শনিবার, ১৩ জুন, ২০২৬

অভিজিৎ মিত্র

 

কবিতার কালিমাটি ১৫৮


একা অথবা শীতঘুম

(১)

আলতো ছুঁয়ে দেবে

সেই স্নিগ্ধ বুক তোমার নেই

রেখার আঁকিবুকি

ধনুক মাপা চিৎকার

আর হাপরের ওঠানামায়

মে মাসে আগুন ছুঁড়ে মারবে

                          হয়ত

 

(২)

কোথায় রয়েছি

তুমি ভেঙেই চলেছ

হয়ত এবার আমাকেই...

স্পেস টাইম ছেড়ে কখন

মনের ওপর বুলডোজার চালাবে

জানতাম

তোমার খেলনা লাগে যুদ্ধ লাগে

হরমুজ হয়ে এক দাম্ভিক দূষণ লাগে

হাতে কি দেবে

শান্তি শব্দে বহুদিন ভয় পাচ্ছি

আলিবাবা মোহরের কনকন

চোরেদের হামাগুড়ি

শরীর জুড়ে ব্যথা ছড়িয়ে পড়ছে

                              সূর্যাস্তের মত

মনে হয় রোজ রাত্তিরে

তোমায় তোমাদের

                 সিস্টেম থেকে মুছে দিই

 

(৩)

ধরে নাও পাথর খুঁজছ

অথচ কোথাও কোন পাথর নেই

তুমি হন্যে

পাথর চাই

                   পাথর

ফেরিওয়ালার মত দীর্ঘ গ্রীষ্ম তেষ্টা ভাঙচুর পেরিয়ে

যখন বসার জন্য একটা পাথরের চাতাল

তোমার শক্তি সম্বল শেষ

শুধু জুন মেশা কুর্চিফুলের পোড়াঘ্রাণ

অথবা

নাগালের বাইরে বহুদূর

পাথরে ধাক্কা লেগে ফিরে আসা বাঁচতে দাও

                                            প্রতিধ্বনি

 

(৪)

আর কত অনিশ্চয়তা

জীবনের গ্লাসে রোজ যেভাবে

                    কাঁটাতার ঢালছ

তুমি চেনা বিজন কেড়েছ 

বিজনের আলোবাতাস

কবিতার শব্দগুলো     দলমা ক্যাম্পে

এক দুই গুনতে আসা

                         অলস হাতিগুলো

মনে হয় সবাই ব্যাংকের লকারে

বর্ডার পেরোতে হবে গুটিগুটি রেডি হও

বসতে দেবে না

শুতে দেবে না

শান্তি দেবে না     জানি

শুধু একটু দাঁড়িয়ে ঘুমোনোর মত

শীত দাও

বাকিটুকু একা আমার হোক

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন