![]() |
| কবিতার কালিমাটি ১৬৩ |
বরফের ভাষা
(১)
পাখি অঙ্ক জানে না
যার পাশে বসে সে ওর নয়
ডাল যেমন জানে না কুঠার
(২)
ছায়া রাস্তা চেনে আমায় নয়
রোদ হারিয়ে যায়
জানালার ঘা ঘেঁষে উড়ে যায় মেঘ
(৩)
বড্ড বৃষ্টি আসে আজকাল
আয়নায় তোমার জ্বর
কাশতে কাশতে ভিজে যাচ্ছে সিঁদুর
(৪)
মৃতের কথা হচ্ছে
নক্ষত্র হাসছে এক আকাশ জুড়ে
চিতা থেকে ফিরছে শীতল মানুষ
(৫)
বই পড়তে পারছি না
কষ্ট উপচে পড়লে
ঝাপসা অক্ষর
(৬)
ব্যঙ্গ করছে এক টেবিল খাবার
জিভ বেরিয়ে গর্তে
চোখ এখনো লালন করছে রূপকথা
(৭)
চেয়ার থেকে কাঠ তারপর গাছ
এমনটা হয় না জানে সকলেই
মৌনতা জরুরি জেনেও আর্তনাদ
(৮)
দাঁত বসে আছে মলাটে
ছেঁড়া মুখ, কপালের রেখা
এমন গেরুয়া ভোর বৈরাগ্য ডাকে
(৯)
বৃত্তবন্দী আমি ভাবের সীতা
শাদা পৃষ্ঠায় আমার আমার রক্ত
রাম ঠোঁটে তুমি শোনো মরা মরা
(১০)
বরফের ভাষা
জপসিদ্ধ কান
গরম হয়ে উঠেছে ক্রমশঃ
বাঁশের খাঁচায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন