শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সুকান্ত পাল

 

কালিমাটির ঝুরোগল্প ১৫৩

 

কন্টেন্ট ক্রিয়েটার


বদ্রীনাথ পাখিরা। সবে কালেক্টারি অফিস থেকে অবসর নিয়েছেন। লোকে বলে একসময় মাস মাইনেটা নাকি পুরোই ব্যাঙ্ক ব্যালেন্সে ঢুকে যেত। চাকরিতে থাকাকালীন ডান, বাঁ দুহাতেই এক অদৃশ্য আয়ের উপর তার সংসার চলত।
লোকে আড়ালে সবাই তাকে বদ্রী পাখি বলে ডাকত।‌ নিজের এই নামটা যে তিনি জানতেন না তা কিন্তু নয়। অফিসে কোনো মহিলা কোনো কাজের জন্য এলে তিনি নাকি ঝাঁপিয়ে পড়ে তার সমস্যার সমাধানে এগিয়ে যেতেন। ফলত তার আরো একটা পরিচয় বাজারে ছড়িয়ে পড়েছিল। থাক। সেকথা না বললেও চলবে।
অবসরের পর শুধুই পেনশন। আয়ের আর কোনো উৎসের সন্ধান না পেয়ে আজকাল খুবই মন মরা হয়ে থাকেন আর চব্বিশ ঘণ্টা মাথার মধ্যে শুধু ঘুরপাক খায় আর কোন উপায়ে বাড়তি কিছু উপার্জনের রাস্তা খুঁজে পাওয়া যায়।
ঘুম এমনিতেই গেছে। বাড়িতে গিন্নি থেকে শুরু করে ছেলে এবং বৌমা তাকে যেন বিনা পয়সায় এক নতুন কাজের লোক পেয়েছে।
কিন্তু যে বদ্রী পাখি নামে পরিচিত সে ঠিক জানে কীভাবে ফুড়ুৎ করে পালাতে হয়। ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়েন রাস্তায় হাঁটতে।
বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছেন একটি সুন্দরী মেয়ে হাতে লম্বা একটা স্টীলের স্ট্যান্ডের উপর তার দামী মোবাইলটাকে সেট করে, দুই কানে এয়ারফোন গুঁজে বিভিন্ন প্রকৃতির ছবি তোলে। প্রথম যেদিন মেয়েটিকে দেখেছেন সেদিন থেকেই প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনোরকমে মেয়েটির সঙ্গে কথা বলতে। কিন্তু সে সুযোগ আর হয়ে ওঠেনি।
আজকেই সুযোগটা যে এভাবে এসে পড়বে তা তিনি স্বপ্নেও ভাবেননি। ক্লান্ত হয়ে পার্কের একটা সিমেন্ট বাঁধানো বেঞ্চে বাসার কিছুক্ষণের মধ্যেই মেয়েটিও এসে বসল সেই বেঞ্চে। মেয়েটি তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হাই আঙ্কেল, গুড মর্নিং।
বদ্রীবাবু একটু নার্ভাস হয়ে কোনোরকমে বলল, গু- গুড মর্নিং।
বদ্রীবাবু সময় এবং সুযোগকে যে অপচয় করতে নেই এই গভীর সত্য বা তত্ত্বটি কিন্তু জানতেন। তাই নিজেকে একটু সামলে নিয়ে বললেন,
--
একটা কথা বলব?
--
বলুন।
---
ছবি তোলা কী হবি? না মানে...
--
ছবি তুলি ঠিকই, কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার।  
--
মানে?
--
আরে আঙ্কে্‌ল, মোবাইলে রীলস্ দ্যাখেন না?
--
হ্যাঁ দেখি।
---
কোন বিষয় আপনার ভালো লাগে?
--
কত রকমের তার কী হিসেব আছে। আচ্ছা একটা কথা বলো তো?
--
কী?
---
এই করে টাকা পয়সা নাকি পাওয়া যায়!
--
যায় তো।
-- ‌
যদি কিছু মনে না করো, মাসে কেমন আয় হয়?
--
কনটেন্টের উপর নির্ভর করে। আগে প্রকৃতির ছবি নিয়ে করতাম, কিন্তু টাকা পয়সা মোটেই উঠত না। তারপর আমি টের্গেট অডিয়েন্স এবং কন্টেন্ট পাল্টে ফেললাম। এখন তো লক্ষ লক্ষ ভিউয়ার্স আর অফুরন্ত টাকা।
--
বলো কী? তোমার এখন টার্গেট অডিয়েন্স কারা?
---
আপনারা, বয়স্ক পুরুষরা।
---
কন্টেন্ট তাহলে কী?
--
আমার শরীর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন