শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ১৫৩

 

একদিন হঠাৎ

একদিন সকালে পাপড়ি, সুমনা, শাহরিন আর রুবিনা বাড়ি থেকে বেরিয়ে গেল। এই চার নারী বাড়ি থেকে  বেরিয়ে গেল কাউকে কিছু না বলে, কোনো বিশেষ কারণ ছাড়াই। শুনে মনে হতে পারে, এরা বুঝি খেয়ালী কৈশোর পার কর্ছে, অথচ বাস্তবে তাদের চুলে পাক ধরেছে, চোখের চারপাশে জমেছে হিসাবহীন রাতের ক্লান্তি।

তাদের ব্যাগে বাজারের তালিকা, মনে মনে স্বামীর ওষুধের সময়, কারও কাজের সাহায্যকারী হয়তো দরজায় বেল দিয়েই যাচ্ছে সেই ভাবনা, কারও সন্তানের নানাবিধ দাবির ভাবনা। তাদের কেমন ভীত আর বিষণ্ন দেখায়। ব্যাগের ভেতর সুমনার ফোন বেজে উঠলে সবার সম্বিত ফেরে। পাপড়ি ভ্রু কুঁচকে বলে, ওটা বাজছে কেন? ঘর থেকে বের হবার সময়েই বন্ধ রাখার কথা ছিল না?

সুমনা তাড়াতাড়ি ফোন বন্ধ করে। মলিন মুখে বলে, ছেলে! কী দরকার হলো কে জানে…

পাপড়ি কড়া গলায় বলে, আজ আমরা কারও বউ নই, মা নই। আজ শুধু আমরা আমাদের কথা বলবো। আজ কোন জরুরি ফোন নেই।

রুবিনা বলে, কোথায় যাবো কিছুই তো ঠিক করে বের হলাম না! কোথায় যাওয়া যায়?

শাহরিন বলে, এটাই তো মজার। যখন যেখানে যেতে ইচ্ছে করবে চলে যাব। এখন চলো কোনো একটা  টংয়ে ঢুকি। চা নাস্তা খেয়ে নিই।

রাস্তার পাশে অনেক পরোটার দোকান, তারা একটিতে ঢোকে, দোকানের লোকজন তাদেরকে চোখ বড় করে দেখে। খেতে খেতে তাদের মন ভালো হতে থাকে। তারা অনেক হাসাহাসি করে, বিষম খায়। তাতে হাসি আরও বাড়ে। বলে, বাড়িতে তাদেরকে নিশ্চয় অনেক বকাবকি করছে তাই বিষম খেলো!

সারাদিন ঘোরাঘুরির পর তারা নদীর কাছে গেল। সন্ধ্যা হয়ে গেছে। তারা এমনভাবে হৈচৈ করছে মনে হচ্ছে  এবার তারা সত্যিই কিশোরী হয়ে গেছে। রাত হচ্ছে, বেশ কিছু মানুষ তাদেরকে লক্ষ করছে। ফিরতে ইচ্ছে করে না, কিন্তু তারা জানে বয়স হয়ে গেলেও নারীর সীমাবদ্ধতার শেষ নেই। তারা ফিরতি বাস ধরে। বাসে   বসে বাড়ির পরিস্থিতি কল্পনা করতে থাকে। সুমনা বলে, ভয় লাগছে রে ভাই!

শাহরিন আর রুবিনাও বলে, হ্যাঁ আজ কপালে দুঃখ আছে। পাপড়ি চুপচাপ বসেছিল। সবাই জানে পাপড়ির অসুখী জীবনের কথা, কিন্তু পাপড়ি বলে ওঠে, ভালো লেগেছে কিনা বলো?

সবাই স্বীকার করে, তাদের নিখুঁত সংসারের হিসেব নিকেশের বাইরে এই যে এলোমেলো সময় কাটলো, নিজের দিকে ফিরে তাকানো হলো, তা সত্যিই তাদের ভালো লেগেছে।

পাপড়ি বললো, তাহলে কাল আবার বোরোব বলো?

সবাই একটু থমকে গেল। তারপর বললো, কী জানি, কাল কি আবার বেরোতে পারব?

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন