়েছে, এটুকুই বুঝেছিল। নালার জল আগের মতোই বইছিল।

 

বুড়িকে তারা পেল চোদ্দোতম রাতে।

সেদিন বৃষ্টি হয়েছিল সন্ধেবেলা। কার্তিকের বৃষ্টি, অসময়ের। নালার জল উঠে এসেছিল বুক পর্যন্ত, স্রোত তীব্রতর, ঘোলা। ধরণী নামতে বারণ করেছিল প্রথমে। তারপর রাত দুটোয় খবর এল, আহিরীটোলার পাম্পিং স্টেশনের লোহার জালে কী একটা বড় জিনিস বারবার আটকাচ্ছে, আবার দাঁত দিয়ে জাল কেটে নিজেকে ছাড়িয়ে নিচ্ছে। ধরণী বিড়ি ফেলে বলল, নামো।

বিনায়ক আগে, তাপস পিছনে। দুজনের কোমরে দড়ি। দুজনের হাতে লাঠি। জল এত উঁচু যে টর্চের আলো তার ওপর পড়ে ছড়িয়ে যায়, ভিতরে ঢোকে না। তারা হাঁটছিল জলের শব্দ শুনে। ঝিরঝির। ঝিরঝির। তারপর হঠাৎ, সামনে কোথাও, শব্দটা থেমে গেল। এক মুহূর্ত। নালাটা নিশ্বাস চেপে রাখল।

বিনায়ক হাত তুলল। দুজনেই দাঁড়িয়ে পড়ল। জলের ভিতরে, তাদের থেকে হাত দশেক দূরে, একটা ঢেউ উঠল, সরু, ত্রিভুজের মতো দুপাশে ছড়িয়ে যাওয়া, যেভাবে সাঁতরানো কোনো প্রাণীর মাথার পিছনে জল ভাঙে। তারপর আবার সমান হয়ে গেল জল।

তারা অনুসরণ করল। মূল নালা থেকে বাঁয়ে। তারপর আরেকবার বাঁয়ে। তাপস চিনতে পারল শাখাটা। নিচু ছাদ, ছোট কালো ইট। সেই পুরোনো শাখা। এখানে জল কম, কোমর পর্যন্ত। ঢেউটা আগে আগে চলছিল। তারপর থেমে গেল খিলানটার ঠিক নিচে, সেই খোপের নিচে, যেখানে একশো আট বছর আগে একজন মানুষ লন্ঠন নিভিয়ে অন্ধকারে বসে শুনেছিলেন সাতটা ক্ষুদ্র স্বর।

শাখাটা ওখানেই শেষ। সামনে ইটের দেয়াল। কানা গলি।

বিনায়ক টর্চ ফেলল। খোপের নিচে, জলরেখার ঠিক ওপরে, ইটের একটা সরু কার্নিশ। তার ওপর বুড়ি।

বেড়ালের মতো বড়, হয়তো তারও বেশি। জল থেকে উঠে এসেছে এইমাত্র, লোম লেপ্টে আছে গায়ে, ফ্যাকাশে, প্রায় সাদা। টর্চের আলো তার গায়ে পড়ে নীলচে হয়ে ফিরে আসে। লম্বা ল্যাজ, আংটির মতো খাঁজকাটা, অর্ধেকটা ঝুলে আছে জলে। গোঁফগুলো লম্বা, সারাক্ষণ নড়ছে, যেন বাতাসে কেউ আঙুল দিয়ে কিছু লিখছে। ডান চোখটা কালো, চকচকে। বাঁ চোখটা ঘোলা, দুধ-সাদা। পালাল না। মুখটা ঘোরানো তাদের দিকেই। পাঁজর ওঠে, নামে। ওঠে। নামে। পেটটা ভারী, ফোলা, কার্নিশের ইটে প্রায় ঠেকে আছে। বাচ্চা।

–মারুন, বিনায়ক বলল। ফিসফিস করে নয়। সাধারণ গলায়। যেন বলছে, টিকিট কাটুন।

তাপস লাঠিটা তুলল।

বাঁশের গায়ে হাত সরাতে গিয়ে আঙুল ঠেকল একটি পুরোনো খাঁজে। প্রথম রাতের ইঁদুরটা খাঁচার ভিতরে লাঠির নিচে ছটফট করার সময় এই জায়গাতেই তার মুঠো শক্ত হয়ে গিয়েছিল। মনে পড়ল তাপসের। ইঁদুরটার শরীর খুব বড় ছিল না। লাঠি নামার পরেও গোঁফগুলো নড়ছিল। ধরণী ল্যাজটা কেটে বয়ামে ফেলে দিয়েছিল। দ্বিতীয়টার কথা তেমন মনে নেই। শুধু মনে আছে, লাঠিটা তুলে আনতে গিয়ে বাঁশটা একবার কেঁপে উঠেছিল তার হাতে। সেই কম্পন এখন আর নেই। অথচ খাঁজটা রয়ে গেছে। তাপস আঙুল সরাল না।

হাতটা ভারী। লাঠির বাঁশ ভারী, মাথার লোহা ভারী, কিন্তু সবচেয়ে ভারী তার নিজের হাত। এতদিন পর ফিরে পাওয়া ওজন জমে আছে কনুইয়ে, কাঁধে, কবজির হাড়ে। সে টের পেল, এই ভার কোনো শাস্তি নয়। এই ভার একটা প্রশ্ন।

বুড়ি নড়ে না। গোঁফগুলো নড়ে। মুখটা সামান্য এগিয়ে এল তাপসের দিকে, নাক কুঁচকে, বাতাস শুঁকে, তারপর থেমে গেল তার পেট থেকে এক বিঘত দূরে। ছুঁল না। শুধু শুঁকল।

লাঠির মাথা তার মাথার ঠিক ওপরে। এক হাত দূরে। নামিয়ে আনলেই হয়।

সে নামাল না।

কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে ছিল, তাপস পরে মনে করতে পারেনি। শুধু মনে ছিল, তার হাত ধীরে ধীরে নেমে এসেছিল, লাঠির লোহা জলে ঠেকেছিল, তারপর জলের নিচে পলিতে গেঁথে গিয়েছিল। বুড়ির দিকে নয়। পাশে।

বিনায়ক কিছু বলল না। তার টর্চের আলো সরে গেল বুড়ি থেকে দেয়ালে।

ইটের দেয়ালে বিনায়কের ছায়া পড়ল, প্রকাণ্ড, বাঁকা, খিলানের বাঁক বেয়ে উঠে গেছে ছাদ পর্যন্ত। তার হাতের লাঠির ছায়া, লম্বা, কালো, ঘড়ির একটা কাঁটার মতো হেলে আছে। কার্নিশের ওপর বুড়ির ছায়া, ফোলা পেটের একটা কালো ঢিবি। আর তাপসের জায়গায় কিছু নেই। শুধু ইট। ভেজা, চকচকে, তার গায়ে কারো একশো ষাট বছর পুরোনো আঙুলের ছাপ।

বুড়ি ঘুরল। ধীরে, প্রায় অলসভাবে, তার ভারী পেট নিয়ে। কার্নিশ যেখানে জলে মিশেছে, খোপের ঠিক তলায়, সেখানে একটা ফাটল। এতদিন কেউ দেখেনি, কারণ এই কানা গলির কার্নিশে কেউ কখনো টর্চ ফেলেনি। দুটো ইট খসে গিয়ে তৈরি হয়েছে একটা কালো মুখ, তার ভিতর দিয়ে জল ঢুকে যাচ্ছে নিঃশব্দে। বুড়ি সেই মুখের ভিতর ঢুকে গেল। প্রথমে নাক। তারপর গোঁফ। তারপর ফ্যাকাশে ফোলা পেট। সবশেষে ল্যাজ, জল থেকে উঠে একবার নড়ে মিলিয়ে গেল।

ফাটলের ভিতর থেকে ভেসে এল কয়েকটা ক্ষুদ্র, তীক্ষ্ণ স্বর। তারপর চুপ।

জল আবার ঝিরঝির করে বইতে শুরু করল।

ফাটলের ওপারে আরেকটা সুড়ঙ্গ। আরও পুরোনো। আরও নিচু। জলের টান সেদিকেই।

 

(ক্রমশ)

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন