![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৫৩ |
মাকড়সার জাল আর ময়নার ডাক
এভাবেই শুরু হয়েছিল যাত্রা। জলের ক্ষুধার ভেতর আকাশভাঙা শব্দ। পায়ের কাছে ধ্যানে বসে প্রলাপ। মাপজোখ ছাড়া এতো নিখুঁত ভাবে লাইফ লিড করা যায়?
বিষণ্ণ সুর। বুড়ো মানুষের উপভাষা উচ্চারণের মতো করে, মানুষ কি সুন্দর মিথ্যা বলে।
এটাও একটা আর্ট, শিল্প। মৃত্যুর সময় আলাদা হয়ে যায় চুম্বন ও হাসির রাজ্য। নীল সম্পর্ক উড়িয়ে দিতে দিতে মাথা নেড়েছিলাম। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি। জয়েস, টেনিসন, ঈদিপাস। অন্ধ করে দাও। হেলেনের ভালোবাসা।
কফিশপে প্রথম দেখা। প্রথম এলোমেলো। সামনে খাঁচায় ঝুলানো ময়না। ময়না শিস দেয়। ডাকে।
তোমার নামটা অদ্ভুত, পরশি।
সেই অদ্ভুত নামটাই এখন সকাল, অপরাহ্নে, গভীর রাতে বাঁচিয়ে রাখে।
পরশির আচরণ অদ্ভুত। তার শরীরের গন্ধ কেমন করে বুঝতে পারে ময়না। ময়না পরশিকে দেখলেই ডেকে ওঠে, ভোর পাঁচটা।
পরশি তখন লাজুক হয়। সব কিছু ম্লান হয় তার কাছে। ভোর পাঁচটা।
পরশির কিছু ভালো লাগে না। বলি একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে। ইদানীং গ্রিক ট্রাজেডি সমগ্র নিয়ে ঘোরে। কাগজে কিছু লেখা আছে দেখায়। স্ট্রিং থিওরির জন্য অশোক সেন বিরাট এক পুরস্কার জিতেছে।
থিংকিং, ফার্স্ট এন্ড স্লো। দ্য পাওয়ার অফ ইউর সাব-কনশাস। দ্য ইন্টারপ্রেটেনশন অফ ড্রিম। ইগো অ্যান্ড সুপার ইগো। ড্যানিয়েল কালম্যান,জোসেফ মারফি,ফ্রয়েড। কি ভারি ভারি শব্দ।
পরশির হাত ধরি। বলি এসব বাদ দাও। চলো পূর্ণিমার চাঁদ দেখে আসি। না হলে নদীর কাছে।
চাঁদ, আকাশ, মাটি, নদী, ফুল তাকে টানে না। পরশি সেই কফি শপে যেতে চায়। বাধ্য মানুষের মতো আমিও তাতে সায় দেই। আচ্ছা আমাকে কি কুকুরের মতো দেখতে লাগছে?
পরশি হাসে। কিন্তু এ হাসির অন্য মানে। কফি শপের সামনে খাঁচাটা বাতাসে দোল খাচ্ছে। ময়না ডেকে চলেছে। পরশির শরীরের ঘ্রাণ বড্ড তার চেনা। এতোদিনে আমিও চিনতে পারিনি তা। খাঁচার সামনে মাকড়সার জাল আর ময়না ডাকছে ভোর পাঁচটা।
ভোর পাঁচটা মানে কি? পরশি বলেছে, একদিন ব্যাখ্যা করবে?
কিন্তু কবে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন