শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রামতনু দত্ত

 

প্রাচীন বাঙলার কথা

 


বাঙলা ও বাঙালির ইতিহাস বহু প্রাচীন। যখন পরিচিত প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর জন্ম হয়নি তখনো বাঙলায় ছিল উন্নত মানের সভ্যতা। বাঙলা ভাষাও একটি অতি প্রাচীন প্রাকৃত যা থেকে কৃতবাক বৈদিক ভাষার জন্ম হয়েছে। বলা হয় চর্যাপদ থেকে আমাদের ভাষার যাত্রা শুরু। অথচ বাঙলা ঋগ্বেদ এবং বেদপূর্ব লৌকিক ভাষা ‘ভাষা’র উত্তরাধিকার বহন করছে। আবহমান ভাষানদী অনেক ভাঙা গড়ার ভিতর দিয়ে আজকের বাঙলা ভাষায় পরিণত হয়েছে। বাঙলা ভাষা নিয়ে অনেক গবেষণা বাকী আছে। সিংহলী মারাঠি গুজরাটি এসব ভাষার সঙ্গেও আমাদের ভাষার কমবেশি সম্পর্ক রয়েছে। বৃহদ্ বঙ্গ বা শাশ্বত বঙ্গে বাঙালি ছাড়াও যে নানান ভাষা গোষ্ঠীর মানুষ বসবাস করছে আবহমান কাল ধরে তাদের সঙ্গে রক্তসম্পর্ক বা নৃতাত্ত্বিক সামাজিক ভাষিক সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বাঙালির। ইতিহাস থেকে দেখা যায় বিগত দুহাজার বছর ধরে বাঙালি বিজাতি বিদেশী বিভাষী শাসিত। বাঙালি রাজা সম্রাট সুলতান নবাবের দেখা পাওয়া ভার। তেমনি বাঙলার বণিক রাও বিজাতীয়। বাঙলার মঙ্গলকাব্যের বণিকরা কিন্তু সুদূর অতীতের স্মৃতি বহন করছে।

বাঙালি মিশ্র জাতিসত্তা। এক ঐতিহাসিক মিথষ্ক্রিয়ার ভিতর দিয়ে বাঙালির জন্ম। বাঙলা ও বাঙালি পরিচয় ঘটেছে অনেক পরে। গৌড় ও বঙ্গ এই দুই নাম পরিচয় বহু প্রাচীন। পাণিনির সময়ে ছিল গৌর ও গৌরপুর। এই সময়ের এক নগর অরিষ্টপুরের নাম পাওয়া যায়। গৌড় নামটি পরে এসেছে মনে হয়। জ্ঞানবাচক বা অনুভূতিবাচক শব্দ গৌর। আর গৌড় হল আস্বাদন দ্বারা পরীক্ষিত। উচ্চারণগতভাবে দুই শব্দ এক। সুপ্রাচীন গৌর দেশই গৌড়। জ্ঞান ও শব্দের সত্যের সন্ধান যে পবিত্র ভূমিতে ঋগ্বেদের ঋষিদের কণ্ঠ থেকে প্রকাশিত হয়েছিল সেই ভূমি বা দেশ গৌরদেশ নামে পরিচিত ছিল। ঋষি দীর্ঘতমার কণ্ঠ থেকে প্রথমে গৌর, পরে গৌরী শব্দের প্রকাশ ঘটেছে। গৌর শব্দের মধ্যে রয়েছে জ্ঞানরূপ সত্য, আলোকবর্ণের প্রকাশ। জীবনের প্রকাশ ধ্বনির স্বরের মধ্য দিয়ে। অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে তার শক্তির ভিতর দিয়ে। গৌরী ব্রহ্মাত্মক শব্দ বা বাকের প্রকাশ। "যাবৎ-বৈ ব্রহ্ম বিষ্টিতং তাবতী বাক্"। ব্রহ্ম যতদূর বিস্তৃত বাক্-ও ততদূর। গুড় হল গোলাকৃতি, ইক্ষুপাক। ইক্ষুরসকে জ্বাল দিয়ে যে খাদ্যদ্রব্য প্রস্তুত হয় সেটিই গুড়। যে দেশে প্রথম ইক্ষুচাষ হত বা ইক্ষু আবিষ্কার হয়েছিল সেই দেশের আদিসত্তার মধ্যেই লুকিয়ে রয়েছে গৌড়দেশের ইতিহাস। গড় থেকেও গৌড় নাম আসতে পারে। পঞ্চগৌড়ের কথা জানা যায়। বাঙালির সংস্কৃত রচনা রীতি গৌড়ীয় অক্ষরডম্বরে মুখরিত থাকত।

সেই গুড় উৎপাদনকারী দেশ হল পুণ্ড্রদেশ। ইক্ষু ও পুণ্ড্র সমার্থক শব্দ। ইক্ষুলতা (সোমলতা?) থেকে গুড় নামক উপাদেয় খাদ্যদ্রব্য প্রস্তুত করে পুণ্ড্র সভ্যতা অস্ত গেল গৌড় নামের ভিতরে। বিশ্বসভ্যতার অরুণোদয় হয়েছিল গৌরদেশে। এবং মানবজ্ঞানের প্রথম বিকাশ ঘটেছিল। সেই সুপ্রাচীন গৌরদেশই আজকের গৌড়বঙ্গ বা গৌড়বাংলা। এপার বাঙলা ওপার বাঙলা।

বঙ্গ ও গৌড় দুটি শব্দই খুব প্রাচীন। প্রাচীন বঙ্গের একটি বড় রাষ্ট্র ছিল গঙ্গারিডি বা গণ্ডঋদ্ধি। একে গঙ্গাহৃদি বা গঙ্গারাঢ়-ও বলে। প্রাচীন গ্রিসের পর্যটক লেখকরা একে গঙ্গারিদি, গঙ্গারিদই, গণ্ডরিতিস এসব বলেছেন। গণ্ডদের দ্বারা অধ্যুষিত দেশ। গণ্ড +ঋদ্ >গণ্ডরেইদ >গণ্ডরিদি। রাজধানী ছিল গাঙ্গে নগরী। অনেকে একে বর্তমান দেগঙ্গা বলে মনে করেন। গণ্ড > গন্দ> gond > গৌড়। এরকম ভাবারও সুযোগ আছে। অনেকে মনে করেন চিনা তিব্বতী শব্দ বংগ। বং হল জলাভূমি। বঙ্গ হোয়াংহো শব্দের শব্দের মধ্যে মিল রয়েছে। আবার আদিবাসীদের বোঙা শব্দের সঙ্গেও মিল থাকতে পারে। ঋগ্বেদে বঙ্গৃদ্ শব্দের উল্লেখ আছে। সায়নাচার্য লিখেছেন, বঙ্গৃদ্ অসুর ভাষাগোষ্ঠী। বাঙালিদেরই অসুর ভাষা গোষ্ঠী বলা হত। পরে আমাদের ভাষা দেবাসুরী হয়ে যায়। ইন্দো-ইউরোপীয় মূল ভাষার ধাতু রেইদ্। অর্থ অবলম্বন বা পোষণ করা। তাহলে কি গঙ্গৃদ্  থেকে গণ্ডরেইদ বা গণ্ডরিদি?

এই গণ্ডঋদ্ধি সভ্যতা হাজার দেড়হাজার বছর টিকে ছিল। ভাগীরথীর পূর্বদিকে ছিল গণ্ডঋদ্ধি রাষ্ট্র। আর পশ্চিম দিকে ছিল প্রাসী বা প্রাসিআই রাষ্ট্র। এরা ফেডারেল স্টেট ছিল। শুধু তাই নয়। গণ্ডঋদ্ধিদের সঙ্গে ভূমধ্যসাগরীয় ক্রীট দ্বীপপুঞ্জসহ গ্রিসের যৌথ রাষ্ট্র ব্যবস্হা ও সভ্যতা ছিল। মহাকবি ভার্জিলের ঈনিড  মহাকাব্যে গঙ্গারিডিদের শৌর্যবীর্যের পরিচয় আছে। আমাদের বৃহত্তর বেহালা জনপদসহ সুন্দরবন গণ্ডঋদ্ধি রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। অজস্র প্রত্নতাত্ত্বিক প্রমাণ থাকা সত্ত্বেও আমাদে্র খ্যাতনামা ঐতিহাসিকগণ গঙ্গারিডি সভ্যতা নিয়ে গভীর কোনো গবেষণা করেননি। আজও গণ্ডগ্রাম গণ্ডগোল গণ্ডদেশ এইসব শব্দে গঙ্গারিডি বা গণ্ডঋদ্ধি সভ্যতা বেঁচে আছে মনে হয়। গণ্ড, গোল, মাল এইসব জাতিগোষ্ঠীদের আমরা বিস্মৃত হয়েছি। অথচ গণ্ডগোল ও গোলমাল শব্দ দু’দুটি প্রাচীন যুদ্ধের স্মৃতি বহন করছে। এই দুই যুদ্ধের পরে গণ্ডরিদি সভ্যতা  গড়ে উঠেছিল। গণ্ড ও মাল জাতি এখনো আছে। কিন্তু ‘গোল’-এরা গেল কোথায়? গণ্ড গোল মাল এরাই সম্ভবত ঋগ্বেদের যুগের ভরত গোষ্ঠী।

প্রাচীন রাঢ় বা রাঢ়ের দুটো ভাগ ছিল। বজ্রভূমি বা বজ্জভূমি আর সুহ্মভূমি বা সুব্ বভূমি। আড়াই হাজার বছর আগের প্রাচীন রাঢ়ে দুটি রাষ্ট্র ছিল। শিবিরাজ্য ও চেতরাজ্য। এদের রাজধানী ছিল মঙ্গলকোটের নিকট জেতুত্তরনগরে (শিবপুরী)ও চেতপুরী। ঘাটালের চেতুয়া হল চেতপুরী। প্রাচীন বঙ্গের কয়েকটি উল্লেখযোগ্য  আন্তর্জাতিক বন্দর ছিল তাম্রলিপ্তি, পুরস্হল (বর্তমান পূর্বস্হলী), গঙ্গা বা গাঙ্গে, সমন্দর।

আমাদের বর্তমান বাঙলা বা বঙ্গ কিন্তু একদিনে গড়ে ওঠেনি। বাঙলার বিভিন্ন অঞ্চলে ছিল বিভিন্ন সমৃদ্ধ জনপদ। রাঢ়, পুণ্ড্র, গৌড়, বঙ্গ, সুহ্ম, অঙ্গ, কলিঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, বঙ্গাল, বরেন্দ্র, তাম্রলিপ্ত, হরিখেল, বারক, কামরূপ, কজঙ্গল, দণ্ডভূক্তি, খাড়ি, নাব্য প্রভৃতি। বর্তমান বাঙলা নাম মুঘল যুগের সুবে বা সুবা বাংলা থেকেই এসেছে। ইংরেজি বেঙ্গল এসেছে পোর্তুগিজ বেঙ্গালা থেকে যা আবার এসেছে বঙ্গালহ্ শব্দ থেকে। মুসলমানদের দান। বঙ্গ + আল>= বঙ্গাল। বঙ্গালভূম ও বঙ্গালবাণী শব্দ ছিল। বাঙ্গালা ও বেঙ্গল দুয়ের মূলে বঙ্গালহ্। মার্কোপোলো বঙ্গাল শব্দ ব্যবহার করেছেন। ঐতিহাসিক জিয়াউদ্দিন বরণী ও গিয়াসউদ্দিন বলবন  'বঙ্গালা' বঙ্গ অর্থে প্রয়োগ করেছেন। চর্যাগীতিতে বঙ্গাল বঙ্গালী শব্দ পাওয়া যায়। কবি ভুসুকু পা-র ছিল বঙ্গালী ঘরণী। সুলতান শামসউদ্দীন ইলিয়াস শাহ স্বয়ং শাহ-ই-বঙ্গালা নাম গ্রহণ করে ১৩৩৮ সনে গৌড়ের সিংহাসনে বসেন। তুর্কি আমলে বঙ্গ গৌড় রাঢ় বরেন্দ্র আলাদা ভাবে চিহ্নিত হত। মুঘল আমলের সুবাহ্ বাঙ্গালাহ্ ছিল বিস্তৃত পূর্ব দক্ষিণ অঞ্চলীয় ভূখণ্ড। বাঙলা বিহার উড়ষ্যা নিয়ে সুবাহ্ - ই- বাঙ্গালাই ব্রিটিশের বেঙ্গল প্রেসিডেন্সি। উনিশ শতক অবধি গৌড় ও বঙ্গ দুভাগে নির্দেশিত হত। হরিখেল ছিল বর্তমান চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামসহ বিস্তৃত অঞ্চল।

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন