সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রঞ্জন মৈত্র

 

কবিতার কালিমাটি ১৫৬


ঋণস্বীকার: কবি জয়দীপ - ১

কোথায় মিশবে এই প্রশ্নটুকু

জয়দীপের কবিতা থেকে নিই

তারপর ঘড়ি ও ৯-২২পি এম

মোবাইল চার্জ খাচ্ছে

বিশাখাপত্তনের নীলে ডিঙি নৌকো থেকে

একটি চার্জড আকাশের খোঁজ শৌভিকের

কোথায় মিশবে এই জিজ্ঞাসার গায়ে

ঢেউ ভাঙে ফেনা হয়

ধুমধাড়াক্কা মেঘে ঠিক কোথায় ত্রিভূজ

দার্জিলিং থেকে ইন্দ্রজিতের এই ছানবিনের গায়ে

বৃষ্টি পড়ে সাদা বৃষ্টি

মোবাইল চার্জ খাচ্ছে এবং সাড়ে দশ পি এম

আমরাও খেতে বসব

পাহাড় সমুদ্র ছাড়াই বেশ খাওয়া হয়

দিব্যি হয় পড়ে ফেলা, জয়দীপের পুরো জলভাগ

 

ঋণস্বীকার: কবি জয়দীপ - ২

আখাম্বা গর্ত্তগুলোকে ঠিকানা ভেবেছে জয়দীপ

অযথাকে গর্ত্তের যথার্থ বিশেষণ

ঘড়াং ঘড়াং করা এস্ক্যাভেটরের গা ঘেঁসে

শিশুপায়ে বাজারে চলেছি

শিশুর হাঁটাপথ জয়দীপ ভেবেছে

শাকসবজি পর্যন্ত মাছমাংস অবধি

পথ নতুন পথ  হবে আমাদের

নতুন সরকার হবে পৌনঃপুনিক

ধ্বনি থেকে লিপি হয়ে ঘড়াং ঘড়াং

খুঁড়ে তুলছে দেশি জনপথ

বিদেশি মিসাইলের জেনোসাইড

চৌদিকে ক্রুড অয়েল

রন্ধ্রে রন্ধ্রে রোমান্টিক এলপিজি

বাজার ফেরতা দিল খুশ হয়ে

খুঁড়ে তোলে পোস্টকার্ড

ভালো থাকিস লিখে গর্ত্তে ফেলে দেয়


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন