![]() |
| কবিতার কালিমাটি ১৫৮ |
এই দিনান্ত
(১)
বলতে আশকারা খুঁটে
না-বলতেও অনেকটা ডুব যেন
নিজের মধ্যে নিজেকে আর
ফিরিয়ে দিতে পারছে না
এই দিনান্ত।
মেঘালো নদীর জল
ছই ছই টুকরো আঙুল
প্রবাস ভুলে
খোলা
দশদিক
সেলফি তোলা
হাসির শব্দ
টুকরো কান
যায় ভেসে যায়।
খিদের মাস্তুল পেরোচ্ছে
কিছুটা ফের বাঁচার
এই বসন্ত।
পেরোতে পেরোতে
রোদের ফাটা
নিঃশ্বাস পড়ে
মানচিত্রের
ভেজা চিঠিতে…
(২)
কান্নাকে কানের আদর
আদরকে তরঙ্গ
পরিয়ে একটা
চুম্বক দূরত্বে ঘটে যাওয়া
দিন ও লিপির
হাওয়া বেজে উঠলো
বালির সরগমে।
বেজে বা বাজিয়ে
একেবারে মর্মর এবং হা হা
তোমার সাত রাজার ধন
দু-আঙুলের টুসকিতে।
দেখা হবের চার পরত
পেরোতে পারে না
আজানের ধুন
না বেজেও তবু
নামিয়ে ফেলে
এক দিগন্ত
পালকঝরা
বিষাদ…
(৩)
ধূ ধূ তারায় ঘুরে ফিরে
তার আকূল কন্ঠ
তোলপাড়ের ডিম
ফাটবে ফাটবে
তখন রাতের অপেক্ষা
একবার ওঠে
একবার নামে
আসঙ্গ সাজ দুলে দুলে।
বিদ্যুতের অভিমান
প্যানডোমিক হলো
এবং
এই মনোরমা
স্পর্শ থেকে
রেশমের কীট
মাছের বায়না বেয়ে
উঠেছিল
চাঁদের মুখোশ পরে।
দেখি নাই দেখি নাই করে
একটা আত্মগোপন
কীভাবে খুলে যায়
সিম সিম!
সীমাহীন মাঠ
জুড়ে পায়ের শব্দ
ফিরে
একবার দেখি
সকালের ঠোঁট…

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন