শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রোমেনা আফরোজ

 

নারী ও যৌনতা

 


গে ট্যালেসি তাঁর পরস্ত্রী’ নামক নন-ফিকশন গ্রন্থে উইলিয়ামস চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ করেছেন, ‘পরনির্ভরশীল নারীরা হল পোষা প্রাণির মত এবং এই ধরনের নারীরা আবেদনহীন। মূলত যৌন সম্পর্কের ক্ষেত্রে কোন অসমনীতির অস্তিত্ব থাকতে পারে না’। প্রকৃতপক্ষে অসমনীতির জন্যই নারীরা পরাধীন এবং এই পরাধীনতা যৌনতা উপভোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এই বিষয় আলোচনার ক্ষেত্রে প্রথমে নির্ভরশীলতা এবং অসমনীতি বিষয়গুলো তুলে ধরব। এতে গে ট্যালেসির দৃষ্টিভঙ্গি খুব সহজেই স্পষ্ট হবে।

সাধারণত আমরা নির্ভরশীলতা বলতে আর্থিকভাবে অপরের উপর নির্ভর করাকে বুঝে থাকি। একটু গভীরে প্রবেশ করলে স্পষ্ট হবে, অসংখ্য মানুষ আর্থিক স্বচ্ছলতা সত্ত্বেও পরমুখাপেক্ষী, অর্থাৎ তারা মানসিকভাবে স্বাধীন নন। আবার কিছু মানুষ আছেন যারা আর্থিক এবং মানসিক দু’ভাবেই দূর্বল। পোষা প্রাণী যেমন বেঁচে থাকা, নিরাপত্তা এবং খাবারের জন্য সম্পূর্ণভাবে মালিকের উপর নির্ভরশীল, অনুরূপভাবে আর্থিক এবং মানসিকভাবে দূর্বল নারীরাও পুরোপুরি স্বামীর অধীন। গে ট্যালেসি ‘পরস্ত্রী’ গ্রন্থে এই দু’ভাবে আশ্রিত নারীদের কথা উল্লেখ করেছেন।

এখানে অসমনীতি বলতে লিঙ্গ, সামাজিক মর্যাদা বা সাংস্কৃতিক রীতিনীতির কারণে যৌন সম্পর্কের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে যেসব বৈষম্য দেখা যায়, সেসব সমস্যাকে বোঝানো হয়েছে।  যেমন- বাঙালি সমাজে শারিরীক আনন্দ, সম্মতি, অধিকার এবং সামাজিক মূল্যায়নের দিক থেকে নারী এবং পুরুষের অবস্থান ভিন্ন।  এই বৈষম্যের পরিপ্রেক্ষিতে একসময় নারীরা যৌন কর্মে আগ্রহ হারিয়ে ফেলে। এতে নারীদের সাথে সাথে পুরুষরাও যৌনজীবনের চূড়ান্ত সুখ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বলা যায়, পারিবারিক এবং সামাজিক অসমনীতিগুলো যৌনতা উপভোগ এবং দাম্পত্য সম্পর্কের মাধুর্য নষ্ট করে দেয়।

(১)

একদিকে বাঙালি পরিবারে ছোটবেলা থেকে গৃহস্থালি কাজকর্মের মাধ্যমে নারী শিশুর কাছে সংসার জীবনকে মূখ্য করে তোলা হয়, অন্যদিকে সমাজে যেসব নারীর গায়ের রঙ উজ্জ্বল বর্ণের, তাদের অল্প বয়সে সম্পন্ন পরিবারে বিয়ে হয়ে যায়।  এ রকম বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করে অধিকাংশ নারী শিক্ষা-দীক্ষার প্রতি আগ্রহী না হয়ে, প্রেম-ভালোবাসা, বিবাহ এবং সংসারের মতো সহজ বিষয় নিয়ে স্বপ্নে বিভোর হয়। তারা গার্হস্থ্য জীবনকে চূড়ান্ত পরিণতি বলে গণ্য করে, বিবাহ পরবর্তী সংসারে খুঁজে নেয় পরম আশ্রয়। পরবর্তী সময় চার দেয়ালে বন্দি থাকায়, তাদের চিন্তা-ভাবনা ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ হয়ে যায়। তারা স্বাবলম্বী হওয়ার মতো প্রতিযোগিতামূলক কাজকর্মে সচেষ্ট হন না। ফলে বিভিন্ন সমস্যা বা প্রতিযোগিতার সম্মুখীন হলে, তারা পরিস্থিতি মোকাবেলা করতে না পেরে, এড়িয়ে যান। এই বৈষম্যের সামাজিক কাঠামো মূলত দু’টি দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করে। প্রথমত নারীদের সামাজিকীকরণের কারণে তাদের আত্মসত্তা ও অধিকারের সীমাবদ্ধতা, দ্বিতীয়ত প্রথাগত সম্পর্কের ক্ষেত্রে পুরুষতন্ত্রের প্রাধান্য ও ক্ষমতার অসমতা। এই লিঙ্গ অসমতার চিত্র বাঙালি সাংস্কৃতিক কাঠামোতে বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।

আমাদের সংস্কৃতিতে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলেও সমাজ সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে, তার যৌন চাহিদাকে খোলামেলা গুরুত্ব দেয়, অথচ নারীর ক্ষেত্রে স্বামী অক্ষম থাকলেও তার যৌন চাহিদা এবং আনন্দের মতো বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়। অনেক সময় দাম্পত্য জীবনে ক্ষমতার অসমতার কারণে স্ত্রী’র অসম্মতিকে উপেক্ষা করে, বাধ্য করা হয় যৌন সম্পর্কে। এসব বৈষম্যের ফলশ্রুতিতে যৌন সম্পর্কে পুরুষের তুলনায় নারীরা দ্রুত বা দেরিতে চরম সুখ লাভ করেন, যাকে অর্গাজম গ্যাপ বলা হয়।

যৌনক্ষেত্রে প্রথাগত পুরুষতন্ত্র, নারীর পরাধীনতা এবং মানসিক উচ্চতার সমস্যা ছাড়াও পুরুষদের মধ্যে যৌনতা নিয়ে বিভিন্ন ধরনের ট্যাবু আছে। বহু পুরুষ যৌনতাকে গোপন পাপ বা অসামাজিক বিষয় বলে মনে করেন, তারা জন পরিসরে যৌনতা নিয়ে আলাপ-আলোচনা করেন না।  এমনকি স্ত্রী’র সাথেও বিষয়টি নিয়ে তারা নিরব থাকেন। মূলত আলোচনা এবং যৌন জ্ঞানের  অভাবে পুরুষরা অনুধাবন করতে পারছেন না,  নারী এবং পুরুষের মনস্তাত্ত্বিক ও শারীরিক আকাঙ্ক্ষার মধ্যে ভিন্নতা রয়েছে অর্থাৎ নারীর যৌনাকাঙ্খা পুরুষের মত নয়। পুরুষের যৌনাকাঙ্ক্ষা অনেক সময় সরাসরি এবং দ্রুত প্রকাশ পায়, আর নারীর যৌনতার সাথে মানসিক নিরাপত্তা, আবেগের লেনদেন, সহানুভূতি ও পরিবেশের গভীর সম্পর্ক রয়েছে। পুরুষের যৌনতার ক্ষেত্রে আবেগের প্রয়োজন না হলেও নারীর যৌনতা পুরোপুরি আবেগ নির্ভর। তাই পারিবারিক জীবনে পুরুষ যখন নারীর আবেগকে অবমূল্যায়ন করেন, তখন সেই পরিস্থিতি নারীর মনে বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তাভাবনা তৈরি করে, যা একসময় নারীর যৌনজীবনে প্রভাব ফেলে। হেলেন সিঙ্গার কাপলান ১৯৭৪ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত বই ‘The New Sex Therapy’ নামক গবেষণা গ্রন্থে নারী ও পুরুষের যৌন আকাঙ্ক্ষার ক্ষেত্রে আবেগের পার্থক্যের বিষয়টি স্পষ্ট করেছেন।

বাস্তবিক পক্ষে, নারীর আত্মসত্তা পরনির্ভরশীল হওয়ায় যৌনতার মত সমতাভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে তাদের মানসিক সীমাবদ্ধতা এবং অস্তিত্বের সংকট এমন এক অনাকাঙ্খিত দেয়াল তৈরি করে, যা পারস্পরিক আনন্দ উপভোগের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলশ্রুতিতে অনেক নারী যৌন সম্পর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, যৌনতাকেই প্রশ্নবিদ্ধ করেন।

এসব সংকট ছাড়াও বহু পুরুষ পুঁজিবাদী প্রতিযোগিতার সাথে পাল্লা দিতে যেয়ে, যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে যৌনতাহীন দাম্পত্য সম্পর্কের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

যৌনজীবনে সুখী না হলে তার বিরূপ প্রভাব পারিবারিক গণ্ডি ছাড়িয়ে বৃহৎ সমাজেও পড়তে পারে। দ্য ডেইলি স্টার বাংলার সংবাদ অনুযায়ী, গত ৬ মাসে ২৩৮ জন শিশু-কিশোরীসহ মোট ৪০৪ জন ধর্ষণের শিকার হয়েছে (১৫ জুলাই, ২০২৬)। এ থেকে স্পষ্ট হয়, বহুজন যৌন জীবনে তৃপ্ত নয়। প্রকৃতপক্ষে যৌনতা নিয়ে সঠিক জ্ঞানচর্চার অভাব এবং সুস্থ যৌন জীবনের অনুপস্থিতিতে পুরুষরা দিনদিন ধর্ষকামী হয়ে উঠছে এবং বৃদ্ধি পাচ্ছে বিকৃতি।

(২)

সিগমুন্ড ফ্রয়েডের মনস্তাত্ত্বিক কাঠামো বা স্ট্রাকচারাল মডেল অনুযায়ী – মানুষের মনে ইড, ইগো এবং সুপারইগো বিদ্যমান, যেখানে ইড অবচেতন মনের উপাদান। এর কাজ মানুষের মৌলিক চাহিদা যেমন- খিদে, তৃষ্ণা এবং জৈবিক চাহিদাগুলো তাৎক্ষনিকভাবে পূরণ করা এবং সন্তষ্টি খোঁজা। এই অংশ আদিম প্রবৃত্তির সাথে যুক্ত এবং এরা যুক্তির তোয়াক্কা করে না।

সাধারণত যারা নিয়মিত জ্ঞানচর্চা করেন, তাদের মন ও আবেগ (ইড) নিয়ন্ত্রণের ক্ষমতা প্রখর হয়। কিন্তু বর্তমানে পারিবারিক শিক্ষার অবক্ষয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ, সংযম ইত্যাদি বিষয়গুলোকে তেমন গুরুত্ব না দিয়ে, কারিগরি শিক্ষার উপর ক্রমবর্ধমান চাপ বৃদ্ধি করায় মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যা ধর্ষণের মতো অপরাধ বিস্তারে প্রধান ভূমিকা রাখছে।

একটু খেয়াল করলে বোঝা যাবে, যেসব ব্যক্তি আর্থিক ও মানসিক উভয়ভাবে শক্তিশালী কিংবা শুধু মানসিকভাবে স্বাধীনচেতা এবং আত্মসচেতন, তারা যৌনজীবনকে উপভোগ করতে পারেন। বস্তুত জীবন এবং যৌনতার সাথে সচেতনতা গভীরভাবে জড়িয়ে আছে। এখানে সকল দম্পতিকে বুঝতে হবে,  পারস্পরিক সন্তুষ্টি ও আত্মতৃপ্তির জন্য সম নীতি অত্যন্ত জরুরি। মল্লযুদ্ধে যেমন দুজন সমান শক্তিশালী মানুষ মুখোমুখি হয়, যুদ্ধ করে ঠিক তেমনি যৌনতার ক্ষেত্রেও স্বামী-স্ত্রীকে একই মানসিক উচ্চতার অধিকারী হতে হবে।

তাই একটি সুন্দর ও পারস্পরিক সন্তোষজনক যৌন সম্পর্কের জন্য নিজেদের চাওয়া-পাওয়া, পছন্দ-অপছন্দ, মানসিক ও শারীরিক স্বাচ্ছন্দ্য নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে খোলামেলা মত বিনিময় অপরিহার্য। এর পাশাপাশি প্রয়োজন জ্ঞানচর্চা ও সচেতনতা।

যেহেতু বাঙালি নারীদের মধ্যে পারিবারিক, প্রাতিষ্ঠানিক শিক্ষাগত সচেতনতা কম, আবার তাদের মধ্যে যৌনতা নিয়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক সংস্কার বিদ্যমান, তাই এক্ষেত্রে পুরুষকে (স্বামী) সামাজিক ট্যাবু ভেঙে, নারীর (স্ত্রী) মানসিক পরিবর্তনে সাহায্য করতে হবে। সুস্থ যৌন সম্পর্কের অভাবে যে সমাজে পরকীয়া, অবৈধ সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে শারীরিক, মানসিক অসুস্থতাও তৈরি হচ্ছে এই বিষয়গুলো তাদের বোঝাতে হবে।

এছাড়া পারিবারিক শিক্ষা জোরদার করতে হবে যা মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ গঠনের সাথে আবেগ নিয়ন্ত্রণে সহায়ক হবে। পরিবারিক পরিসরে বয়সের সাথে সামঞ্জস্য রেখে ছোট ছেলে-মেয়েদের শরীরের গোপন অংশ (Private parts) সম্পর্কে সচেতন করতে হবে। কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে তা মা-বাবাকে জানানো, অপরিচিত কারো কাছ থেকে খাবার, খেলনা বা কোনো উপহার সামগ্রী না নেয়া এবং পাশাপাশি বিরুদ্ধ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়, সে সম্পর্কে তাদের বিভিন্ন কৌশল শেখাতে হবে। শৈশব থেকে কৈশোরে পদার্পণের সময়ে সঠিক যৌনশিক্ষার অভাবে কেউ যেন নানা ভুল ধারণা ও দ্বিধাদ্বন্দ্বে না পড়ে যায়, তাই মাধ্যমিক পর্যায়ে যৌনশিক্ষাকে আলাদা বিষয় হিসেবে প্রতিষ্ঠা করে, স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ যৌনশিক্ষার উপর জোর দিতে হবে। যদি পৃথক বিষয় হিসেবে যৌনতাকে প্রতিষ্ঠিত করা হয়, তবে সামাজিক মূল্যবোধ, সম্মতির মতো বিষয়গুলো আরও স্পষ্ট হবে। এছাড়া জনপরিসরে প্রজনন, যৌনতা এবং সম্মতি সম্পর্কে বিভিন্ন কর্মশালার আয়োজন করা যেতে পারে। যদি দাম্পত্য জীবনে যৌনতা নিয়মিত এবং উপভোগ্য হয়ে উঠে তবে তা সামাজিক অপরাধ ও অবক্ষয় রোধ করতে অনেকাংশে সাহায্য করবে।

 

তথ্যসুত্র-

১। *Why did America’s wealthiest capitalist reform schools to serve corporate interests*History tools, (June 23,2024)

২। Kaplan, H.S. (1974).*The sex therapy:Active treatment of sexual dysfunctions*

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন