শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মৌসুমী মুখোপাধ্যায়

 

ধারাবাহিক উপন্যাস 

রক্তগোলাপের উত্তরাধিকার

 


(তিন)  

তদন্তের চতুর্থ দিনে এসে দেখলাম মামনিদির মনোযোগ পুরোপুরি খুনি ঘর থেকে বেরোল কীভাবে এই প্রশ্নের ওপর চলে গেল। ও বলল, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাকি সমস্ত তত্ত্বই কেবল অনুমান।

সকাল সাড়ে নটার সময় আমি, মামনিদি আর রেনুআপা আবার চৌধুরী ভিলায় পৌঁছে স্টাডি রুমের সামনে দাঁড়ালাম।

পুলিশের অনুমতিতে সিল খোলা হয়েছে। ফরেনসিকের প্রাথমিক কাজ শেষ। এখন ঘরটা প্রায় আগের মতোই রাখা হয়েছে।

দরজার সামনে দাঁড়িয়ে মামনিদি বলল,

"বাস্তবে বন্ধ ঘর বলে কিছু হয় না।"

আমি অবাক হয়ে বললাম,"মানে?"

"মানে, ঘর যতই বন্ধ দেখাক, কোথাও না কোথাও একটা ফাঁক থাকবেই।"

আমরা স্টাডির ভেতরে ঢুকলাম। ঘরটা প্রায় বিশ ফুট বাই পনেরো ফুট হবে।একদিকে বিশাল বুকশেলফ। অন্যদিকে জানালা। মাঝখানে রয়েছে মেহগনি কাঠের ডেস্ক। তার সামনে কার্পেট।

অমিয়েশবাবুর মৃত্যু এখানেই হয়েছে।

একদম শুরু থেকে পুরো ঘটনাটা  মামনিদি এবার পুনর্গঠন করতে শুরু করল। রাত দশটা পঁয়ত্রিশে অমিয়েশ চৌধুরী স্টাডিতে ঢোকেন। এগারোটা কুড়িতে ওঁর দেহ উদ্ধার হয় অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে খুন।

এই সময়ে ঘরে আর কেউ ঢোকেনি। অন্তত সিসিটিভি তাই বলছে। জানালা ভেতর থেকে বন্ধ ছিল। দরজাও ভেতর থেকে লক ছিল। আর এইটাই আসল রহস্য।

মামনিদি মেঝেতে বসে পড়ে কার্পেট সরাতে শুরু করল।

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,

"কিছু খুঁজছ?"

ও বলল,"যে জিনিসটা সবাই মিস করেছে।"

প্রায় দশ মিনিট ধরে ও কার্পেটের প্রত্যেকটা ইঞ্চি পরীক্ষা করে দেখল।

হঠাৎ বলল,"রেনু, ম্যাগনিফায়িং গ্লাসটা দাও তো।"

আমি আর রেনুআপা ঝুঁকে পড়লাম।

কার্পেটের ধারে একটা খুবই ছোট ক্ষুদ্র আঁচড়। সাধারণ চোখে দেখে কেউ  গুরুত্বই দেবে না।

মামনিদি বলল, "এটা নতুন। কারণ পুরনো কাঠের রং এখানে উঠে গেছে।"

ও মেঝের দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একবার দরজার কাছে গেল। লকটা পরীক্ষা করল।

আর ঠিক তখনই ওর চোখ চিকচিক করে উঠল যার মানে আমি বুঝতে পারলাম কোনো একটা ক্লু ও অবধারিত পেয়েছে।

দুপুরের মধ্যে মামনিদি একটা অদ্ভুত কাজ করে বসল। ও বাড়ির সব কর্মচারীদের ডেকে আনল। একজনকে অমিয়েশবাবুর চেয়ারে বসাল।আরেকজনকে বাইরে দাঁড় করাল।

আমরা সবাই তো অবাক।

ও বলল,"আমি ঘটনাটা আবার ঘটিয়ে দেখতে চাই।"

রেনুআপা হেসে বললেন,"হ্যাঁ তবে খুনটা ছাড়া।" শুনে মামনিদি হালকা হাসল।

তারপর শুরু হলো পরীক্ষা। দরজা বন্ধ।

ভেতরে একজন আর বাইরে একজন।

মামনিদি বারবার লক পরীক্ষা করছে।

কয়েক মিনিট পর দেখলাম ও জানালার দিকে গেল। জানালার ফ্রেমের এক কোণায় আঙুল বুলিয়ে হঠাৎ ও থেমে গেল। মুখে বলল,"এই তো।"

আমরা সবাই এগিয়ে গেলাম। কেউ কিছুই দেখতে পাচ্ছি না। ও একটা চিমটে বের করল। তারপর খুব সাবধানে কিছু একটা টেনে বের করল। একটা স্বচ্ছ, প্রায় অদৃশ্য নাইলনের সুতো মাত্র কয়েক ইঞ্চির। আমি তো একেবারে হতবাক। বললাম,"এটা এখানে কী করছে?"

মামনিদি বলল, "আমারও তো ওই একই প্রশ্ন।"

বিকেলে আমরা কাছের একটা ফাঁকা ঘরে বসেছিলাম। মামনিদি একটা পুরনো তালা নিয়ে পরীক্ষা করছিল।

হঠাৎ ও তালার মধ্যে একটা পাতলা সুতো ঢুকিয়ে দেখাল। তারপর বাইরে দাঁড়িয়ে টান দিল। টাক করে তালাটা বন্ধ হয়ে গেল। আমি অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম। বললাম,"এটা কি সম্ভব?"

"খুবই সম্ভব।"

রেনুআপা বলল,"তার মানে তুমি বলছ, খুনি ঘর থেকে বেরিয়ে গিয়েছিল?"

"হ্যাঁ। জানালার ফাঁক দিয়ে সুতো চালিয়ে বাইরে থেকে লক বসিয়েছে।"

আমার শরীরটা একেবারে শিউরে উঠল। তাহলে পুরো লকড-রুম রহস্যটাই তো ছিল একটা চালাকি।

কোনো অলৌকিক ঘটনা ফটনা কিছু  নয়। একেবারে নিখুঁত পরিকল্পনা।

সন্ধ্যায় চৌধুরী পরিবারের সদস্যদের আবার ডাকা হলো।

ড্রয়িংরুমে সবাই এসে বসল। অরিন্দম, অর্ক, মল্লিকা, তিনজনের মুখেই ক্লান্তি।

মামনিদি শান্তভাবে বলল,"একটা বিষয় পরিষ্কার করে জানানো দরকার আপনাদের।"

সবাই ওর দিকে তাকাল। ও বলল,"এই খুনটা কোনো বন্ধ ঘরে আদৌ হয়নি।"

মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে গেল।

অর্ক এগিয়ে এসে বলল,"মানে?"

"মানে খুনি বেরিয়ে গিয়েছিল।"

অরিন্দম কপাল কুঁচকে বলল,"প্রমাণ?"

মামনিদি সুতোটা দেখাল সবাইকে।

সবাই একেবারে চুপচাপ।

মল্লিকার মুখে এক সেকেন্ডের জন্য কী যেন একটা ঝলক দেখা গেল। এত দ্রুত যে আমি ঠিক নিশ্চিত হতে পারলাম না।

কিন্তু মামনিদি সেটা দেখতে পেয়েছে।

আমি বুঝতে পারলাম। কারণ ওর চোখ মুহূর্তের জন্য মল্লিকার ওপর স্থির হয়ে ছিল।

রাত ন'টার দিকে আমরা বাড়ি ফিরছিলাম। গাড়িতে আমরা কেউ অনেকক্ষণ কথা বলিনি। অবশেষে আমি বললাম, "তাহলে এখন তো রহস্য অনেকটাই পরিষ্কার।"

মামনিদি মাথা নাড়ল।

"না। কারণ আমরা এখন শুধু জানি খুনি কীভাবে বেরিয়েছে। কেন খুন করেছে, সেটা জানি না।"

রেনুআপা বলল,"উইলের জন্য?"

"সম্ভব।"

"প্রতিশোধ?"

"সেটাও সম্ভব।"

"তাহলে?"

মামনিদি জানলার বাইরে তাকিয়ে বলল,

"খুনি খুব বুদ্ধিমান। সে চেয়েছে আমরা দেবব্রত মুখার্জির গল্পে আটকে যাই বা গোলাপ নিয়ে ব্যস্ত থাকি। বা ভাঙা কাঁচ নিয়ে ভাবি। সবচেয়ে বড় কথা, তার টার্গেট আমরা বন্ধ ঘরের রহস্য নিয়েই মেতে থাকি।"

আমি একদম চুপ করে গেলাম। কথাটা তো সত্যিই। এই ক'দিন আমরা সবাই লকড-রুম নিয়েই ভাবছিলাম।

অথচ এখন মনে হচ্ছে সেটাই হয়তো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশ এই তদন্তের ক্ষেত্রে।

সেই রাতেই মামনিদির ফোন বেজে উঠল। ও প্রান্তে ইন্সপেক্টর সৌমেন। জানাল ফরেনসিক রিপোর্ট এসেছে। এমন একটা নতুন তথ্য পাওয়া গেছে

যা শুনে মামনিদি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল,

"খুব ইন্টারেস্টিং।"

ফোন রাখার পর আমি আর থাকতে পারলাম না। বললাম, "কী হয়েছে?"

ও আমার দিকে তাকাল। বলল,"মৃত্যুর সময় নিয়ে গোলমাল আছে। যে সময় সবাই বলছে অমিয়েশবাবু মারা গেছেন, ফরেনসিক বলছে তিনি তারও আগে মারা গিয়েছিলেন।"

আমার বুকের ভেতরটা ধক করে উঠল।

"কত আগে?"

"কমপক্ষে কুড়ি মিনিট।"

আমরা সবাই চুপ করে গেলাম। এর অর্থ

পরিবারের সবাই যে সময়ের হিসাব দিয়েছে, তার মধ্যে কোথাও একটা মিথ্যে লুকিয়ে আছে। হতে পারে সেই মিথ্যেটাই খুনির সবচেয়ে বড় ভুল।

মামনিদি ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। দেখলাম ওর চোখ চিকচিক করছে। অর্থাৎ সত্যি খুব দূরে নেই।

শুধু প্রশ্ন একটাই সেই সত্যি কার বিরুদ্ধে যেতে চলেছে।

অরিন্দম না অর্ক নাকি মল্লিকার বিরুদ্ধে সেটা জানতেই আমরা তদন্তের পরবর্তী এগোব।

তদন্ত গিয়ে একটা বিষয় আমি বারবার দেখেছি—কিছু সূত্র এতটাই প্রকাশ্যে আমাদের চোখের সামনে পড়ে থাকে যে, আমরা সেগুলোকে গুরুত্বই দিই না। অমিয়েশ চৌধুরীর খুনের ঘটনায়ও ঠিক তেমনটাই হয়েছিল। প্রথম দিন থেকেই সেই লাল গোলাপ নিয়ে চারদিকে আলোচনা। সংবাদমাধ্যম তো তার নামই দিয়ে দিল 'রক্তগোলাপ'। টেলিভিশনের পর্দায় একের পর এক বিশেষজ্ঞ হাজির হয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন। কারও মতে, এটা প্রতিশোধের প্রতীক। কেউ বলছেন, কোনো গোপন সংগঠনের সংকেত। আবার কেউ প্রেম, বিশ্বাসঘাতকতা আর পারিবারিক ষড়যন্ত্রের গল্প জুড়ে দিচ্ছেন।

শুধু মামনিদিই একবারও গোলাপ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করল না। ওর এই স্বভাবটা আমার খুব চেনা। যে সূত্র নিয়ে ও সবচেয়ে কম কথা বলে, শেষ পর্যন্ত দেখা যায় সেটাই ওর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

অমিয়েশবাবুর মৃত্যুর পাঁচ দিন কেটে গেছে। তবু চৌধুরী ভিলার সামনে এখনও সকাল থেকে রাত পর্যন্ত সাংবাদিকদের ভিড়। টিভি চ্যানেলের ওবি ভ্যান, ক্যামেরা, লাইভ সম্প্রচার এসব দেখলে মনে হয়, যে কোনো মুহূর্তে নতুন কোনো খবর বোধহয় বেরিয়ে আসবে। আসলে সেই সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না। কারণ তদন্ত যত এগোচ্ছে, রহস্যও তত ঘনীভূত হচ্ছে।

সকালে মামনিদির বাড়িতে গিয়ে দেখি, ডাইনিং টেবিলজুড়ে ছড়িয়ে রয়েছে গোলাপটার বিভিন্ন কোণ থেকে তোলা ছবি। ফরেনসিক টিমের তোলা ছবিগুলোও তার মধ্যে রয়েছে।

চেয়ার টেনে বসে আমি বললাম, "আজ বুঝি গোলাপ নিয়েই গবেষণা চলছে?"

মামনিদি মৃদু হেসে বলল, "গোলাপটা নিজেই অনেক কথা বলছে।"

আমি হেসে উঠলাম।

"ফুল আবার কথা বলে নাকি?"

ছবিগুলোর দিকে তাকিয়েই ও উত্তর দিল, "মানুষ মিথ্যে বলতে পারে, রিচা। কিন্তু বস্তু মিথ্যে কখনো এসব ক্ষেত্রে মিথ্যে বলে না।"

সেদিনই ফরেনসিক থেকে নতুন রিপোর্ট এল। গোলাপটার ওপর অত্যন্ত সূক্ষ্ম রাসায়নিক পরীক্ষা করা হয়েছে।

রিপোর্টে লেখা আছে, ফুলের গায়ে কোনো স্পষ্ট আঙুলের ছাপ নেই। অবশ্য এতে বিশেষ আশ্চর্যের কিছু নেই। ভেজা পাপড়িতে ছাপ সাধারণত টেকে না।

তবে অন্য একটা জিনিস মিলেছে।

এক ধরনের অত্যন্ত দামি বিদেশি পারফিউমের অণু। ভারতে এই সুগন্ধি খুব কম মানুষই ব্যবহার করেন।

রিপোর্টটা পড়ে আমি বললাম, "এতে কী বোঝা যায়?"

মামনিদি বলল,"কিছুই প্রমাণ হয় না। আবার অনেক কিছুই বোঝা যায়।"

রেনুআপা জানতে চাইল, "যেমন?"

"যেমন, গোলাপটা কেউ হাতে নিয়েছিল।"

আমি বললাম, "ওটা তো স্বাভাবিক।"

"স্বাভাবিকই। কিন্তু খুনি ভেবেছিল, সে কোনো চিহ্ন রেখে যায়নি। অথচ নিজের অজান্তেই একটা চিহ্ন রেখে দিয়ে গেছে।"

রিপোর্টটা বন্ধ করে মামনিদি যোগ করল, "প্রত্যেক মানুষ নিজের সঙ্গে একটা গন্ধ, একটা অভ্যাস, একটা স্বাক্ষর বয়ে বেড়ায়।"

আমরা দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত নার্সারিতে গেলাম। পুলিশ আগেই খোঁজ নিয়ে জেনেছিল, ঘটনাস্থলের গোলাপটি খুব বিরল প্রজাতির। শহরে হাতে গোনা কয়েকটি জায়গাতেই এই ফুল পাওয়া যায়।

নার্সারির মালিক বয়স্ক একজন ভদ্রলোক। প্রায় চল্লিশ বছর ধরে এই ব্যবসায়।

ছবিটা দেখেই তিনি চিনে ফেললেন।

"এটা ব্লাড রুবি। খুব বিরল হাইব্রিড জাত।"

মামনিদি জিজ্ঞেস করল, "কলকাতায় কি খুব বিক্রি হয়?"

তিনি মাথা নাড়লেন, "না। যারা গোলাপ নিয়ে সত্যিই আগ্রহী, তারাই সাধারণত কেনেন।"

মামনিদি আবার বলল, "গত এক মাসে কারা এই গোলাপ কিনেছেন?"

ভদ্রলোক কম্পিউটার খুলে বিক্রির তালিকা বের করলেন। মাত্র ছয়জন ক্রেতার নাম। তালিকায় চোখ বুলিয়ে আমার বুক ধক করে উঠল। একটি নাম অর্ক চৌধুরী।

ফেরার পথে গাড়ির ভেতর দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত আমি বললাম,"এবার তো সব পরিষ্কার।"

রেনুআপাও আমার কথায় সায় দিল।

কিন্তু মামনিদি মাথা নাড়ল, "খুব স্বাভাবিক সন্দেহ। আর সেই কারণেই সবচেয়ে বিপজ্জনক।"

আমি অবাক হয়ে তাকালাম।

ও বলল, "ভাব তো, তুই যদি খুন করতে যাস, নিজের নামে কেনা জিনিস ঘটনাস্থলে ফেলে আসবি?"

আমি কোনো উত্তর দিতে পারলাম না। সত্যিই! কথাটা তো সত্যিই যুক্তিসঙ্গত।

মামনিদি আবার বলল, "অর্ক অপরাধী হতেই পারে। কিন্তু এই প্রমাণটা এতটাই স্পষ্ট যে, সেটাই আমাকে দিয়ে সন্দেহ করিয়ে নিচ্ছে।"

বিকেলে আমরা আবার চৌধুরী ভিলায় গেলাম। অর্ককে ডাকা হলে তিনি স্পষ্ট বিরক্তি নিয়ে ঘরে ঢুকলেন।

মামনিদি সরাসরি প্রশ্ন করল, "আপনি কি ব্লাড রুবি গোলাপ কিনেছিলেন?"

এক মুহূর্ত থেমে অর্ক বললেন, "হ্যাঁ।"

ঘরে নীরবতা নেমে এল।

ইন্সপেক্টর সৌমেনের চোখে তখন চাপা উত্তেজনা। মনে হচ্ছিল, তিনি যেন ভেবেই নিয়েছেন রহস্যের সমাধান হয়ে গেছে।

মামনিদি আবার বলল, "কেন কিনেছিলেন?"

"উপহার দেওয়ার জন্য।"

"কাকে?"

অর্ক একটু ইতস্তত করে বললেন, "ওটা ব্যক্তিগত ব্যাপার।"

মামনিদির উত্তর খুব শান্ত।

"খুনের তদন্তে ব্যক্তিগত বলে কিছু থাকে না।"

অর্ক অনিচ্ছাসত্ত্বেও বললেন,

"আমার এক বান্ধবীকে দিয়েছিলাম।"

"কবে?"

"প্রায় দশ দিন আগে।"

"প্রমাণ?"

অর্ক ফোন বের করে একটি ছবি দেখালেন। একটি রেস্তোরাঁয় বসে আছেন এক তরুণী। টেবিলের ওপর রাখা সেই একই ব্লাড রুবি গোলাপ।

তারিখও মিলে যাচ্ছে।

মামনিদি ছবিটা কিছুক্ষণ দেখল।তারপর বলল, "আর একটা প্রশ্ন।"

"বলুন।"

"আপনার কী মনে হয়, কেউ আপনাকে ফাঁসাতে চাইতে পারে?"

প্রশ্নটা শুনে অর্কের মুখের অভিব্যক্তি মুহূর্তের জন্য বদলে গেল।

সেদিন সন্ধ্যায় আমরা বাড়ির প্রতিটি ঘর ঘুরে দেখছিলাম। মল্লিকার ঘরে ঢুকতেই মামনিদি থেমে গেল। ঘরটা নিখুঁতভাবে সাজানো। বুকশেলফ, পিয়ানো, দেয়ালের ছবি, ফুলদানি সবকিছুতেই রুচির ছাপ। ঘরে ঢুকতেই একটা মৃদু সুগন্ধ নাকে এল। আমি যদিও তেমন গুরুত্ব দিইনি। কিন্তু মামনিদি দিল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। সেখানে রাখা একটি বিদেশি ব্র্যান্ডের পারফিউমের বোতলের নাম পড়ল। তারপর একবার আমার দিকে তাকাল। আমি কিছুই বুঝলাম না।

কিন্তু রেনুআপার ভ্রু সামান্য কুঁচকে উঠতেই বুঝলাম, ও কিছু একটা ধরেছে।

রাতে আমরা তিনজনে মামনিদির বাড়িতে বসে চা খেতে খেতে কেসের ফাইল ঘাঁটছিলাম।

আমি জিজ্ঞেস করলাম,"কিছু বুঝতে পেরেছ?"

মামনিদি বলল, "হয়তো।"

"গোলাপ নিয়ে?"

"হ্যাঁ।"

আমি আরেকটা প্রশ্ন করার আগেই ও বলল, "বল তো, একজন খুনি যদি কাউকে ফাঁসাতে চায়, তাহলে কী করবে?"

আমি বললাম, "তার বিরুদ্ধে প্রমাণ তৈরি করবে।"

মামনিদি মাথা নাড়ল, "ঠিক তাই। আর এই কেসে এমন অনেক প্রমাণ আছে, যেগুলো যেন ইচ্ছে করেই সাজিয়ে রাখা হয়েছে।"

(ক্রমশ)

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন