শনিবার, ১৩ জুন, ২০২৬

নিউজিল্যান্ডের কবি জেমস কে বাক্সটার-এর কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

নিউজিল্যান্ডের কবি জেমস কে বাক্সটার-এর কবিতা           

(অনুবাদ : বাণী চক্রবর্তী)

 


কবি পরিচিতিঃ নিউজিল্যান্ডের বিখ্যাত কবি জেমস বাক্সটার Dunedin-এ জন্মগ্রহণ করেন ১৯২৬ সালে। মাত্র ১৭ বছর বয়সে তাঁর প্রথম বই ‘Beyond the palisade’ প্রকাশিত হওয়ার সাথে সাথেই ক্রিটিকদের নজরে আসেন এবং প্রসংশিত হ'ন। তাঁর কবিতায় নিউজিল্যান্ডের ল্যান্ডস্কেপ, কল্পনা, আধ্যাত্মিকতা, মাওরি মিথলজি, ক্রিস্টিয়ান সিম্বোলিজম এবং জীবনের অভিজ্ঞতার প্রকাশ দেখতে পাওয়া যায়। ১৯৭২ সালে তিনি প্রয়াত হন।

 

East Coast Journey (পূর্ব উপকূলের যাত্রা)

পূর্ব উপসাগরের কিনারে, এক টিলার

ওপর ছিলো সেই সাদারঙের পানশালাটি!

এক আলোকোজ্জ্বল প্রাক্ সন্ধ্যায়

আমরা সেখানে পোঁছে যাই।

 

দেখতে পাই একটি কাঠের পাটাতন

ধীরে ধীরে ভেসে চলেছে... আর...

পাখির খোলা ডানার মতো ঢেউগুলো

নোনাজল ছিটিয়ে চলেছে তার ওপর।

 

গোল টেবিলে পানরত এক বিদ্ধস্ত মানুষকে

বসে থাকতে দেখি যেন ‘কুমারা দেব’

বারান্দার বিছানায় শুয়ে ভাবতে থাকি...

তার মলিন মুখ আমাকে জাগিয়ে রাখে!

 

উদাস হৃদয়ে সাগরের ধ্বনি প্রতিধ্বনি শুনি,

সে বিনিদ্র রাতে ভাবতে থাকি... বৃদ্ধ বয়সে

মানুষ সুরা, সাকি এমনকি রুটিও চায় না...

বরং আশ্রয় চায় মৃত্যু ও অন্ধকারের দেবী

‘হিনে নুই তে পো’র বাহুতে!

যার ধারালো ছুরির মতো দাঁত ও

নিকষ কালো শৈবালের মতো বিস্তৃত কেশরাশি

পুরো দিগন্ত জুড়ে ঝিলমিল করে!

(নোটঃ ‘হিনে নুই তে পো’ মাউরি মিথোলজিতে মৃত্যুর দেবী। এবং ‘কুমাড়া গড’ কুমড়োর মতো মুখের দেবতা।

 

High Country Weather (1945) (অন্ত:পুরের আবহাওয়া)  

মাতৃজঠরে একাই এসেছি...

একাই চলে যাবো, পড়ে থাকবে সবকিছু!

তবু্ও জীবনের স্বাদ গ্রহণ করি... শৈল শিখরে

দেখতে থাকি লাল ও সোনালির অদ্ভুত খেলা!

 

ওপরে ওঠো, সহজেই ওঠা যাবে,

হে পথিক! আকাশ ছুঁয়ে ফেলো

সেখানে নিজেকে নিবেদন কর

ফেলে দাও হৃদয়ের যত অঙ্গার!

 

Elegy for My Father’s Father (1945) (পিতামহের কড়চা)

মৃত্যু সময়ে তিনি জানতেন...

এতো বছরে কখনো হৃদয়ের কথা বলেননি।

আশি বছর ধরে নীরবতায়, তার জিহবা

পাথরের মতো ভারি হয়ে গেছে।

 

জীবনের একটি মাত্র গোপন কথা ছিলো,

যা তিনি কখনো প্রকাশ করেননি

সেটাও ছিলো অনেক ভারী পাথরের মতো।

 

তিনি ছিলেন হিমাদ্রীর মতো কঠোর

এবং দৃঢ়, একটি নদীর মতো গতিশীল,

ধরিত্রীর মতো সহনশীল, মাটির মানুষ!

এমনভাবেই তিনি বৃদ্ধ হয়ে গেলেন!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন